নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক লাইন, যেটা পড়ে মনে হয়, এটা বানানো নয়, সত্যি ঘটনা। প্রতিটা গল্পই বিস্তৃত টাইমলাইনের। একটা কনস্পিরেসি থিওরি। মাঝখানে সংখ্যার ফুটানি, ঐতিহাসিক তথ্য, অদ্ভুত কোইনসিডেন্সের ছড়াছড়ি, জনপ্রিয় কোনো চরিত্রের উপস্থিতি, অথবা দার্শনিক বুড়োর অশুদ্ধ ভাষার সংলাপ। শেষে একটা মাইন্ড-ব্লোয়িং টুইস্ট। এই ছাঁচের গল্প এআই-এর আগেও ছিল। এখন বানানো সহজ হয়ে গেছে।
এখন দেখা যাচ্ছে এসব নিয়ে অনেক কথা হচ্ছে, মকারি হচ্ছে। (মজার ব্যাপার হচ্ছে, ফেসবুকে এসব লেখার বিপরীতে সেসব ‘লেখক’দের কেউ এখনও জোরালো প্রতিবাদ করেননি)।
যাই হোক, সেদিন একটা এআই গল্প একজন শেয়ার দেয়াতে আমি কমেন্টে জানালাম যে এটা এআই দিয়ে লেখা। প্রত্যুত্তরে একজন জিজ্ঞেস করলেন, “এআই লিখুক, অথবা মানুষ, পড়তে ভালো লাগলেই তো হলো!”। হু, ভাবার কথা বটে।”
লেখকেরা অবশ্য বেশিরভাগই খুব হালকভাবে নিচ্ছেন ব্যাপারটা। তাদের কথা হলো, এআই দিয়ে লিখলে সেই ছাঁচ সহজেই বোঝা যায়। এক ছকে বেশিদিন চালাতে পারবে না। আমি আপাতত এটার সাথে একমত। এবং এ ব্যাপারে সন্দেহ নেই যে ভাইরাল গল্পের ট্রেন্ড আর বেশি দিন চলবে না। এই তথাকথিত লেখকদের হারিয়ে যেতে হবে, অথবা আরো ভালো প্রম্পট দেয়া শিখতে হবে, অথবা অপেক্ষা করতে হবে এআই মডেলগুলির উন্নতির।
সবার আলোচনার বিষয় মোটামুটি এদিকেই ঘুরপাক খাচ্ছে। এআই কতটা উন্নতি করতে পারবে, মানুষ ধরতে পারবে কি না- আমি এসব প্রসঙ্গ সরিয়ে অন্য একটা দিকে দৃষ্টি নিবদ্ধ করতে চাই।
আমার প্রশ্নটা হচ্ছে মানুষ লেখে কেন?
মানুষ লেখে কেন, মানুষ গান গায় কেন, মানুষ ছবি আঁকে কেন এসব প্রশ্নের উত্তর খুব সরলভাবে দিলে বলতে হয়, মানুষ সরল প্রাণী নয়, তাই এসব করতে হয় তাকে। মানুষ যখন অস্তিত্বের সংকটে পড়ে, তখন তাকে শুধু মৌলিক চাহিদার কথা ভাবলেই চলে। কিন্তু মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে মানুষের নানাবিধ চাহিদা তৈরি হয়। শরীরী বিষয় তখন আর জীবনধারণের জন্যে যথেষ্ট থাকে না। দুটো রুটি খেলে খিদে মেটে। তিনটা রুটি আর সাথে প্রচুর মাংস পেলে অতিভোজন হয়ে যায়। এর বেশি মানুষ যেতে পারে না। পাঁচটা রুটি বড়জোর, একশটা কোনোভাবেই নয়। কিন্তু গান, কবিতা, গল্পের মধ্যে মানুষ এক মহাপৃথিবীকে খুঁজে পায়। মানুষ তার জাগতিক শেকলকে ভাঙতে পারে। এই অন্বেষণই সভ্যতা টিকিয়ে রাখে। সমাজ যতই কবি-সাহিত্যিকদের নিগ্রহ করুক না কেন, যেদিন শেষ কবি বা শিল্পী বা সৃজনশীল মানুষটি মারা যাবে, মানবসভ্যতার মৃত্যুও তখনই ঘটবে।
লেখা একটা প্রক্রিয়া। এতে সৃষ্টির আনন্দ আছে, অক্ষমতার বেদনা আছে। একজন লেখককে, বা শিল্পীকে, বা যেকোনো সৃজনশীল মানুষকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই সাধনাটাই তাদেরকে পরিচালিত করে। যিনি দুটো প্রম্পট দিয়ে গল্প নামিয়ে নেন, তিনি এই চক্করে কখনো পড়েন না। তাহলে দিনের পরদিন, বছরের পর বছর একজন মানুষ কি শুধু প্রম্পট দিয়ে গল্প লিখে যেতে পারবেন? এই একশজন ভাইরাল লেখকদের অনেকেরই হয়ত কয়দিন পর প্রম্পট দিয়ে ছবি বা ভিডিও বানানোতে আগ্রহ চলে আসবে। (খেয়াল করে দেখবেন, এইসব ভাইরাল লেখকদের অধিকাংশই বেশ টেক স্যাভি, অনেকেই ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং পেশায় আছেন)।
আর সবচেয়ে বড় কথা, প্রম্পট দিয়ে যে অতি সহজেই গল্প লেখা যায়, এটা তো পাঠকরাও ধরে ফেলবে একসময়। তারাও লিখতে শুরু করবে। এবং দেখা যাবে কারো লেখা কারো সাথে আলাদা করা যাচ্ছে না। তখন লেখক কে আর, পাঠক কে? আর বইয়ের ইন্ডাস্ট্রিই বা কীভাবে চলবে? এত লেখককে কীভাবে জায়গা দেবে?
মানুষের সৃষ্টিশীলতার এই সংকট উদ্‌বেগজনক। তবে আমি বিশ্বাস করি মানুষ নির্বুদ্ধিতার অতলে তলিয়ে যেতে যেতে আবার ঘুরে দাঁড়াবে। আমাদের পূর্বপুরুষরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারত উল্কাপিন্ডের আঘাতে বা বরফ যুগের নিষ্ঠুর শীতলতায়। বহুবার বহু প্রাকৃতিক দুর্বিপাক আমাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, কিন্তু আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। এআই লেখকদের ফন্দিফিকির সবগুলিই ব্যর্থ হবে তা বলছি না, কিন্তু একদম মননহীন, নন্দন বোধহীন এবং সাধনার প্রয়াসে অনাগ্রহী খুব কমজনই টিকবে। লেখক লিখবেন, আধা লেখক কৌশল অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করবেন, আর অলেখকরা হারিয়ে যাবেন।
হয়ত বা সামনে প্রচুর নীতিমালা আসবে এআই ব্যবহারের ক্ষেত্রে। হয়ত এই লেখার ভেতরে থাকবে অদৃশ্য কোনো জলছাপ। আর এখন চাইলেই গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ডে লেখা গল্পগুলির হিস্ট্রি দেখে আঁচ করা যায় যে আসলে কী ঘটেছে! এবার কমনওয়েলথ ছোটোগল্প প্রতিযোগিতাতেও এইসব সতর্কতা জারী ছিল।
অবশ্য কোনো যাচাই-পদ্ধতিই নিখুঁত হবে না। কেউ চাইলে এআই-এর লেখা হাতে টাইপ করে বসিয়ে দিতে পারে। প্রযুক্তি এক ধাপ এগোলে অন্য পক্ষ আরেক ধাপ এগোবে, এই দৌড় চলতেই থাকবে। সামনে কী হয় না হয় আসলে কিছুই প্রেডিক্ট করা যায় না। তবে মানুষ অত সহজে হার মানছে না বলে আমি আশাবাদী।
তবে এই লড়াইয়ে যেই জিতুক, আমার লেখা থামবে না। এই নগণ্য জীবনের নানাবিধ বঞ্চনার মধ্যে লেখাই আমাকে বিশেষ করে তোলে বলে জানি। এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.