নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক বোকা

আমি এক বোকা › বিস্তারিত পোস্টঃ

সাধারণ ডায়েরী বা জিডি কিভাবে করবেন

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪১

আমাদের প্রায়ই নানা কারণে জিডি করার প্রয়োজন পড়ে। অনেকেই জানেন কিভাবে জিডি করতে হয়। যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট।



জিডি কি?

থানায় রক্ষিত একটি সরকারি রেজিস্টার, যা পূর্ণ হয়ে যাবার পরও থানায় দীর্ঘদিন যাবৎ রক্ষনাবেক্ষন করা হয়। জিডি করার ০৫ (পাচ) বছর পরও যদি কোন কারনে দরকার পড়ে তাহলে উক্ত জিডির নাম্বার ও তারিখ সহ থানায় গেলে সেই লিপিবদ্ধকৃত জিডিটি পাওয়া যাবে।



জিডি কেন করা হয়?

জিডি করার মানে হচ্ছে সরকারকে বা সরকারের দায়িত্বপ্রাপ্ত অফিসকে কোন বিষয় জানিয়ে রাখা।



কি কি বিষয়ে জিডি করা যায়?

যেসব বিষয়ে সরাসরি মামলা করা যায় অর্থাৎ চুরি, ডাকাতি, খুন, গুরুতর জখম, ধর্ষণ, শ্লীলতাহানী, যৌতুক ইত্যাদি বিষয় ছাড়া অন্যান্য বিষয়াদী যেমন- কিছু হারিয়ে যাওয়া, কোন প্রকার হুমকির ঘটনা, মারামারির ঘটনা যেখানে সাধারণ জখম হয় ইত্যাদি ক্ষেত্রে জিডি করা যায়। হুমকি এবং মারামারির ঘটনায় পুলিশ তদন্ত করবে, হারানোর ক্ষেত্রে হারিয়ে যাওয়া বিষয়ের উপর নির্ভর করে তদন্ত হবে কি হবে না।





জিডি আবেদন কিভাবে করতে হয়?

জিডি আবেদন কিভাবে করতে হয় তা আমরা অনেকেই জানি না, ফলে থানায় গিয়ে রাইটারদের দিয়ে লেখাতে হয় বিনিময়ে তারা ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবী করে বসে। অথচ সামান্য কষ্ট করলেই আমরা এই টাকাটা সহজেই বাচাতে পারি। যে থানা এলাকায় ঘটনা ঘটেছে সেই থানার ও,সি বরাবর আবেদন করতে হবে। আবেদনে স্থান, তারিখ, সময়, এবং কোন কিছু হারিয়ে গেলে তার বিশদ বর্ণনা দিতে হবে। আবেদনের দুই কপি দিতে হবে। নিচে একটি জাতীয় পরিচয় পত্র হারানোর আবেদন কিভাবে করতে হবে তার বর্ণনা দিলাম-



বরাবর

অফিসার ইনচার্জ

যাত্রাবাড়ী থানা, ডিএমপি, ঢাকা।

বিষয়- সাধারণ ডায়রী করার জন্য আবেদন।



জনাব,

নিবেদন এই যে, আমি নিম্ন সাক্ষরকারী গত ০৫/০৬/২০১৪ ইং তারিখ আমার বাসা থেকে সায়দাবাদ যাওয়ার পথে আমার সাথে থাকা জাতীয় পরিচয় পত্র খানা কোথাও হারিয়ে ফেলি, সম্ভাব্য সকল স্থানে অনেক খোজাখুজি করেও তা আর পাই নাই। ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়রীভুক্ত করিতে আমি একান্তভাবে ইচ্ছুক। জাতীয় পরিচয় পত্রে আমার নাম- xxxx, পিতার নাম-xxx, মাতার নাম-xxx, জন্ম তারিখ- xx/xx/xxxx, ঠিকানা- xxx, পরিচয় পত্র নাম্বার-xxxxxx ।

অতএব উপর্যুক্ত বিষয়টি সাধারণ ডায়রীভুক্ত করার ব্যাবস্থা গ্রহণে সদয় মর্জি হয়।

বিনীত

(আপনার সাক্ষর,

নাম ঠিকানা ও মোবাইল নং)





কোথায়, কখন এবং কিভাবে করবেন ?

যে স্থানে ঘটনা ঘটেছে সেটা যে থানার অন্তর্গত সেই থানাতেই করতে হবে। প্রতিটি থানায় একজন বা দুজন করে ডিউটি অফিসার দিন রাত ২৪ ঘন্টার জন্য নিয়োজিত থাকেন, থানায় গিয়ে প্রথমে ডিউটি অফিসারের রুম খুজে সেখানে তাকে আবেদনের দুটি কপি দিতে হবে, এক কপি তিনি রেখে দিবেন, অপরটাতে জিডির নাম্বার, তারিখ সহ দস্তখত করবেন এবং থানা ডিউটি অফিসারের সীল মেরে আপনাকে ফেরৎ দিবেন। ব্যাস্‌ আপনার জিডি হয়ে গেল। দিনের ২৪ ঘন্টার মধ্যে যেকোন সময় আপনি জিডি করতে পারবেন। তবে অফিস টাইমের প্রথম দিকে এবং সন্ধ্যার দিকে থানা ব্যাস্ত থাকে তখন গেলে একটু লাইন ধরা লাগতে পারে।



বিঃদ্রঃ- জিডি করতে কোন প্রকার টাকা লাগে না। অবশ্যই আবেদনের দুই কপি নিতে হবে, মূল কপি থানা রেখে দেবে ফটোকপিতে জিডি নং, তাং, সাক্ষর ও সীল মেরে আপনাকে ফেরৎ দিবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.