নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I ♥ MYSELF

আরোগ্য

পৃথিবী আজ তার বার্ধক্যে এসে পড়েছে, শৈশব পেরিয়ে যৌবন ও সে হারিয়েছে, তাই বৃথা আনন্দ করো না, ক্ষণিকের সময় হাতে, নশ্বর এ পৃথিবী যেন মৃত্যুর দ্বারপ্রান্তে। সে মৃত্যু আসার আগে আজ তীর্থে ভ্রমণ করো, পবিত্র জলে হে পৃথিবী তুমি অবগাহন করো, ধুয়ে ফেলো তোমার গায়ের শত কালিমা, সাজিয়ে নাও বিদায়ের আগে আবার আঙিনা।

আরোগ্য › বিস্তারিত পোস্টঃ

সময়ের পরিক্রমায়.....

১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের মত ব্লগে সময় দিতে পারি না। সেজন্য আজ বিশেষ দিনে আপনাদের সাথে আলাপ করার নিমিত্তে এই পোস্ট। একজন সহব্লগার হিসেবে আপনার সদুপদেশ কিংবা জ্ঞানগর্ভ পরামর্শ কিংবা শুভকামনার আশা রাখছি।




জীবন পথে চলতে চলতে ব্লগের সাথে যুক্ত আছি আট বছরের অধিক সময় ধরে। একরাতে এক কবিতা পোস্ট করে ব্লগে খাতা খুলি যেটি আমার ব্লগের পাতার উপরে পরিচয় পর্বে রেখে দিয়েছি। ব্লগের প্রতি একটা মায়া অনুভব করি, কি দিতে পেরেছি তা জানিনা তবে অনেক বেশি কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। পড়তে শিখেছি, কলম ধরতে শিখেছি, গবেষণা করতে শিখেছি, গবেষণাধর্মী লেখা লিখতে শিখেছি, নিজের ভাবনা দর্শণকে শব্দ বন্দী করতে শিখেছি, নিজের বক্তব্য উপস্থাপন করতে শিখেছি, আর না জানি কত কি! যদি অর্জনের হিসাব কষতে হয় তাহলে বলবো সমালোচনার পাশাপাশি ব্লগারদের অদৃশ্য ভালোবাসাও অর্জন করতে পেরেছি, অবসর যাপনের ভালো একটা মাধ্যম পেয়েছি, নিজের লেখাকে পাঠকদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি।

আজ জীবন থেকে পঁয়ত্রিশটি সৌর বর্ষ বিদায় নিলো আর সেই সাথে হারিয়ে গেল কত স্মৃতি কত কথা কত অভিমান কত অভিযোগ কত প্রিয় মুখ কত বন্ধু কত স্বপ্ন আরো হারিয়েছে অমূল্য সম্পদ সময় আর এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির মত মানুষের জীবনেও ক্রমাগত পরিবর্তন চলতে থাকে। মানুষ চাইলেই সময়ের কাঁটা পিছিয়ে দিতে পারে না, আবার এগিয়ে দিতেও পারে না। মনে হয় দৌড়ে জীবনের এত সময় ফুরালাম কিন্তু স্মৃতির পাতা উল্টালে বুঝা যায় আসলেই দীর্ঘ সময় জীবনে অতিবাহিত করেছি। যারা বলে বয়স কেবল একটা সংখ্যা, তারা হয়তো জীবনকে উপলব্ধি করতে পারে নি। আমার কাছে বয়স হচ্ছে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, স্মৃতির সমাহার, পুঞ্জীভূত সুখ দুঃখ, প্রকৃতির কর্জ, মানুষকে চেনার হাতিয়ার। তবুও জীবনের এত দীর্ঘ সময়ে কি অর্জন করলাম তার উত্তরে বলবো, শিক্ষা অর্জন করেছি। নাহ্ পুথিগত বিদ্যার কথা বলছি না বরং জীবন নামক পাঠশালার শিক্ষা। শিখেছি বাল্যকালের শিক্ষা আর অভ্যাস মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে এক প্রকার আনন্দ পাওয়া যায়, চারপাশে স্বার্থপর মানুষের মেলা তাই এসব মানুষ থেকে যত দুরে থাকা যায় ততই নিজের মঙ্গল আর নিজের আদর্শ বজায় রাখার জন্য লোকের কথা এড়িয়ে যেতে হয়।
একটি অবহেলিত সত্য হচ্ছ সুস্থ থাকতে পারা সবচেয়ে বড় পাওয়া, যে অন্যদের ঘরে বাতি জ্বালাতে ব্যস্ত তার ঘরেও নিজেকেই আলো জ্বালাতে হয়। আর একটি বড় শিক্ষা হল নিয়তির কাছে মানুষ বড়ই অসহায় তাই দুঃখ কষ্টে হাহুতাশ না করে সামনের সময়ের জন্য কোন শিক্ষা খুঁজে নেয়া শ্রেয়। আমার জীবনদর্শন ভবিষ্যতের আশায় বর্তমানকে পঙ্গু না করা আবার বর্তমানকে ভোগ করার লোভে ভবিষ্যৎকে হেয় না করা বরং বর্তমানকে কার্যকর করা , অতীতকে নিয়ে আফসোস না করা, উপকারী জ্ঞান অন্বেষণ করা, নিজের কর্তব্য পালনে সচেষ্ট থাকা।
সর্বোপরি অন্ধকার পরিস্থিতিতে স্রষ্টার উপর পূর্ণ ভরসা রেখে আলো হদিশ করা। আর আমার কাছে মনে হয় সক্ষমতা থাকা স্বত্তেও জ্ঞান, প্রতিভা, দক্ষতা তথা যোগ্যতার যথাযথ ব্যবহার না করার চেষ্টাই হল জীবনে প্রকৃত অপচয়।


হে প্রিয় বন্ধু!

কেন এই স্বার্থপর পৃথিবীর সাথে বন্ধুত্বে মেতে আছো, সে তোমার কাছ থেকে সর্বস্ব নিয়ে তোমাকে মহাকালের অতল গহ্বরে বিলীন করে দিবে। কেন সেই বন্ধুর দিকে ফিরে দেখো না যে তার বন্ধুত্বের হাত তোমার দিকে এগিয়ে রেখেছে, যার বন্ধুত্ব লাভ করলে জীবনে আর দ্বিতীয় বন্ধুর প্রয়োজন হবে না।

হে বোকা মুসাফির!

কোথায় হারিয়ে গেছো, কেন দিকভ্রান্ত হয়ে মরীচিকার পিছনে ছুটে চলেছো। তুমি ভুলে গেছো মৃত্যু তোমার পথের শেষ নয় বরং অনন্তকালের পানে যাত্রা শুরু। থেমে থেকো না, উঠে পড়ো, এই পথকে রঙিন করে লাভ নাই, সেই অনন্তকালের পাথেয় যোগাড় কর।

হে অশান্ত চিত্ত!

কোন মোহে আবিষ্ট হয়ে আছো, কেন হৃদয় তোমার বারবার উদাস হয়ে যায় না পাওয়ার আক্ষেপে, অথচ সব প্রাপ্তি একদিন চিরতরে হারিয়ে যাবে এমনকি তোমার নিজের অস্তিত্বও। তবে কেন মিছে আহাজারি ক্ষণস্থায়ী কিছু হারানোর জন্য, কেন সময় শক্তি ক্ষয় করছো ক্ষণিকের সুখের নিমিত্তে?

এই জগৎ সংসার সবকিছুই ক্ষণস্থায়ী। একটা সময় পরিবার পরিজন প্রয়োজন প্রিয়জন সবই চলে যায়। কিন্তু এসকল কিছুর যিনি একমাত্র পরমদাতা কেবল তিনিই থেকে যান তাই সবার আগে তার সাথে সম্পর্কটা মজবুত করা জরুরি। আর তারপর একজন যিনি স্বয়ং আপনি। এ মানুষটাকে ভালোবাসুন, যে কোন অবস্থায় নিজের প্রতি ভালোবাসা হারাবেন না। সারা পৃথিবীর কেউ আপনাকে না ভালোবাসলেও আপনি নিজেকে ভালোবাসুন। প্রকৃত ভালোবাসা স্বার্থপরতা নয় বরং তা প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকার স্পৃহা জাগায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

নতুন বলেছেন: শুভ জন্মদিন ভাই।

১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আরোগ্য বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে মিষ্টি মুখ করেন। অনেক ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখিত সময়ের অভাবে মনোযোগ পোস্ট পড়তে পারি নাই, শুধু ভার্টিক্যাল স্ক্যানিং করে গেছি।

শুভ জন্মদিন। দিনটা আনন্দে কাটুক, দীর্ঘজীবী হোন।

৩| ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

সৈয়দ কুতুব বলেছেন: শুভ জনমদিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.