| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর থেকে ঘরের ওয়াই ফাই সংযোগ বিচ্ছিন্ন ছিল। অন্যান্য সময় একবার বিচ্ছিন্ন হলে দুই এক ঘণ্টার মধ্যেই আপনা আপনি ঠিক হয়ে যায়। কিন্তু সেদিন দুপুর গেল, বিকেল গেল, রাত গেল, ভেবেছিলাম যে অন্ততঃ সকাল থেকে পুনরায় কানেক্টেড হবো। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি, সংযোগ তখনও বিচ্ছিন্ন। এসব ব্যাপারে সংযোগ ‘আপনা আপনি’ ফিরে আসবে, এ আশা নিয়েই সাধারণতঃ অপেক্ষা করি। ফিরে আসেও প্রায় সময়েই। কিন্তু এবারে অন্যথা। ইন্টারনেট প্রোভাইডারকে ফোন করতে ইচ্ছে হয় না, কারণ সমস্যাটি নিয়ে অনেকক্ষণ ধরে তাদের সাথে এনগেজড থাকতে হয়। তবুও অনন্যোপায় হয়ে কিছুটা বিরক্তি নিয়েই তাদেরকে ফোন দিলাম। যে ভদ্রলোক আমার কমপ্লেইন রিসীভ করলেন, কণ্ঠ শুনে তাকে তরুণই মনে হলো। তিনি অনেক বিনয়ী ছিলেন এবং তার কথাবার্তা স্পষ্ট ও মার্জিত ছিল। তিনি ৩০ মিনিট সময় চেয়ে নিলেন আমাকে একটা ফীডব্যাক দেয়ার জন্য। ঠিকই ৩০ মিনিটের মাথায় তিনি আমাকে ফোন দিলেন এবং জানতে চাইলেন সংযোগ ফিরে পেয়েছি কিনা। উত্তর নেতিবাচক হওয়াতে তার সাথে আরও কিছু কথা বলতে বলতেই আমার ফোনে ক্রমাগতভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে থাকলো। আমি তাকে ধন্যবাদ দিয়ে জানালাম যে সংযোগ ফিরে পেয়েছি।
সংযোগ তো ফিরে পেলাম, কিন্তু শুরুতেই যে নোটিফিকেশনটা দেখলাম, তাতে দেখাচ্ছিল যে আমার বন্ধু ডা. আনিসুর রহমান (এনডক্রিনোলজিস্ট) আমাকে ১৫ মিনিটে তিনবার হোয়াটসঅ্যাপে কল করেছে। মনে একটা কু ডাক শুনতে পেয়ে সাথে সাথে তাকে কল করলাম, কিন্তু ‘নো আনসার’। অন্যান্য নোটিফিকেশন স্ক্রল করতে করতে আরেক আনিসুর রহমানের (অনুজ) একটা মেসেজের আংশিক পড়ে হাত কাঁপা শুরু হলো। সে জানিয়েছে ‘ডা. খায়রুল ভাই আর নেই’। আর এগোতে পারলাম না। আমার আরও কয়েকজন ব্যাচমেটকে ফোন করলাম, কিন্তু কেউই ধরলো না। প্রয়াত ডা. খায়রুল আমাকে দেখলে কাছে এসে হাত মিলিয়ে অনেকটা আদরের আবদারে বলতো, “আমার মিতা ভাই, আমার বড়ভাই”। মিতা ভাই কারণ আমার আর ওর নামের প্রথমাংশ একই, আবার ‘বড়ভাই’ কারণ আমি একই কলেজে ওর অগ্রজ ছিলাম শুধু তাই নয়, আমি আবার ছিলাম তার আপন বড়ভাই হামিদুল ইসলাম এর ব্যাচমেটও। হামিদকে আর ফোন দিলাম না, কারণ ওকে কী বলে সান্ত্বনা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আর তাছাড়া জানি যে সম্প্রতি ওর শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। তবে ছোট্ট করে ওকে একটা কনডোলেন্স মেসেজ পাঠালাম। মুখ যখন মূক হয়ে যায়, কলম/কী-বোর্ড তখন অনুভূতি প্রকাশের বাহন হিসেবে এগিয়ে আসে।
মাত্র আধ ঘণ্টার মধ্যেই হামিদের উত্তর পেলাম। মাত্র দু’টি সংক্ষিপ্ত বাক্য। প্রথম বাক্যে মৃত ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা, দ্বিতীয় বাক্যে জানাযার স্থান ও সময়। ওটুকু পড়েই আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। ওর মেসেজ পড়ার পর আমি যথাযথ প্রস্তুতি নিয়ে জুম্মার নামাযে চলে গেলাম। নামাযের শুরুতে, মধ্যে ও শেষে আল্লাহ’র নিকট একাগ্রচিত্তে আমার এই ‘ছোটভাই’টির জন্য দোয়ার দরখাস্ত পেশ করলাম। সেদিন অনেক চেষ্টা করেও আর হামিদের সাথে কথা বলার সাহস জোগাড় করতে পারলাম না। পরের দিন দুপুরে ওকে ফোন দিয়ে ওর সাথে কথা বললাম। ও আজন্ম চাপা স্বভাবের মানুষ, তাই আলাপ যথাসম্ভব সংক্ষিপ্ত রাখলাম। শুধু ওকে জানালাম, আমি জানাযায় আসছি। ওর সাথে কথা বলে মনে হলো, সে হাল্কা হতে চায়। সে শুধু বললো, “আয়, কথা হবে”।
যথাসময়ে গুলশান আযাদ মাসজিদে গিয়ে প্রথমে আসরের ও পরে জানাযার নামাযে সামিল হ’লাম। খায়রুলের একমাত্র ছেল অর্ক সিডনী থেকে উড়ে এসে তার প্রয়াত পিতার আনুষ্ঠানিক শেষ বিদায়ে অংশ নিয়ে, প্রথানুযায়ী জানাযার শুরুতে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখলো। যে কোন জানাযার নামাযের শুরুতে যখন প্রয়াত পিতার জন্য তার কোন পুত্রকে ক্ষমা প্রার্থনা করতে শুনি, আমি তখন অভিভূত হয়ে পড়ি। আমার চোখের সামনে আমার ছেলেদের মুখ ভাসতে থাকে। সেদিনও তাই হলো। জানাযার নামাযের পর সমবেত শুভার্থীদের মধ্যে এমসিসি’র বেশ কয়েকজন পরিচিত অগ্রজ/অনুজ/সতীর্থকে দেখতে পেলাম। সিনিয়রদের মধ্যে বদরুল ভাই, রশীদুল হাই ভাই, ইকবাল ভাই ও কামাল শাহ ভাই এর সাথে দেখা ও সংক্ষিপ্ত আলাপচারিতা হলো। এ ধরণের অনুষ্ঠানে এনাদেরকে প্রায় সব সময়েই দেখতে পাওয়া যায়, এ জন্যেই নামোল্লেখ করলাম। হামিদ ছাড়াও আমাদের ব্যাচের পাঁচজন জানাযায় উপস্থিত ছিলাম। জানাযার নামায শেষে হামিদের গাড়িতে আসীন হয়ে আমরা মোট চারজন বন্ধু একসাথে রায়েরবাজার ক্ববরস্থানের উদ্দেশ্যে রওনা হ’লাম। বাকি দু’জন জানাযার নামায পড়ে ফিরে যায়।
পথিমধ্যে ইচ্ছে করেই আমি খায়রুলের প্রসঙ্গ এড়িয়ে আমাদের ছোটবেলার নানা স্মৃতি নিয়ে আলাপ করছিলাম, যেন হামিদের মন কিছুটা হাল্কা হয়। তবে যতই এড়াতে চেষ্টা করিনা কেন, আমাদের আলাপচারিতায় মাঝে মাঝেই অবধারিতভাবে খায়রুলের প্রসঙ্গও চলে আসছিল। উল্লেখ্য যে হামিদ ছিল ক্যাডেট কলেজে আমার প্রথম রুমমেট, দশজনের একজন। দু’সারির শেষ প্রান্তে জানালার পাশে আমাদের বিছানা দুটো মুখোমুখি ছিল। এক সারির শেষে আমি, অপরটির শেষে হামিদ। ০৭-০৭-১৯৬৭ সালের (বাংলা আষাঢ় মাসের শেষাংশ) সেই রাতটি ছিল মুষল বর্ষণের একটি রাত। ঝুম বৃষ্টির মাঝে জানালার পাশে শেয়াল ডাকা সেই রাতটি সদ্য পরিবার ছেড়ে আসা ৫৬ জন বালকের প্রায় সবারই নির্ঘুম কেটেছিল।
খায়রুলরা চার বোন তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে খায়রুল কনিষ্ঠ, হামিদ মেঝ আর শফিকুল ইসলাম নামে ওদের বড় আরেক ভাই আছে। তিন ভাইয়ের মধ্যে বড় দু’জনকে রেখে খায়রুল সবার আগে চলে গেল! ওদের বাবা জুট মার্কেটিং কর্পোরেশনে (স্বাধীন বাংলাদেশের বিজেএমসি) চাকুরি করতেন। ওদের বাসা ছিল নারায়নগঞ্জের গোদনাইলে, শীতলক্ষ্যার তীর ঘেঁষে। ১৯৫৯ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ওরা সেই বাসাটায় ছিল। ১৯৭৮ সালে ওদের বাবার মৃত্যুর পর ১৯৭৯ সালে ওরা গোদনাইল ছেড়ে নারায়নগঞ্জে চলে আসে। অবশ্য হামিদ তার কয়েক বছর আগেই সোভিয়েট ইউনিয়নের সরকারী বৃত্তি নিয়ে রাশিয়া চলে গিয়েছিল। সেখানে অধ্যয়নকালে আস্ত্রাখান থেকে ও আমাকে বেশ কয়েকটা চিঠি লিখেছিল। ওর সাথে একই বৃত্তি নিয়ে পড়তে যাওয়া আমার আরও কয়েকজন বন্ধু আমাকে চিঠি লিখে ওদের প্রবাস জীবন সম্বন্ধে জানাতো। হামিদ দেশে থাকার সময় ওদের সেই গোদনাইলের বাসায় আমি বেশ কয়েকবার গিয়েছি, দুই এক বার রাত্রিযাপনও করেছি। বাসার লোকেশনটা প্রথমবারেই আমাকে মুগ্ধ করেছিল। শীতলক্ষ্যার বুকে মৃদু লয়ে চলা পাটবোঝাই বড় বড় নৌকোগুলো দেখার আকর্ষণ আমাকে আরও কয়েকবার ওদের গোদনাইলে টেনে নিয়ে গিয়েছিল। অন্যান্য মালামালবাহী ও যাত্রীবাহী নৌকোও চলতো। তখন সবই ছিল বৈঠা বাওয়া অথবা পাল তোলা নৌকা; কোন ইঞ্জিন চালিত নৌকা ছিল না। সুন্দর প্রাকৃ্তিক দৃশ্যের পাশাপাশি উপরি পাওনা ছিল মাঝিদের কণ্ঠে খোলা গলায় গাওয়া ভাটিয়ালি ও অন্যান্য নানারকমের গান। সারারাতব্যাপী নৌকা চলাচল অব্যাহত থাকতো।
ওদের বাসায় পড়াশুনা ও সাংস্কৃতিক চর্চার জন্য সবসময় একটা অনুকূল পরিবেশ বিরাজ করতো। কারণ সে সময়ে ওদের সব ভাই বোনেরা স্কুল ও কলেজে পড়তো। খালাম্মা (ওদের মা) অত্যন্ত বিদ্যানুরাগী এবং সংস্কৃতিমনা ছিলেন। সেজন্য ওরা সবাই লেখাপড়ায় যেমন ভালো ছিল, তেমনি সংস্কৃতির অন্যান্য শাখায়ও ওদের বিচরণ ছিল। ওরা সবাই গান গাইতে পারতো, বোনেরা নাচতেও পারতো। সেই চর্চা পরবর্তী প্রজন্মেও সঞ্চারিত হয়েছে বলে জানি। খালাম্মা স্বয়ং ওর বড় বোনের সাথে একসাথে পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করেছিলেন এবং আমার যতদূর মনে পড়ে, সে সময় এটা পত্রিকার খবরেও প্রকাশিত হয়েছিল। হামিদের স্মরণশক্তি খুবই প্রখর। ও গল্পচ্ছলে আমাকে বলেছে যে ওদের এলাকায় অন্যান্য গ্রামীন অঞ্চলের মত বিভিন্ন উৎসবে পার্বনে মেলা বসতো। সেসব মেলায় মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ বিক্রয় হতো। খুব ছোটবেলায় একবার ওর বাবা ওকে মেলা থেকে একটা মাটির গরু কিনে দিয়েছিলেন। বিক্রেতা সেই খেলনা গরুটি একটি পত্রিকার কাগজ ছিঁড়ে মুড়ে দিয়েছিল। সেটা নিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির সাথে ধাক্কা লেগে গরুটি তার হাত থেকে পড়ে যায়, কিন্তু কাগজটি হাতে ধরা থাকে। তখন সে কাগজটি খুলে দেখেছিল সেটা ১৯৫৯ সালের পত্রিকার কাটা অংশ ছিল। এটা তার এখনও স্পষ্ট মনে আছে বলে সে আমাকে জানিয়েছে। ১৯৫৯ সালে তার বয়স চার কি পাঁচ হবার কথা।
আগামী ৩১ অগাস্ট ২০২৬ তারিখে WaterAid UK এর Regional Director for South Asia ডা. খায়রুল ইসলাম এর অবসরে যাবার কথা ছিল। তার মাত্র দশ দিন আগেই সে এ ধরাধাম থেকে চিরতরে অবসর নিয়ে লোকান্তরে চলে গেল! কোন একটা ঘূর্ণিঝরের পর সুন্দরবনের পার্শ্বস্থিত কয়রা উপজেলায় ১৬টি পুকুর সংস্কার করে আমরা স্থানীয় অধিবাসীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলাম। এক্স-ক্যাডেটদের অনুদানে সংগৃহীত ২৪ লক্ষ টাকা ব্যয়ে (তখনকার হিসেবে) স্যান্ড ফিল্ট্রেশনের এ প্রকল্পটির কাজ করার সময় আমরা খায়রুলের অফিস থেকে তার নির্দেশে অকাতরে কারিগরি ও অন্যান্য সাহায্য সহযোগিতা লাভ করেছিলাম বলেই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। অবসর গ্রহণের পর থেকে নিবিষ্ট মনে লেখালেখি শুরু করবে বলে খায়রুল বন্ধুমহলে জানিয়েছিল। বিভিন্ন উন্নয়ন সংগঠনও তাকে তার অবসর জীবনে তাদের উপদেষ্টা হিসেবে পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু সেটা আর হবার নয়। উল্লেখ্য যে খায়রুল এবং হামিদ, উভয়েই সুলেখক। কলেজে থাকতে আমরা ‘চরিত্রহীন’ নামে একটি নাটক মঞ্চস্থ করেছিলাম। সে নাটকটির লেখক ও সম্ভবতঃ পরিচালকও ছিল হামিদ স্বয়ং।
যে শুক্রবারে খায়রুল মারা গেল, তার মাত্র তিন সপ্তাহ আগের শুক্রবারে সে ধামরাই উপজেলার ‘শৈলান’ নামে একটি গ্রামে এক অনুষ্ঠানে যোগদান করেছিল। সেখানে আমিও ছিলাম, সেই সুযোগে ওর সাথে কিঞ্চিৎ আলাপচারিতা হয়। তখন কে জানতো যে সেটাই হবে ওর সাথে আমার শেষ সাক্ষাৎ ও আলাপ! এর আগে মে মাসের মাঝামাঝি এক বড়ভাই এর দোহার-নবাবগঞ্জের গ্রামের বাড়িতে (গ্রামের নাম পাড়াগ্রাম) আরেকটি অনুষ্ঠানেও ওর সাথে দেখা ও কথা হয়েছিল। সেটাও ছিল স্বল্প সময়ের জন্য। তাছাড়া অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানেও মাঝে মাঝে দেখা হতো। এসব দেখা সাক্ষাতের সময় খুব বেশি কথা হতো না, কারণ একেতো আমি কলেজে ওর চেয়ে চার ব্যাচ জ্যেষ্ঠ ছিলাম, তদুপরি আমি ছিলাম ওর আপন বড় ভাইয়ের বন্ধু। পরের কারণটার জন্য সে আমাকে একটু এক্সট্রা সমীহ করতো। যাক, সব সৌজন্যের, সব সাক্ষাতের, সব আলাপচারিতার চির অবসান হয়ে গেল গত শুক্রবার থেকে। এর পরে হয়তো শুধু স্মরণ করা যেতে পারে, ওকে নিয়ে স্মৃতিচারণ হতে পারে যেমন আমি এখন লিখছি, কিন্তু কথা আর দেখা আর কোনদিন হবে না! ওর মৃত্যুর পর থেকে প্রতিদিনই বিভিন্ন পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় এবং পরিচিতজনের পারস্পরিক আলোচনায় শোকবাণী পড়ছি আর শুনছি, এবং ভাবছি এক জীবনে খায়রুল কত লোকের মেন্টর হতে পেরেছিল এবং তাদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল! এভাবেই একদিন আমরা সবাই একে একে চিরতরে হারিয়ে যাবো কালের অতলান্তে, জগৎ সংসারের সকল স্মৃ্তিকে পেছনে ফেলে রেখে। ভালো কিছু রেখে যেতে পারলে মানুষ ভালোবাসার সাথেই আমাদেরকে স্মরণ করবে, যেমন আমরা স্মরণ করছি খায়রুলকে।
ঢাকা
২৪ অগাস্ট ২০২৬
শব্দ সংখ্যাঃ ১৫১৭
চিত্রস্বত্বঃ আমার
ডিভাইসঃ আইফোন১৩
২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৯
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ।
সুদীর্ঘ কর্মজীবনের শেষদিন অবধি তিনি বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশ (WASH) খাতের আমূল পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দেশের জনস্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন খাতের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। অসাধারণ প্রজ্ঞা, অনন্য নেতৃত্ব ও গভীর দায়বদ্ধতার মাধ্যমে তিনি হয়ে ছিলেন সকলের জন্য একজন পথপ্রদর্শক ও আলোকবর্তিকা।
২|
২৪ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: চিনলামনাতো। উনার ১টা ছবি যোগ করতেন!
২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:২০
খায়রুল আহসান বলেছেন: গত কয়েকদিন ধরে তো ওনার ছবিতে মিডিয়া ভরপুর। আমার সেলফোন ক্যামেরায় এখানে দেয়ার মত ওনার কোন একক ছবি ছিল না। আর অন্যের পোস্ট করা ছবি এখানে দেয়ার ইচ্ছেও ছিল না। তবুও, আপনার অনুরোধে মিডিয়া থেকে একটা ছবি ডাউনলোড করে এখানে দিলাম। 
৩|
২৫ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাত দিন
২৬ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: আল্লাহ নিশ্চয়ই ভালো কাজের পুরস্কার দেন। মানুষের উপকার হবে, জীবনে এমন অসংখ্য ভালো কাজ উনি করে গেছেন।
৪|
২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: মৃত্যু সব কিছু থামিয়ে দেয়।
২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৭
খায়রুল আহসান বলেছেন: "মৃত্যু সব কিছু থামিয়ে দেয়" - হুম্ম! মৃত্যু সব কিছু থামিয়ে দেয় বটে, তবে থামাটার ধরণও একেক জনের ক্ষেত্রে একেক রকম। কোন কোন ক্ষেত্রে দূর হতে দেখতে পাওয়া স্টপেজ দৃশ্যমান হবার সাথে সাথে গতি কমতে কমতে অবশেষে গন্তব্যে এসে অতি ধীরে থেমে যাওয়া। আবার আরেক ধরণ হচ্ছে ধামাকার মত হার্ড্ ব্রেক কষে ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়া।
ওনার ব্যাপারে পরেরটা হয়েছিল, যাকে বলে 'ম্যাসিভ হার্ট অ্যাটাক'! আগে থেকে যেটার আগমনের কোন সঙ্কেত ছিল না। রাত বারটা পর্যন্ত বন্ধুদের সাথে গল্প করেছেন। তার আগে রাত আটটার দিকে ওনার পিঠেপিঠি বড়ভাই হামিদুলের সাথে দু'বার আলাপ করেছেন। ভোর রাত চারটার দিকে ঘটেছিল এ গেরিলা আক্রমণ।
৫|
২৬ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:১২
আলামিন১০৪ বলেছেন: ওনি নাকি ভুল চিকিৎসা/অবহেলায় মৃত্যু্বরণ করেছেন- সত্য নাকি?
২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: আমি এমন কিছু শুনিনি। আমার মনে হয় না যে এ অভিযোগটা সঠিক, তবে নিশ্চিত নই।
হাসপাতালে নেয়ার পরে ইমারজেন্সী বিভাগের লোকজন কৃত্রিম শ্বাস প্রশ্বাসের দ্বারা তার হৃদস্পন্দন দুইবার ফিরিয়ে এনেছিল, কিন্তু তৃ্তীয়বারের মত তা থেমে যাবার পর আর ফিরে আসেনি বলে শুনেছি।
৬|
২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:২১
অর্ক বলেছেন: খুব মনোযোগ দিয়ে বিকেলে বাসে বসে পড়েছি খায়রুল ভাই। শেষ করেছি রাস্তায়। মন্তব্যের পরিবেশ ছিলো না। এখন করছি। ভালো লিখেছেন জানা কথা। ঝরঝরে বর্ণনা। মুগ্ধতায় পড়েছিলাম পুরোটা। এগুলো অবশ্য বলা বাহুল্য এ ধরণের লেখায়। কষ্টের আবহ সৃষ্টি হয়। সহজেই একাত্ম হওয়া যায়, একজনের মৃত্যু কিভাবে অন্যদের মধ্যে গভীর শূন্যতা তৈরি করে! যেমন সদরঘাট এলাকায় গেলে সুলতান ভাইয়ের চা’র কথা ভেবে বুকটা তীব্রভাবে শূন্যতায়, বিষণ্ণতায় আক্রান্ত হয়। সেই শূন্যতা আসলে অপূরণীয়। সেভাবে আমার কেউ না। বন্ধু, শুভাকাঙ্খী মাত্র। বহু চা খেয়েছি তার কাছে। বহু কথা বলেছি। সেসব মনে পড়ে। এভাবে অনেক আপনজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী হারিয়েছি। আসলে মৃত্যু, অসুখ এসব নিয়ে কেন যেন আলাপ করতে ভালো লাগে না। এসব তো সবাই জানি। সবাইকে প্রকৃতির স্বাভাবিক নিয়মে একদিন সমাপ্ত হতে হবে।
তাঁর পারলৌকিক সুখ কামনা করি। পঞ্চাশ বছরের মধ্যে ধরে নিন, আমরা পুরবো ব্লগাররা মোটামুটি সবাই গত হয়ে যাবো! হে হে হে। আমার খুব ছোটোবেলায় মা’র সাথে কোনও এক অজপাড়াগাঁয়ে বেড়াতে গিয়েছিলাম। সেখানে দুষ্টুমি করে মাঠের মধ্যে ডিগবাজি দিয়েছিলাম। পাশে কুয়ো ছিলো দেখিনি। সাথে একজন প্রবীণ ভদ্রলোক ছিলো। বললেন, দেখছেন, আরেকটু হলেই কুয়োর মধ্যে পড়তো। মনে আছে, মাত্র সাত-আট ইঞ্চি পাশে কুয়োর মুখ। অজপাড়াগাঁ। বহু আগের কথা। এভাবে এখানে সেখানে খোলা কুয়ো থাকতো। জীবনের প্রথম পর্যায়ের স্মৃতি এগুলো। আমরা যে বেঁচে আছি। এটা একটা দারুণ ব্যাপার খায়রুল ভাই। আমার শৈশবে রাবেয়া নামের এক প্রাইমারি স্কুল ছাত্রী কান পেকে মরে গিয়েছিলো। কতো ভাবে আমরাও মরে যেতে পারতাম। এই বেচে থাকা, এই জীবন আসলে চমৎকার একটা ব্যাপার। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড ভরপুর উপভোগ করুন, হাসি-আনন্দে একেবারে ভাসিয়ে দিন নিজেকে। মৃত্যু বলতে আসলে কিছু নেই। এ জীবনই সত্যি। এ জীবনই শেষ কথা। এ জীবন অনন্ত।
অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সবসময়।
২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে আপনার মনের কিছু কথা এখানে শেয়ার করে গেলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
"এভাবে এখানে সেখানে খোলা কুয়ো থাকতো" - আপনার এ অভিজ্ঞতার কথাটা পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় নানা-দাদার বাড়িতে গেলে দেখতাম, প্রতিটি তামাক ক্ষেতের এক কোণায় এ রকমের একটি খোলা মাটির কুয়া থাকতো, জমিতে জলসিঞ্চনের জন্য। তামাক একটি শীতকালের বেলেমাটির ফসল, বেড়ে ওঠার জন্য তার প্রচুর জলের প্রয়োজন হয়। সকাল বিকেল কাঁচা কুয়া থেকে জল তুলে জমিতে সিঞ্চন করা হতো। ফসল উঠে গেলে আবার কুয়াটি স্বাভাবিক প্রক্রিয়ায় ভরাট করে ফেলা হতো।
আপনার অনুরোধ মোতাবেক পূর্বা্পর মন্তব্যদুটো মুছে দিয়েছি।
৭|
২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: ওকে।
৮|
০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৬
মেহবুবা বলেছেন: প্রয়াত খায়রুল ইসলাম সাহেবকে আল্লাহ বেহেশত নসীব করুক সেই দুয়া করি।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
৯|
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০০
অধীতি বলেছেন: ভালো মানুষ তার কৃতকর্মের সুফল পায়। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাকে উত্তম মর্যাদা দিবেন এবং বেহেশতে সর্বোচ্চ স্থানে আসীন করবেন। আমিন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: "ভালো মানুষ তার কৃতকর্মের সুফল পায়" - জ্বী, অবশ্যই। একজন খারাপ মানুষও অবশ্যই তার কৃতকর্মের কুফল পায়।
দোয়ার জন্য ধন্যবাদ। অনেকদিন পরে এলেন। আশাকরি ভালোই ছিলেন, আছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৯:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন প্রানবন্ত ডাক্তার হারানো মানে
জাতি একজন সম্পদ হারালো ।
আমি তাহার আত্নার মাগফেরাত প্রার্থনা করি ।