নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বর্ণমালায় লুকিয়ে আছে ঠোঁটের বুলি=

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩০


গোটা গোটা অক্ষরে লিখা বর্ণমালার বই
সে বইজুড়ে লেপ্টে আমার মুখের বুলি
আহা কি মিহি সুর অ আ ই ঈ
শুনতে সদা উতলা রই
আমার মাতৃভাষা চোখে আঁকা স্বপ্নের রঙতুলি।

বর্ণমালায় গাঁথা আছে কবিতার ছন্দ
আছে জীবনের দুঃখ সুখের পঙ্ক্তিমালা,
অক্ষরে অক্ষরে আছে বেলী বকুলের গন্ধ,
বর্ণমালা যেন বৃষ্টির শব্দে দোলে ওঠা টিনের চালা।

বর্ণমালার বইয়ে উড়ে বকের ঝাঁক
তার বুকে বাজে শালিকের গান
বর্ণমালায় কান পেতে শুনি মা মা ডাক
আমার ভাষার ক্ষেতে জন্মেছে কথার বাগান।

বর্ণমালায় লেপ্টে আছে নদী খাল বিল
কবিতার কবি ফররুখ, কবি নজরুল
আছে আরো নদীর ঢেউয়ে আলোর ঝিলমিল,
নকশিকাঁথার মাঠে জসীমউদ্দিন, তার কবিতায় বর্ণের ফুল।

বর্ণমালায় মুখের ভাষা, আছে যেন গান জারি সারি
বর্ণমালার ক্যানভাসে আঁকা মাতৃভূমি রূপ
বর্ণমালার গায়ে পরা লাল সবুজ শাড়ি
জোনাকের আলো ছোঁয়া রাতে আমার বর্ণমালার ঝোপ।

বর্ণমালায় লুকিয়ে আছে চৈত্রের রোদ, বর্ষার বৃষ্টি
আছে অঘ্রাণের ধানের মৌ মৌ ঘ্রাণ
ভাদ্রের তাল, শরতের মেঘ, বর্ণমালার আকাশে রাখি সুশীতল দৃষ্টি,
বর্ণমালার বাড়ী ছুটে যেতে আহা মন করে আনচান।

বর্ণমালায় আছে কবিতার ঘর, গল্পের ঠিকানা
আছে ঠোঁটে ঝুলে- শব্দের বুলেট, গদ্য, ছড়া
ভাষা আন্দোলন, শহীদের রক্তে ভেজা ঘাস, ডোবার কচুরিপানা
মিছিলের স্লোগান আছে, আছে হৃদয়ের আবেগ মেশানো চিঠি,
সে চিঠি বিলাতে সম্মুখে এসে দাঁড়ায় রোজ-বর্ণমালা হরকরা।
=============================
©কাজী ফাতেমা ছবি
০৪/০২/২০২৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.