নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা আছে বলে মনে হয় না। সরকারও আপাতত ধীরে চলো নীতি গ্রহণ করেছে। একটু খোঁজখবর নিতে শুরু করলাম, আওয়ামী লীগের মাঠ গরম করার চেষ্টার প্রতিবাদে লীগবিরোধী পক্ষের কেউ মাঠে নেমেছে কি না। তেমন কাউকে খুঁজে পেলাম না। তবে একটি সংগঠনকে পাওয়া গেল। সেটি হলো জাসাস।

জাসাসের পূর্ণরূপ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। এর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন মরহুম জিয়াউর রহমান। সবার কমবেশি জানা আছে , আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিপরীতে বিএনপির নিজস্ব সাংস্কৃতিক শক্তি গড়ে তোলার উদ্দেশ্যেই জাসাসের জন্ম। আওয়ামী লীগের অঙ্গসংগঠন থাকবে, বিএনপিরও তো তেমন কিছু সংগঠন থাকা দরকার। না হলে সব সেক্টরে লড়াই করবে কীভাবে? রাজনীতিতে সংগঠন ছাড়া টিকে থাকা কঠিন। এমনকি সংস্কৃতির জগতেও।

তবে জাসাসের সঙ্গে বাংলাদেশের একজন বিখ্যাত কবির নাম জড়িয়ে আছে। তিনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। আপাতত তাকে নিয়ে আলোচনা করছি না। বর্তমান ঘটনায় ফিরে আসি।

জাসাস এফডিসিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। কিন্তু সেখানে চলচ্চিত্রের তথাকথিত কয়েকজন নায়ক-নায়িকা সেই কর্মসূচিতে অংশ নেননি। এতে জাসাসের আহ্বায়ক, সাবেক চিত্রনায়ক হেলাল খান বেশ ক্ষুব্ধ হয়েছেন। তিনি এফডিসিতে গিয়ে উপস্থিত কয়েকজনকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর বলে আখ্যা দিয়েছেন। এখন দেশে পাইকারি দরে ফ্যাসিস্ট শব্দটি বিক্রি হচ্ছে। মনে হচ্ছে, শব্দটির বাজারদর কমে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে অপছন্দ হলেই তকমা লাগিয়ে দিলেই দায়িত্ব শেষ।

জাসাসের এই প্রতিবাদী কর্মসূচি দেখে অতীতের কথা মনে পড়ে গেল। আওয়ামী লীগ সরকারের আমলে উদীচী নামের সাংস্কৃতিক সংগঠনটিকে প্রায়ই বিএনপির কর্মসূচির বিপরীতে মাঠে দেখা যেত। বিএনপি কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগের সঙ্গে উদীচীর নেতাকর্মীদেরও মিছিল-সমাবেশে দেখা যেত। বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে তাদের সরাসরি রাজনৈতিক কর্মসূচির ইতিহাসও আছে।

তবে ২০২৪ সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে উদীচী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটিও স্বীকার করতে হবে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড, বিরোধী দলের ওপর দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার অবক্ষয়, গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে উদীচীর প্রতিবাদের ধারাবাহিকতা কতটা ছিল?

আওয়ামী লীগ আমলে উদীচীর রাজনৈতিক ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ২০২৪ সালের জুলাইয়ে তাদের প্রতিবাদকে স্বাগত জানাই। কিন্তু সেই প্রতিবাদকে আগের পনেরো বছরের নীরবতা বা সীমিত প্রতিবাদের বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই। ক্ষমতাসীনদের অন্যায় যখন সহ্য করা যায় না, তখন সরকার কোন দলের, সেটি বিবেচনার বিষয় হওয়ার কথা নয়।

বর্তমানে উদীচীর মতো আচরণের কিছু লক্ষণ জাসাসের মধ্যেও দেখতে পাচ্ছি। প্রতিবাদ কর্মসূচি দেওয়া পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু সেই কর্মসূচিতে কেউ অংশ না নিলেই তাকে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের দোসর বলতে হবে কেন? সাংস্কৃতিক সংগঠনের কাজ কি এখন রাজনৈতিক আনুগত্যের সার্টিফিকেট বিতরণ করা ?

জাসাসের সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। তাঁকে আমি অনুসরণ করি। মানুষের কথা শুনতে আমার ভালো লাগে। একসময় উদীচীর নাসির উদ্দিন বাচ্চুর কথা শুনতাম, এখন শুনি আবদুল হাই শিকদারের কথা। আসলে বোঝার চেষ্টা করি, এঁরা দেশের সংস্কৃতির জন্য কতটা কাজ করতে পারেন, নাকি সংস্কৃতির নাম ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়াই তাঁদের প্রধান কাজ। অধিকাংশ সময় দ্বিতীয় ঘটনাটি বেশি চোখে পড়ে।

সম্প্রতি আবদুল হাই শিকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেশ বিতর্কিত একটি মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকার না করার অভিযোগে এক ছেলেকে হত্যা করে তার বাবাকে বাধ্য করা হয়েছিল ছেলের কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে। তিনি আরও দাবি করেছেন, শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বললে ‘জীব’ কেটে ফেলা হতো।

বক্তব্যটি শুনে প্রথমেই আলাউদ্দিন খিলজির কথা মনে পড়ে গেল। মধ্যযুগের শাসকদের নিষ্ঠুরতা নিয়ে ইতিহাসে অনেক ঘটনা পাওয়া যায়। আলাউদ্দিন খিলজির আমলেও বিদ্রোহী ও শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ দমন-পীড়নের বিবরণ রয়েছে। মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ এবং বিদ্রোহ দমনের ঘটনায় কাটা মাথা প্রদর্শনের মতো নির্মমতার কথাও ইতিহাসে এসেছে।

তাহলে কি স্বাধীন বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছিল? আওয়ামী লীগ কি আলাউদ্দিন খিলজির মতো নিষ্ঠুর শাসন চালিয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কারণ আবদুল হাই শিকদার যে ঘটনার কথা বলেছেন, সেটি কোনো সাধারণ রাজনৈতিক অভিযোগ নয়। একটি ছেলেকে হত্যা করে তার বাবাকে ছেলের কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে বাধ্য করার অভিযোগ ভয়াবহ অপরাধের বর্ণনা।

কিন্তু সেই বাবা কে? ছেলেটিই বা কে? ঘটনাটি কোথায় ঘটেছিল? কোন সালে ঘটেছিল? কোনো সমসাময়িক পত্রিকা, প্রত্যক্ষদর্শীর বিবরণ কিংবা স্বাধীন ঐতিহাসিক নথিতে কি এর উল্লেখ আছে?

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার। আবদুল হাই শিকদার যত বড় কবি বা সাংবাদিকই হোন, এমন গুরুতর ঐতিহাসিক অভিযোগের পক্ষে তথ্যসূত্র দেওয়া তাঁর দায়িত্ব। শুধু মঞ্চে দাঁড়িয়ে ভয়াবহ একটি গল্প বললেই সেটি ইতিহাস হয়ে যায় না। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে এমন বক্তব্য দেওয়া হলে তার দায় আরও বেশি।

এখানে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাই বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর কাছে শুনেছি, ভাইভা বোর্ডে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু উপাধি ব্যবহার না করায় তাঁকে তিরস্কার করা হয়েছিল। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশের মধ্যে বাড়াবাড়ি ছিল। এটি বাস্তব অভিজ্ঞতা। আমাদের আলা-ভোলা রাজীব নূর ভাইও মাঝেমধ্যে শুধু শেখ মুজিব বললে রাগ করেন। হা হা !

কিন্তু একটি রাজনৈতিক দলের সমর্থকদের বাড়াবাড়ি আর রাষ্ট্রীয়ভাবে কাউকে হত্যা করে তার পরিবারের সদস্যকে কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে বাধ্য করার ঘটনা এক বিষয় নয়। দুটিকে এক করে ফেলার সুযোগ নেই। আবদুল হাই শিকদারের অভিযোগটি তাই যথাযথ তদন্তের দাবি রাখে।

জাসাসের ভবিষ্যৎ নিয়েও আমার কিছু প্রশ্ন আছে। সংগঠনটি যদি শুধু বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে লোক জোগাড় করা, আওয়ামী লীগের বিরোধিতা করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার কাজে ব্যস্ত থাকে, তাহলে দেশের শিল্প-সংস্কৃতিতে তাদের অবদান কোথায়? নতুন শিল্পী তৈরি, নাটক, চলচ্চিত্র, সংগীত, সাহিত্য কিংবা সাংস্কৃতিক গবেষণায় তাদের পরিকল্পনা কী ?

আমাদের দেশে ক্ষমতা বদলায়, রাজনৈতিক দলের স্লোগান বদলায়, মঞ্চে বক্তার মুখ বদলায়। কিন্তু সংস্কৃতিকে রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার বানানোর প্রবণতা খুব একটা বদলায় না। আওয়ামী লীগ আমলে এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য দেখেছি। এখন বিএনপির সাংস্কৃতিক সংগঠনের কারও কারও মধ্যে সেই একই ধরনের মানসিকতার লক্ষণ দেখা যাচ্ছে।

ফটোকার্ড : রেডিও আমার



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.