| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
~~~~~ কি উপহার আমায় দিলি ~~~~~
~~~~~ বনানী খন্দকার ~~~~~
রক্তে হঠাৎ জাগলো কি তোর?
পাগলামী আর আমায় ছোঁবার রঙিন নেশা?
তাইতে বুঝি ছিঁড়লি আমায় এমন করে,
ঝন্ ঝন্ ঝন্ পড়লো যেন গুছিয়ে রাখা
বুক গভীরে সাজিয়ে রাখা পেতল কাঁসা!
কি করে তুই ভাবলি এটা একই রকম খেয়ালীপনা?
এ-কি কেবল শরীর নিয়ে আদিম খেলা?
তুই শুধু যে তোর মতই সাজিয়ে নিলি
বল তাতে কি প্রেম ছিলো তোর ভাসা ভাসা?
তখন থেকেই নিঃস্ব আমি, কাটেনা যে আমার বেলা!
ভাষাহীনা তখন থেকেই যখন হলো সাঙ্গ খেল!
মরতি তোকে দেইনি কেনো একটু বাধা?
এখন আমি একলা মরি, একলা কাঁদি!
শোকে মরি সব হারানোর! জল ঝরে যায় দু’ চোখ থেকে?
তখন কেবল ভেবেছিলাম মনখেয়ালী আদিম খেলা
এটা না হয় করলি কেবল আমার সাথে জোর করেই!
ফেরার আগে বলিসনি তুই কাছে এসে
মুচকি হেসে আলতো করে ভালোবেসে
ভয় নেই রে! আজকে থেকে আমি যে তোর!
সুখেরই ভোর দেখতে পেতাম দু’ চোখ ভরে!
আদিম খেলা শেষের পরে প্রখর দহন,
সূর্যগ্রহণ তুই তো কেবল চলে গেলি মুচকি হেসে!
ভেবেছিলাম মিথ্যেতো নয়! প্রেম ছিলো সব!
নইলে এমন নিবিড় হয়ে কেউ কি এত কাছে আসে?
এখন আমার দিন কাটেনা রাত কাটেনা একলা একলা ভালোবেসে!
শরীর কেবল শরীর টানে?
মনটা বুঝি মন টানে না?
বুকের ভেতর ভরা নদী উজান উঠোন
ভুলে যাবো কি ভাবে সব? যায় কি ভোলা তোরে এমন?
মনটা আজ যে অবুঝ ভারি! দুঃখের বাঁধ দেয়না বুকে
সে কোন সুখে উদাস চোখে তাকাই দুরে আসিস আবার যদি!
মন ছুঁসনি সেদিন রে তুই,
ছুঁয়েছিলি কষ্ণরাতের কালচে আলোয় একলা আমায় নিরিবিলি
খেলেছিলি ছিনিমিনি রিনিঝিনি দেহের সুখে
কষ্ট বুকে এখন বাজে রাতের ঝিঁঝিঁ
কামড়েছিলি কালো রঙা ভ্রমর হয়ে!
এখন আমি যাচ্ছি ক্ষয়ে!
যাচ্ছি বয়ে ব্যাথার সাগর বুকে করে
সুখগুলো সব কোথায় গেল! উঠছে যে বুক কষ্টে ভরে!
পারছিনা আর বইতে আমি!
কি উপহার আমায় দিলি?
©somewhere in net ltd.