নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: বিউটির জন্য কবিতা

১৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০২



এক.

বিউটি,
লাল আজ আর একটুও ভালবাসি না; তোমাকে ঘাসের উপর রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেখার পর থেকে—লালকে যার পর নেই ঘৃণা করি। লাল আজ ভীষণরকম কুৎসিত, ভীতিকর। এছাড়াও, অনবরত বাজে গন্ধ বেরোয়; সুগন্ধি রুমাল টিস্যু পেপারে নাক চেপেও যায় না! আজ আমি সর্বত্র পুরু কালো রোদচশমা পরে ঘুরি; এসেন্সে ডোবা রুমাল, একগাদা টিস্যু রাখি পকেটে; শুধুমাত্র লাল থেকে বাঁচতে। কিন্তু পারি না—ওগুলোকে ভেদ করেও বিস্তর গন্ধ আসে! লালকে আজ আমার বড়ো ভয়; ঘৃণাও সমধিক। শীঘ্রই সব লাল কালো করে দিবো। সে জন্য রঙ সংগ্রহে নেমেছি।

বিউটি,
একদিন ঠিক দেখবে, লাল কোনও রঙ নেই পৃথিবীতে। সব লাল কালো হয়ে গেছে।


দুই.

বিউটি যখন শেষ নিঃশ্বাসটি নিয়েছিলো, ঠিক তার পরপরই পৃথিবীর সব লাল ফুল ঝরে গিয়েছিলো। লাল বেনারসি পরা স্মিতমুখ নববধূরা দেখলো, হঠাৎ যাদু মন্ত্র বলে শাড়ীগুলো নীল হয়ে গেছে। কনে দেখা লাল বাতিগুলো দপ ক’রে নিভে গেলো একসাথে। সেই থেকে মানুষের রক্তও লাল নয়—গাঢ়তম কালো। লাল কোনও রঙই নেই পৃথিবীতে। সব লাল আজ কালো, নয়তো নীল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: বিউটি কে ? পরপারে ভালো থাকুন তিনি ।

১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০২

অর্ক বলেছেন: বিউটির আর পরকাল! ধন্যবাদ। এইকাল ভালো থাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.