| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল। তাঁদের মনে ভয় ,এসব হাফ-শিক্ষিত ও অদক্ষ মানুষ যদি ৩২ হাজার টাকা বেতন পান তাহলে আমাদের কি হবে ? যেখানে একজন ইন্টার্ন চিকিৎসক ২০ হাজার টাকা বেতন পান, একজন স্নাতক ডিগ্রিধারী তরুণ ১৫ হাজার টাকা দিয়ে চাকরি শুরু করেন, সেখানে পোশাক শ্রমিকদের এত টাকা দিতে হবে কেন ?
বিভিন্ন চাকরির পেজে তখন মজার ছলে মিমস শেয়ার করা হচ্ছিল। মিমস গুলো এমন: যদি শ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা হয় , তাহলে পরদিন থেকেই বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারখানায় কাজ শুরু করবেন। অথচ ৩২ হাজার টাকা ছিল শ্রমিকপক্ষের প্রস্তাবিত মজুরি। এটি কোনো চূড়ান্ত বেতন ছিল না। মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁদের বিষয়টি বোঝার কথা।
গতবার পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলনের পর বিষয়টি নিয়ে আমার আগ্রহ তৈরি হয়। কীভাবে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়, সেটি জানার চেষ্টা করেছিলাম। ২০২৩ সালে শ্রমিকপক্ষের দাবি ছিল ২০ হাজার টাকা। মালিকপক্ষ প্রথমে ১০ হাজার ৪০০ টাকা দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত সরকার ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করে।
তাই এবার ধারণা ছিল, শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা দাবি করলেও মালিকপক্ষ হয়তো তার অর্ধেকের কাছাকাছি প্রস্তাব দেবে। এরপর সরকার আরও দুই-তিন হাজার টাকা বাড়িয়ে নতুন মজুরি ঘোষণা করতে পারে। সব মিলিয়ে ১৮ হাজার টাকার আশপাশে গিয়ে দাঁড়াতে পারে। এখন মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছে। অর্থাৎ দরকষাকষির হিসাবটা অনেকটা সেই দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।
২০২৩ সালের মজুরি নির্ধারণের সময় যে বিষয়টি আমার চোখে পড়েনি, সেটি হলো সিপিডির ভূমিকা। সিপিডি বা সেন্টার ফর পলিসি ডায়ালগ একটি গবেষণা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে তারা গবেষণা করে এবং সরকারকে নানা ধরনের নীতিগত পরামর্শ দেয়। এবার পোশাকশ্রমিকদের মজুরি নিয়েও তারা একটি প্রস্তাব দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, ১৮ হাজার টাকার মতো বেতন হলে একজন শ্রমিক দারিদ্র্যসীমার ওপরে থাকতে পারবেন। আর ২৪ হাজার টাকার মতো হলে জীবনযাত্রার মান কিছুটা ভালো হবে। তারা মোট তিনটি স্তরে মজুরির প্রস্তাব দিয়েছে।
সিপিডি কার স্বার্থে এসব গবেষণা করে ? তাদের অর্থায়ন করে কারা ? সরকারকে অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা কতটুকু ? এমনকি সরকারি বেতনকাঠামো নিয়েও সিপিডি গবেষণা করে প্রস্তাব দেয়। এরপর দেখা যায়, সরকারি বেতনকাঠামোর সঙ্গে তাদের প্রস্তাবের বেশ কিছু মিল থাকে। তাহলে কি সিপিডি দেশের ছায়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে ?
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাব আসার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে; শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা দাবি থেকে পিছু হটে । ধাপে ধাপে কমিয়ে এখন ২২ হাজার টাকা দাবি জানাচ্ছে। এত দ্রুত তাদের দাবি কমে আসার বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। মনে হচ্ছে, তারা যেন সিপিডির প্রস্তাবিত মজুরির সীমার কাছাকাছি থাকতে আগ্রহী।
শ্রমিকদের পক্ষে যাঁরা দরকষাকষি করেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা যায় । তাঁরা কি সত্যিই শ্রমিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন, নাকি আন্দোলনকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করছেন? শ্রমিক প্রতিনিধিদের সরকারি এজেন্ট বলে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে ।
দেশে সরকারি চাকরির ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতনকাঠামো নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। এই গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা এসএসসি পাস হলেই চলে। অথচ বাস্তবে স্নাতক ডিগ্রিধারী অনেক তরুণ চাকরি না পেয়ে এসব পদে আবেদন করছেন এবং চাকরিও করছেন। সামনে এই গ্রেডের একজন কর্মচারীর বেসিক বেতন ২০ হাজার টাকা হতে যাচ্ছে। পোশাকশ্রমিকদের বেতন নিয়ে যাঁরা এত প্রশ্ন তোলেন, তাঁদের কারো এসব বিষয়ে আপত্তি দেখা যায় না।
সমস্যাটা আসলে কোথায় ? একজন সরকারি কর্মচারী ২০ হাজার টাকা বেতন পেলে সেটি স্বাভাবিক, কিন্তু একজন পোশাকশ্রমিক ২০ হাজার টাকা চাইলে সেটি অস্বাভাবিক? অথচ এই শ্রমিকদের শ্রমেই দেশের প্রধান রপ্তানি খাত টিকে আছে। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ আসে পোশাক খাত থেকে। তাঁদের কাজকে অদক্ষ বলা যেতে পারে, কিন্তু তাঁদের শ্রমের অর্থনৈতিক মূল্য অস্বীকার করার সুযোগ নেই।
একজন শ্রমিক যে কাজ করেন, সেই কাজের পেছনে তাঁর শারীরিক পরিশ্রম, সময় এবং জীবনের বড় একটি অংশ ব্যয় হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাজ করার পর তাঁকে আবার সংসার সামলাতে হয়। অনেক শ্রমিক বাসাভাড়া বা যাতায়াতের টাকা বাঁচাতে কয়েক কিলোমিটার হেঁটে দুপুরে বাসায় যান, খাবার খেয়ে আবার কারখানায় ফিরে আসেন। দশ টাকা ভাড়া বাঁচানোর জন্য তাঁদের এই সংগ্রাম নিজের চোখে না দেখলে বোঝা কঠিন।
দেশে সরকারি হিসাবে মূল্যস্ফীতি ৮ শতাংশের আশপাশে থাকলেও বাজারে সাধারণ মানুষের অভিজ্ঞতা ভিন্ন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা ও যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে সবার জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। এই পরিস্থিতিতে একজন পোশাকশ্রমিক ২০ হাজার টাকা বেতন চাইলে এত আপত্তির কারণ কী ?
আমাদের পোশাকশিল্পের মালিকদের মনোভাব নিয়েও প্রশ্ন আছে। শ্রমিকদের বেতন বাড়ানোর কথা উঠলেই তাঁরা ব্যবসার খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা বলেন। আবার কর কমানোর জন্যও নানা ধরনের দাবি তোলেন। অথচ দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন মানা, পরিবেশ রক্ষা, যথাযথ কর দেওয়া এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ।
দেশে সঠিক আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনা করেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম । অনেক ক্ষেত্রে মালিকেরা দেখেন, শ্রমিকের অভাব নেই, সরকারের মনিটরিং দুর্বল এবং শ্রমিকদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই । ফলে কম বেতনে শ্রমিক নিয়োগ করা বা তাঁদের ন্যায্য পাওনা না দেওয়ার সুযোগ তৈরি হয়।
এখানে সরকারের অবস্থানও খুব শক্তিশালী নয়। দেশের রপ্তানি আয়ের বড় অংশ একটি খাতের ওপর নির্ভরশীল। অন্য কোনো শিল্প খাত এখনো পোশাকশিল্পের মতো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে না। ফলে পোশাকশিল্পের মালিকদের ওপর চাপ তৈরি করতে গেলেও সরকারকে অনেক কিছু বিবেচনা করতে হয়।
তার ওপর কারখানাগুলো ঠিকমতো গ্যাস ও বিদ্যুৎ পায় না। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির অভিযোগও রয়েছে। ব্যবসার পরিবেশ উন্নত করতে না পারলে মালিকদের সঙ্গে দরকষাকষিতে সরকার দুর্বল অবস্থানে থাকবে। এর প্রভাব পড়বে শ্রমিকদের উপর; তাই শুধু মালিকদের চাপ দিয়ে শ্রমিকদের বেতন বাড়ানোর চেষ্টা করলেই হবে না। সরকারকে আগে নিজের সক্ষমতা বাড়াতে হবে। নতুন শিল্প খাত তৈরি করতে হবে, রপ্তানি আয় বাড়াতে হবে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে।
শ্রমিকদের চাপ কমাতে নতুন সরকার তিন মাসের জন্য ওএমএসের মাধ্যমে তাদের কাছে কম দামে চাল বিক্রি করছে । কিন্তু শ্রমিকদের জন্য আরো বেশি কাজ করার সুযোগ রয়েছে। শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় মিলে পোশাকশিল্পের এলাকাগুলোতে শ্রমিকদের জন্য খাবার পণ্যের উপর ডিসকাউন্ট সুবিধা চালু করতে পারে। তাঁরা পরিচয়পত্র দেখিয়ে সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। সরকার ভর্তুকি দিয়ে পণ্যের দাম সাধারণ বাজারের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। এতে শ্রমিকদের মাসিক খরচ অনেকটা কমবে।
শুধু শ্রমিকের বেতন বাড়ালেই তাঁর পরিবারের জীবনযাত্রার সব সমস্যার সমাধান হবে না। তাঁদের সন্তানদের শিক্ষার বিষয়টিও দেখতে হবে। পোশাকশিল্পের অনেক শ্রমিক মা-বাবা দুজনই দিনের বেশির ভাগ সময় কারখানায় কাজ করেন। তাঁদের ছোট সন্তানদের দেখাশোনার জন্য পর্যাপ্ত ডে-কেয়ার সেন্টার নেই। ফলে অনেক পরিবার সন্তানদের আবাসিক মাদ্রাসায় পাঠাতে বাধ্য হয়।
সরকার চাইলে পোশাকশিল্পের এলাকাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ডে-কেয়ার সেন্টার চালু করতে পারে। সকালে সন্তানকে স্কুলে রেখে মা-বাবা কাজে যাবেন। কাজ শেষে সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন। এতে শিশুরা প্রাথমিক শিক্ষা পাবে, আবার নিরাপদে থাকার ব্যবস্থাও হবে। আমাদের অনেক সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে শ্রমজীবী পরিবারের সন্তানদের জন্য পর্যাপ্ত শিক্ষা ও পরিচর্যার ব্যবস্থা নেই। সরকার প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ থেকে সরে এসে বিশেষায়িত প্রাথমিক বিদ্যালয় কাম ডে কেয়ার সেন্টার নিয়ে নতুন করে ভাবনার সুযোগ রয়েছে ।
আর আমাদের শিক্ষিত সমাজেরও দায়িত্ব রয়েছে। শ্রমিকের কাজকে ছোট করে দেখা কিংবা তাঁদের ন্যায্য মজুরির দাবিকে উপহাস করার আগে দেশের অর্থনীতিতে তাঁদের অবদান বোঝা দরকার। এমনকি ভোক্তা হিসেবেও আমাদের ভাবতে হবে, যে পণ্য ব্যবহার করছি, সেটি তৈরির পেছনে যাঁদের শ্রম রয়েছে, তাঁদের জীবন কেমন চলছে ?
একটি শিল্প শুধু মালিকের পুঁজি দিয়ে টিকে থাকে না। শ্রমিকের শ্রম, সরকারের অবকাঠামো ও নীতিসহায়তা, ক্রেতার চাহিদা এবং সমাজের সহযোগিতা মিলেই একটি শিল্প গড়ে ওঠে। তাহলে সেই শিল্পের সুফল বণ্টনের সময় শ্রমিকদের কথা সবার শেষে আসবে কেন? দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান স্বীকার করার পাশাপাশি তাঁদের ন্যায্য জীবন নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব।
ফটোকার্ড : সময় টিভি
২|
২৫ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল বিষয়ে সময়োপযোগী পোস্ট । আমি বিষয়টিতে সংযুক্ত পক্ষগুলির প্রতিই বেশী দৃষ্টি দিয়েছি । পক্ষগুলি হল
পোশাক কর্মী বৃন্দ , তাবেদার পোশাক কর্মী প্রতিনিধি , মালিক পক্ষ আর হল সিডিডি । তাবেদার পোশাক কর্মী
প্রতিনিধিদের নিয়ে মাথাব্যথা নেই , তাদেরকে যেমনটি বলা হবে তারা তেমনটিই কববে । মালিক পক্ষ কম দিতে
চাইবে তাদের ভবিষ্যতের দিকে চেয়ে , সরকারপক্ষ চাইবে আপাতত পরিবেশ শান্ত হোক আর সিপিডির দেখবে
তারন বৈদেশিক ঢান্ডিং সংস্থার স্বার্থ তারপর দেশজুরে একটি বিশেষ করে সুসিল সমাজে একটি বিতর্কিত সংলাপ
তৈরী করে নীজেদের গুরুত্ব জাহির করতে ।
উল্লেখ্য সরকারী আর্থায়নে পরিচালিত দেশের জাতীয় আর্থ-সামাজিক গবেষনা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট
অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS)-এর বিকল্প হিসেবে অধ্যাপক রেহমান সোবহানের উদ্যোগে ১৯৯৩ সালে
প্রতিষ্ঠিত হয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান Centre for Policy Dialogue (CPD)। রেহমান সোবহান মুলত
তাত্বিক অর্থনীতিবিদ , দেবপ্রিয় মুলত কনসালটেন্সি ফি এর বিনিময়ে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রকল্প মুল্যায়ন
কারী একজন ফরমায়েসি আর্থনীতিবিদ ।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে CPD নিম্নলিখিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে অর্থায়ন বা প্রাতিষ্ঠানিক
সহায়তা পেয়েছে যথা Ford Foundation, International Development Research Centre (IDRC)
UK Department for International Development (DFID), European Union (EU), United Nations Development Programme (UNDP), United Nations Economic and Social Commission for
Asia and the Pacific (UNESCAP), International Labour Organization (ILO), Canadian
International Development Agency (CIDA), Friedrich-Ebert-Stiftung (FES) ইত্যাদি।
উল্লেখ্য, এগুলো বিভিন্ন সময়ে CPD-এর অর্থায়ন ও সহযোগিতার উদাহরণ; এসব প্রতিষ্ঠান বর্তমানে সবাই
CPD-কে অর্থায়ন করছে, এমনটি নয়।
তাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতাগোষ্ঠীর অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার অগ্রাধিকার,
নীতিগত অবস্থান এবং সুপারিশের ক্ষেত্রে কতটা স্বাধীনতা ও ধারাবাহিকতা বজায় থাকে, সে প্রশ্নটি আলোচনার দাবি
রাখে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্প খাতের নীতিনির্ধারণে কোনো প্রতিষ্ঠানের সুপারিশ গ্রহণের
আগে তার গবেষণার ভিত্তি, বাস্তবতা এবং সম্ভাব্য প্রভাব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা জরুরি।
এ প্রসঙ্গে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে CPD-এর সুপারিশের বিষয়টি বিশেষভাবে
বিবেচ্য। দেশের তৈরি পোশাকশিল্প বর্তমানে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে শিল্পের সামগ্রিক
সক্ষমতা, কারখানাগুলোর আর্থিক অবস্থা, আন্তর্জাতিক ক্রয়াদেশের প্রবণতা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়
সবকিছু বিবেচনায় না নিয়ে সিপিডির পরামর্শমত একটি নির্দিষ্ট মজুরির অঙ্ক নির্ধারণ করা হলে সরকার ও শিল্প
খাত উভয়কেই গুরুতর সমস্যার মুখোমুখি হতে হতে পারে।
আমার আশঙ্কা, বর্তমান বাস্তবতা যথাযথভাবে বিবেচনা না করে CPD-এর সুপারিশের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ
করা হলে সরকার একটি বড় নীতিগত ভুলের ঝুঁকিতে পড়তে পারে। এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে বিস্তারিত বলার
প্রয়োজন আছে বলে মনে করি না।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি এমনিতেই অত্যন্ত নাজুক। আন্তর্জাতিক ক্রেতারা যদি বাংলাদেশ থেকে
ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে শুরু করেন, তাহলে অনেক কারখানার পক্ষেই প্রস্তাবিত ১৫,৭০০ টাকা মজুরিও
নিয়মিতভাবে পরিশোধ করা কঠিন হয়ে পড়তে পারে। ইতোমধ্যে ছয় শতাধিক পোশাক কারখানা বন্ধ থাকার যে
তথ্য আলোচনায় রয়েছে, সেটিও শিল্পটির সংকটের গভীরতা নির্দেশ করে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা
সম্ভব হলেও সংশ্লিষ্ট শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের প্রশ্ন থেকে যাবে। অন্যদিকে, যেসব
কারখানা ক্রয়াদেশ হারিয়ে উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হবে, সেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা
ও পাওনা নিয়েও নতুন সংকট সৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষের ঝুঁকিও উপেক্ষা
করার সুযোগ নেই। সবকিছু মিলিয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেই যে তৈরি পোশাকশিল্পের বর্তমান সংকট
কেটে যাবে, এমন নিশ্চয়তা নেই। বরং শিল্পের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যহীন সিদ্ধান্ত নেওয়া
হলে অদূর ভবিষ্যতে আরও বড় ধরনের শ্রমিক অসন্তোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়।
অতএব, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে কোনো একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের
সুপারিশের ওপর এককভাবে নির্ভর করা উচিত নয়। বরং নিজস্ব তথ্য, বাস্তবভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং
সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে দেশের জাতীয় গবেষণা প্রতিষ্ঠান
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS)-এর গবেষণা ও কারিগরি সহায়তা নেওয়া যেতে পারে।
সর্বোপরি, তৈরি পোশাকশিল্পের মতো একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাতের ভবিষ্যৎ এবং লাখ লাখ শ্রমিকের
জীবিকা সংশ্লিষ্ট সিদ্ধান্ত আবেগ, অনুমান কিংবা কোনো প্রতিষ্ঠানের একক সুপারিশের ভিত্তিতে নেওয়া সমীচীন
নয়। প্রয়োজন বাস্তবতানির্ভর, তথ্যভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত যাতে একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও
জীবনযাত্রার মান নিশ্চিত হয়, অন্যদিকে শিল্পের উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতামূলক অবস্থান এবং টিকে
থাকার সম্ভাবনাও অক্ষুণ্ণ থাকে।
শুভেচ্ছা রইল
৩|
২৫ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:১০
ডঃ এম এ আলী বলেছেন:
তারন বৈদেশিক ঢান্ডিং হবে তার বৈদেশিক ফান্ডিং
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ২:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছে।
অর্থাৎ দরকষাকষির হিসাবটা অনেকটা সেই দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।
........................................................................................................
আমার ধারনা ২০,০০০ টাকার কাছাকাছি বিষয়টির সমাধান হবে ।