| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।
বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে মরছে মাথা খুঁটে।
কত কাজই তো পড়ে আছে কত ঘোরা বাকি
মনের দুঃখে ঘোরে খোকা একলা একাকী
মল্লিকদের আম বাগিচায় আম পেকেছে গাছে
দীঘির জলে মাছগুলো সব ঝলমলিয়ে নাচে।
একটা বক পদ্মপাতায় দিব্যি ঘোরে ফিরে
শিকার শেষে শেষ বিকেলে ফিরবে আপন নীড়ে।
সজনে গাছের মগডালে জোড়া ঘুঘু বসে
নির্ভাবনায় অলস সময় কাটাচ্ছে আয়েশে।
এসব কিছু দেখেও খোকার মন হয় না ভালো
কত কাজই তো করার ছিল সবই পণ্ড হলো।
খোকা মনে শান্তি নেই, নেই তার ইচ্ছের দাম
ঠিক করেছে ছাড়বে বাড়ি হোক যত বদনাম।
এমন সময় মা দিল ডাক আয় খোকা আয় ফিরে
বাবা বলল এনেছি দেখ মিষ্টি দই আর চিড়ে।
মা দিলো মুড়ি মুড়কী, বাবা দিল গজা
খেয়ে খোকা হেসে বলে আহ! সেই মজা!
তারপর সে গেল ছুটে বন পাহাড়ের কাছে
যেখানেতে ফুল পাখি সব ছবির মত আছে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.