| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বলতে কী, আমি আমার এই সাদামাটা জীবন নিয়ে ভীষণ সুখী। জীবন চলার পথে জমা হওয়া যত সুখ, আনন্দ, দুঃখ কিংবা দীর্ঘশ্বাস—সবটুকুই আমার একান্ত নিজস্ব অর্জন। এই জীবনে আকাশছোঁয়া চাওয়া কখনোই ছিল না, তবে যেটুকু চেয়েছি, তার অনেকটাই পেয়েছি।
এর মধ্যে আমার অন্যতম চাওয়া ছিল, আমি একজন লেখক হবো। বিশেষ করে ছোটবেলা থেকে ছন্দ কবিতার প্রতি ছিল আমার প্রবল আকর্ষণ।
স্মৃতির পাতা ওল্টালে মনে পড়ে, তখন আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলের কোনো এক অলস অফ-পিরিয়ডে বন্ধুরা মিলে আড্ডায় বসেছিলাম। কথা প্রসঙ্গে উঠেছিল—বড় হয়ে কে কী হতে চায়। একে একে সবাই তাদের স্বপ্নের কথা জানাচ্ছিল—কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা সামরিক বাহিনীর চৌকস অফিসার। যখন আমার পালা এলো, আমি অনেকটা না বুঝেই বলেছিলাম, "আমি লেখক হতে চাই।" ছোটবেলা থেকেই গল্পের বই আর কবিতার রাজ্যে ডুব দিয়ে থাকার এক অদ্ভুত নেশা ছিল আমার।বছরের শুরুর দিকে পাঠ্য বই হাতে পেলে নতুন বই এর তাজা ঘ্রাণ শুঁকে তারপর বেছে কবিতাগুলো মুখস্থ করতাম দুলে দুলে। হয়তো সেই মুগ্ধতা থেকেই অবচেতনমনে এই স্বপ্নের জন্ম। তখন অবশ্য বাস্তবতার কঠিন হিসেবগুলো জানা ছিল না, কেবল একরাশ মুগ্ধতা নিয়েই লেখক হওয়ার বাসনা প্রকাশ করেছিলাম।
আজ আমি পেশায় একজন সামান্য শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি মনের তাগিদে একটু-আধটু লেখালেখি করি—কখনো ছড়া, কখনো কবিতা, আবার কখনো ছোটগল্প। সাহিত্যের আঙিনায় কতটুকু জায়গা করে নিতে পেরেছি কিংবা আদৌ 'লেখক' বা 'কবি' হয়ে উঠতে পেরেছি কি না, তা নিয়ে আমার সংশয় আছে। তবে নিজের লেখা কিছু গল্প , ছড়া আর কবিতার আমি নিজেই একনিষ্ঠ ভক্ত! মাঝে মাঝে নিজের সৃষ্টিগুলো পড়তে গিয়ে নিজেই বিস্ময়ে ভাবি—"আদৌ কি এগুলো আমার হাত দিয়ে বেরিয়েছে?" অনুভূতিটা বেশ অদ্ভুত আর মজার!
অনেকে হয়তো বলবেন, নিজের লেখা নিয়ে এমন আত্মতৃপ্তিতে ভোগা তো একজন লেখকের সৃজনশীলতার মৃত্যু ডেকে আনে। কথাটি হয়তো আংশিক সত্য। কিন্তু দিনশেষে নিজের কিছু কিছু লেখা আমার বড্ড প্রিয়, যদিও মনের ভেতরের সবটুকু অনুভূতি সবসময় নিখুঁতভাবে কাগজে ফুটিয়ে তুলতে পারি না।তবু ভালো কিছু লেখার চেষ্টা চলমান।
হ্যাঁ, এটাই আমি! আমার মতো।
আমার ফেলে আসা বন্ধুরা আজ নিজ নিজ ক্ষেত্রে দারুণভাবে প্রতিষ্ঠিত। সময়ের সাথে সাথে তারা দেশ-বিদেশে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে, সুসংহত করেছে নিজেদের অবস্থান। তাদের তুলনায় আমার তেমন প্রতিষ্ঠা বা জাগতিক ধন-সম্পদ নেই। কিন্তু আমার যা আছে, তা হলো এক বুক মানসিক শান্তি। আমি আমার জীবন নিয়ে পূর্ণ তৃপ্ত এবং সুখী। আর তাই বুক ফুলিয়ে, কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি—আমি একজন সুখী মানুষ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.