| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যে রোদন...
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে (লিখিত) এই ব্লগের কোন কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক অন্যত্র ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ফেসবুকঃ https://www.facebook.com/dr.saiful.bd
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা প্রবাহ নয়, এমনকি হিমালয়ের বরফ গলিত তীব্র শীতল হিমবাহও নয় সবচেয়ে বিপদজনক প্রবাহ হল গড্ডালিকা প্রবাহ। কিন্তু দুঃখের বিষয় এই প্রবাহেই আমরা বেশিরভাগ আমজনতা গা ভাসাতে পছন্দ করি। হয়তো আমার এই লেখার পর স্বজাতির অনেকেরই চক্ষুশূল হয়ে যাব তবুও গত কয়েক বছরের ব্লগ লিখন আর ফেসবুক বিচরণের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু কথা শেয়ার না করলেই নয়।
আমি একজন যৎসামান্য চিকিৎসক, তারচেয়েও সামান্য একজন অনলাইন পদচারি। ফেসবুক কিংবা ব্লগের মহীরুহসম নামগুলোর তুলনায় অতিশয় খুদ্র একজন। নিউটনের ভাষায় অনলাইন দুনিয়ার একটি দুটি বালুকনা কুড়িয়েছি মাত্র। যেখানে সুযোগ হয়েছে চিকিৎসকদের জন্যে কীবোর্ডে আঙ্গুল চালিয়েছি, অনেকের সাথে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক করেছি। এসবের মাঝ দিয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আর সাধারণ মানুষের অসন্তুষ্টির সাথে যুক্তির সেতুবন্ধন রচনা করার চেষ্টা করেছি। তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি চিকিৎসার দরজায় কড়া নেড়ে হতাশ হওয়া মানুষগুলোর হতাশার জন্যে ঠিক কতটুকু চিকিৎসক নিজে দায়ী আর কতটুকু আমাদের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার সুবিধাভোগী কলকব্জাধারীরা দায়ী। সবক্ষেত্রে সফল হয়েছি তা অবশ্যই না তবে অনেক ক্ষেত্রেই চমৎকার সুফল পেয়েছি আমি। আমার বন্ধুতালিকাতেই এমন অনেকে আছেন যারা অনেক ভ্রান্ত ধারনার হাত থেকে মুক্তি পেয়েছেন। এই মানুষগুলো চিকিৎসা ব্যবস্থার সাথে সরাসরি জড়িত না থেকেও চিকিৎসকদের ভিতরের কথাগুলো অনেকটা বুঝতে পারেন এখন, হঠাৎ করেই একটা গালি দিয়ে বসেন না বাকি অনেকের মত।
যে কথা বলতে চাইছি তা হল যারা বোঝার তাদেরকে ঠিকঠাক পয়েন্ট ধরে বোঝালে তারা ঠিকই বোঝে আর যারা বোঝার না তাদেরকে গালাগালি করলেও তারা এ জীবনে বুঝবেনা। শুধু শুধু আমাদের মুখটাই নোংরা হবে। এই কথা কেবল ডাক্তারদের প্রসঙ্গে ভ্রান্ত ধারনা পোষণকারী মানুষগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য না রোগীদের বেলায়ও খাটে। একজন খুদ্র চিকিৎসক হিসেবে বলতে পারি ওষুধে মানুষের রোগ সাড়ে না রোগ সাড়ে মুখের কথায়। এখানটাতেই সমস্যা। এই দরিদ্র মাতার বাংলাদেশে যেখানে একজন চিকিৎসককে প্রায় সব ক্ষেত্রেই তার সাধ্যের চেয়ে অনেক বেশি গুণ রোগীকে সেবা দিতে হয় সেখানে এই মুখের কথারুপী মোক্ষম ঔষধটুকু বেশিরভাগ ক্ষেত্রেই দেয়া সম্ভব হয়না। যার ফলস্বরূপ মানুষের মধ্যে ভ্রান্ত ধারনা জন্মায় ‘বেটা ডাক্তার আমারে দেখলই না, তার আগেই ঔষধ লিখে দিল। এই ঔষধ খেয়ে কি হবে?’ একজন চিকিৎসক মাত্রই জানেন অনেক রোগীকে চেম্বারে ঢুকতে দেখেই তার রোগ নির্ণয় করা হয়ে যায় কিন্তু সে কথা তো আমি আপনি জানি; সেই রোগী বেচারা জানে না। তাই আমজনতাকে ঢালাও দোষারোপ করা ঠিক হবে না।
একজন অত্যন্ত জনপ্রিয় ফেসবুকারের একটি সাম্প্রতিক পোস্ট নিয়ে চিকিৎসক এবং মেডিক্যাল স্টুডেন্টদের মাঝে ব্যাপক অসন্তোষ। একটা ভার্চুয়াল তিক্তাবস্থার সৃষ্টি হয়েছে বলা যায়। অস্বীকার করবোনা আমি নিজেও সেই অসন্তুষ্টদের একজন। এই নিয়ে একটা লেখাও পোস্ট করেছি। তাঁর স্ট্যাটাসে সেই আক্ষেপের কথা জানিয়ে কমেন্টও করেছি। খুব অবাক হয়েছি যখন দেখলাম আমার কমেন্টের কিছুক্ষণের মাঝে সেই ভদ্রলোক নিজে থেকে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন। সেটা গ্রহণ করার পর তিনি আমাকে ইনবক্সে নক করেন। বেশ আন্তরিকভাবে অ্যাপ্রোচ করলেন। তারপর কিছুক্ষণ মৃদু বিতর্ক হল। একটু সময় বাদে আমাকে অবাক করে দিয়ে তাঁর ইনবক্সে আসা কিছু মেসেজ লিখে দেখালেন সংশ্লিষ্ট প্রেরণকারীর প্রোফাইল লিংক সহ। আমি সেগুলো পড়ে আর তর্ক চালানোর উপায় দেখলাম না। কারন যে ভাষায় উনাকে বলা হয়েছে, তাঁর পরিবারের লোকজন তুলে আজেবাজে কথা বলা হয়েছে সেটা সত্যিকার অর্থেই আমাদের ইমেজের সাথে বেমানান, খুবই বেমানান। আমরা চিকিৎসকরা এবং চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীরা নিজেদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মনে করি, আমরা যে দেশের সবচেয়ে মেধাবানদের একটি অংশ সে কথা নিন্দুকেরাও স্বীকার করে। সেক্ষেত্রে আমি বলব ওনার সাথে যে আচরণ করা হয়েছে সেটা প্রথম শ্রেণীর নাগরিকের মত অবশ্যই হয়নি। কোন একজন মানুষ আমাদেরকে আহত করে কথা বলামাত্রই আমরা যদি উল্টো তার গুষ্ঠি ধরে গালাগালি শুরু করি তবে কোন সুফল আসার কথা না। তাকে বোঝাতে হবে অকাট্য যুক্তি এবং বক্তব্যের স্পষ্টতায়। তাহলেই প্রমাণ হবে যে আমরা আসলেই মেধাবী।
ইন্টার্ন ডাক্তার এবং মেডিক্যাল কলেজগুলোতে পাঠরত ছোট ভাইবোনদের উদ্দেশ্যে কিছু কথা আছে বলার। আমাদের পেশা নিয়ে অপপ্রচার হয় খুব, পত্রিকাওয়ালারা আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারলে খুশিতে বাক বাকুম হয়ে যায় কারন তারা ভাল করে জানে যে এই জাতীয় খবর লোকে খাবে ভাল। এইসব অপপ্রচার, ডাক্তার সমাজের প্রতি আমজনতার ঘৃণায় ঠাসা অনুভুতির সাথে পরিচিত হয়ে আপনারা অনেকেই খুব হতাশ হয়ে পড়েন। পেশা জীবনের শুরুতেই অথবা প্রবেশের আগেই এই ভয়াবহ পরিস্থিতি দেখে আপনাদের মনোজগতে একটা বড় রকমের আঘাত আসে। তাই আপনারা যখন দেখেন ভার্চুয়াল জগতে বিভিন্ন গলি ঘুপচিতে সুযোগ হলেই লোকে ডাক্তারদের পিণ্ডি চটকাচ্ছে আপনারা কেউ কেউ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই কারো কারো পদস্খলন হয়। আমি বলছিনা সাত চড়ে রা করেনা টাইপ রামগরুর ছানা হয়ে থাকতে, প্রতিবাদ আমরা অবশ্যই করবো এবং সেটা অবশ্যই কঠোর হবে কিন্তু সেই সাথে যেন যুক্তিপূর্ণও হয় সেদিকটা একটু খেয়াল রাখার অনুরোধ করছি আমি। একটা নমুনা উদাহরণ দিচ্ছি কেবলঃ
অধিকাংশ লোককে বলতে শুনবেন
‘ডাক্তাররা এতো টাকা পিপাসু কেন? রাত দুইটা পর্যন্ত একেকজন প্রাইভেট চেম্বারে রোগী দেখে! ওদের কত টাকা দরকার?’
আপনার ক্ষেপে যাওয়ার দরকার নাই। আপনি শুধু বলেন- 'ঠিক আছে আপনার কথা মেনে নিলাম। সারাদেশে কোন ডাক্তার প্রাইভেট চেম্বারে একটা রোগীও দেখবে না। এখন আপনি বলেন রোজ সন্ধ্যার পর থেকে সারাদেশে যে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিচ্ছে তারা কিভাবে চিকিৎসা নিবে? সরকারী হাসপাতালে এমনিতেই রোগী দাঁড়ানোর জায়গা থাকেনা। তাহলে এদের কি গতি হবে? বিনা চিকিৎসায় থাকবে?'
দেখবেন এরা কোন উত্তর খুঁজে পাবেনা।
আমরা যদি নিম্ন শ্রেণীর কিছু মানুষের মত লাগাতার খিস্তি খেউর করি তবে আমাদের নিজেদের অবস্থানই কেবল নীচে নামবে, যাদের উদ্দেশ্যে করছি তাদের কিছু যাবে আসবে না। স্বীকার করছি মাঝে মাঝে কিছু অদ্ভুত চিড়িয়ার দেখা পাওয়া যায় যারা কিছুতেই কিছু বুঝতে চায় না, উল্টা পাল্টা প্রশ্ন করে, মন্তব্য করে। যদি মেজাজ ধরে রাখতে না পারেন তবে বলব আজকাল ব্লগ-ফেসবুকে অনেক ডাক্তার অনেক সুন্দর সুন্দর লেখা লিখছে সেইসব লেখা গুলো সংগ্রহে রেখে দিবেন, তাদেরকে পড়াবেন, জবাব দিতে বলবেন। সব কিছুর পরও যারা ২+২ = ৪ একথা মানবে না, ঘাড়ে ঠেলে তর্ক চালাবে, তালগাছের গোঁড়া আঁকড়ে ধরে ঝুলে থাকবে ওগুলোকে ব্লক করে ওদের ভার্চুয়াল আত্মাকে শান্তি প্রদান করাই শ্রেয় বলে মনে হয়।
অস্বীকার করার উপায় নেই যে আমাদের পেশায় গুটিকয় পূর্বসূরিদের কিছু অপকর্মের ভূমিকা আছে আজকের ডাক্তার সমাজের দুরবস্থার জন্যে। যে যায় লঙ্কায় সেই হয় রাবন; কোন একজন ডাক্তার রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চাসনে বসে স্বজাতির দিকে তাকিয়েছে বলে মনে পড়েনা। অনেক বয়োজ্যেষ্ঠ চিকিৎসকরা পরবর্তীতে নবীন চিকিৎসকদের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা মনে করেননি। তারা কেউ কেউ টাকার পিছনে ছুটেছেন, ডিউটি ডাক্তারকে দিয়ে অ্যাসিস্ট না করিয়ে ওয়ার্ডবয়, নার্সকে বেছে নিয়েছেন। আর সেইসব অগ্রজদের কয়েকজনের অপকর্মের দায়ভার যখন অনেকাংশে সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী এ প্রজন্মের ডাক্তারদের কাঁধে এসে ভর করে তখন সেই বোঝা বইতে ইচ্ছে করেনা একদম।
আমজনতা যখন ঢালাওভাবে আমাদের পেশা তুলে গালাগাল করে তখন রাগ হয়, ঘেন্না ধরে; মনে হয় মানুষগুলা এতো অকৃতজ্ঞ কেন? বিশ্বাস করুন এই অনুভূতি আপনার চেয়ে আমার একবিন্দু কম না বরং অনেক বেশি হবার সম্ভাবনা। এই নিয়ে অসংখ্য লেখা লিখেছি বিশাল বিশাল মন্তব্য লিখেছি ব্লগে, ফেসবুকে নানা জায়গায়। সবকিছুর পরও এই কথা ভুলে যাওয়ার উপায় নেই আমাদের পূর্বসূরিদের কোন একজনের অপকর্মে, অবহেলায় বা এক মুহূর্তের মনঃসংযোগের ঘাটতির কারনে যে মানুষটি তার মা’কে হারিয়েছে বা সন্তানকে হারিয়েছে তার কাছে আপনি আমি কতটা সৎ-নিষ্ঠাবান ডাক্তার তার কানাকড়ি মূল্য নেই। ডাক্তার মাত্রই তার কাছে চক্ষুশূল হবে এটাই স্বাভাবিক। এরকম একজন মানুষকে যদি আমরা অফেন্সিভ কথা বলি তবে পাল্টা আক্রান্ত হব এটাই স্বাভাবিক। আহত একজন মানুষকে আঘাত করে ভাল কিছু পাওয়ার আশা করে লাভ নেই। আমরা যদি একেকজন নিজেদেরকে আরও পরিষ্কারভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি তবে লোকজন নিশ্চয়ই বদলাবে, খুব ধীরে হলেও বদলাবে। আমি এমন অনেককে পেয়েছি যারা আগে সমানে আমাদেরকে গালমন্দ করতো কিন্তু এখন আমূল বদলে গেছে। আমাদের নিয়ে কেউ আজেবাজে বললে তারাই এখন প্রতিবাদ করে। ঘরের খেয়ে ফেসবুকের মোষ তাড়ানো একদম বৃথা যায়নি – এমন অনুভূতি হয় তখন আমার।
সমাজের অধিকাংশ মানুষ আমাদের প্রতি বিরুপ ধারনা পোষণ করে। এসব দেখে আমরা একেকজন ক্লান্ত, ভঙ্গুর প্রায়। তবু দেখুন একটানা ২৪ ঘণ্টা হাসপাতালে ডিউটি করার পরেও যখন আপনার ডিউটি রুমের দরজায় এসে একটা কিশোর হাঁপাতে হাঁপাতে বলবে – "স্যার! আমার মা’কে বাঁচান! মা যেন কেমন করতাছে!" আপনি তখন ঠিকই এক নিমেষে সব ক্লান্তি ভুলে গিয়ে স্টেথোস্কোপ নিয়ে ছুটে যাবেন সেই মা’কে বাঁচাতে। রাত তিনটায় ঘুম ভাঙিয়ে যখন আপনার প্রতিবেশী কান্নাভেজা কণ্ঠে বলবে "বাবা! আমার বাচ্চাটা তো চোখমুখ উলটে দিচ্ছে। আমার খুব ভয় লাগতাছে বাজান! তুমি একটু আস" আপনি সেই মুহূর্তের মাঝে দৌড়ে যাবেন সেই শিশুকে বাঁচাতে।
মানুষ স্বীকার করুক কিংবা অকৃতজ্ঞ থাকুক আমাদের কাজ আমরা করে যাবই। দিনের শেষে এই বুঝ-অবুঝ মানুষগুলোকে নিয়েই আমাদের জীবন। সেই জীবন যখন সঙ্কটাপন্ন হবে তারা আমাদের কাছেই আশ্রয় খুঁজবে। যতোই রাগ করি, অভিমান করি আমরা ঠিকই জানি তাদের অসহায় মুখগুলো দেখে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারবোনা। এটাই আমাদের পেশার মাহাত্ম।
আমি একজন চিকিৎসক, আমি একজন গর্বিত মানুষ।
২|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
মর্গের লাশ বলেছেন: শেষের দিকের কথা গুলো হৃদয় ছুয়ে গেল। অনেক ভাল লিখেছেন।
৩|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
আরিফ রুবেল বলেছেন: সারাদেশে যে লক্ষ লক্ষ মানুষ সরকারী হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রাইভেট চেম্বারে যেতে বাধ্য হচ্ছে চিকিৎসা নিচ্ছে তাদের কি সেখানে চিকিৎসা নিলে সমস্যার সমাধান হবে ? সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের একটি হচ্ছে চিকিৎসা লাভের অধিকার। রাষ্ট্র কি সেটা স্বীকার করে ? স্বাস্থ্য খাতে যে বরাদ্দ থাকে প্রতিবছর সেটা কি পর্যাপ্ত। আপনার লেখাতেই উঠে এসেছে পর্যাপ্ত না। কেন পর্যাপ্ত না ? কারণ আমাদের অত টাকা নেই। আসলেই আমাদের টাকা নেই ?
ধরুন আপনার টাকার বড় অভাব, আপনি সংসার চালাতে পারছেন না, সন্তানের শিক্ষা, চিকিৎসার প্রয়োজনীয় অর্থ দিতে পারছেন না এই অবস্থায় কি আপনি কখনো আপনার জন্য বন্দুক-পিস্তল কিনবেন ? আমাদের সরকারের টাকা নেই, আমরা শিক্ষা-চিকিৎসার মত মানব উন্নয়নমূলক খাতে বরাদ্দ করতে পারছি না, অথচ সরকার পারমানবিক বিদ্যুৎ প্লান্ট ও অস্ত্র কেনার জন্য বারো হাজার কোটি টাকা ঋণ করে। এখন এই টাকা কি সরকার পরিশোধ করতে পারবে না ? অতীত সাক্ষী, সরকার পাই পাই করে এই অর্থ শোধ করবে।
এখন, কোনটা জরুরী মিগ-ট্যাঙ্ক-অস্ত্র কেনা নাকি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন ? মানব উন্নয়ন নাকি অস্ত্রবাজী ? পরিবেশের জন্য ক্ষতিকর পারমানবিক প্লান্ট স্থাপন নাকি বিদ্যমান প্লানগুলোর রক্ষণাবেক্ষণ, জ্বালানীর সর্বোচ্চ ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানীর প্রতি নজর দেয়া ? পরিবেশ বান্ধব নাকি বিধ্বংসী ? এই প্রশ্নগুলোর জবাবই রাষ্ট্রের চরিত্র এবং রাষ্ট্রের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে।
আপনি চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়েও বলেছেন। আমার পরিসংখ্যান জানা নেই, আমি জানি না দেশের কত শতাংশ মানুষ চিকিৎসা সুবিধার আওতায় আছে। ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে যুক্তি দেখিয়েছেন যে প্রাইভেট প্র্যাকটিস না থাকলে যারা চিকিৎসা পাচ্ছে তারাও আর পাবে না, কারণ দেশে হাসপাতাল সংকট। এটা পরোক্ষভাবে ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসার পক্ষেও যুক্তি তৈরি করে। দেশের এক-তৃতীয়াংশের অধিক মানুষ যেখানে দারিদ্রসীমার নিচে বসবাস করে সেখানে আপনি তাদের কিভাবে চিকিৎসা সেবার আওতায় আনবেন ? যাদের খাবার টাকার অভাব তাদের কিভাবে আপনি আপনার প্রাইভেট প্র্যাকটিসের আওতায় আনবেন ?
দেশে কয়টা দাতব্য চিকিৎসাকেন্দ্র আছে যেখানে বিনামূল্য চিকিৎসা এবং ওষুধ মেলে ? আপনারা মাঝে মাঝে বিনামূল্য চিকিৎসা দেয়ার জন্য বাংলার পথে প্রান্তরে প্রান্তিক মানুষদের কাছে ছুটে যান এবং এ জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ। কিন্তু চিন্তা করুন এগুলো কি পর্যাপ্ত ? যে মানুষটা আপনার কাছ পর্যন্ত যেতে পেরেছে তার ক্ষোভ হয়ত আপনার উপর পরছে কিন্তু যাদের আপনার কাছে ঘেঁষার সাহস নেই তাদের ক্ষোভ আপনার উপর নেই, তবে ঈশ্বরের উপর আছে।
আপনি শেষ প্যারায় বলেছেন, “সমাজের অধিকাংশ মানুষ আমাদের প্রতি বিরূপ ধারনা পোষণ করে”; কথা সত্য। কিন্তু এই অবস্থা কি পূর্বেও ছিল ? আগে গ্রাম দেশের হাতুড়ে চিকিৎসক যে সম্মান পেতেন আজ শহরের নামকরা ডাক্তাররাও সেই সম্মান পান কিনা সন্দেহ আছে। কিন্তু এটা কি শুধু এই পেশারই সমস্যা ? আজকে শিক্ষকদের প্রতি মানুষ কি ধারনা পোষণ করে ? প্রকৌশলী, সাংবাদিক, উকিল এমনকি বিচারকের প্রতিও কি সাধারণ মানুষ বিরূপ ধারনা পোষণ করে না ?
সব শেষে, যতদিন না শিক্ষা, চিকিৎসা ও বিচার বিভাগ এই তিন খাতকে জনগণের কাছে সুলভ তথা অর্থ ও ব্যক্তির সামাজিক অবস্থানের প্রভাবমুক্ত করা যাবে ততদিন সমাজ থেকে বৈষম্য দূর হবে না, দারিদ্র কমবে না, উন্নয়ন টেকসই হবে না, কাঙ্ক্ষিত সাফল্য লাভ দুরাশাই রয়ে যাবে আর সর্বোপরি, আমরা যে গণতন্ত্র, গণতন্ত্র বলে হাহাকার করি সেটাও বরাবরের মত অধরাই রয়ে যাবে।
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাইয়া,আমি আরিফ রুবেল ভাইয়ের সাথে শেষের প্যারায় একমত।তবে আমি একটু যোগ করবো এই বলে যে,পৃথিবীর কোন কিছুই সমালোচনার উর্ধে নয়।আমি নিজেও আইনের ছাত্র,অনেক সময়ে অনেক বাজে সমালোচনার মুখোমুখি হয়েছি,আমি নিজেই স্বীকার করি বাংলাদেশের বিচার ব্যাবস্থা দুর্নীতিগ্রস্থ এবং অনেক আইনজীবীদের নৈতিকতা বলে কিছু নেই।তাই বলে তো,অপরপক্ষকে গালাগাল কিংবা ব্যাক্তিগত আক্রমণ করলে চলবে না।আমাদেরকে মানুষের সামনে সুন্দর উদাহরণ সৃষ্টি করতে হবে।মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই আছে,এখন একজন মানুষ যদি তার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কোন উদাহরণ দেয় সেটা যদি আপনাদের বিপক্ষে যায় তার ম্যানে কি ঐ লোক কে যা ইচ্ছে তাই বলতে হবে?আত্মসমালোচনা,আত্তশুদ্ধি এসব মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।আমি নিজেও এমন ডাক্তারকে চিনি যিনি নির্দিষ্ট সেন্টারের রিপোর্ট ছাড়া দেখেন না,এখন এই ব্যাপারে আমি যদি কোন স্ট্যাটাস দিয়ে আমার ক্ষোভের বহিপ্রকাশ ঘটাই তাতে কি আমি ডাক্তার জাতির শত্রু হয়ে গেলাম ?গত কিছুদিন আগে দেখেছি,সরকারি কোন মেডিকেল কলেজের শিক্ষক ভুল চিকিৎসায় মারা গিয়েছেন,উনিও তো আপ্নাদের একজন ছিলেন,এই ঘটনা তো আমার আপনার জীবনেও ঘটতে পারে ?আমি জানি হাজারটা প্রাণ আপনার বাঁচান কিন্তু তাই বলে একটি ঝরে যাওয়া প্রানের জন্য আপনার জবাবদিহিতা এড়াতে পারেন না।আপনি যদি এভাবে জবাবদিহিতা এড়ান তাহলে বাস ড্রাইভাররাও একই কথা বলবে। কিছুদিন আগে দেখলাম,আমাদের স্বাস্থ্যসেবা খাত অন্যতম দুর্নীতিগ্রস্থ,এসবই আমাদের জন্য একটা ম্যাসেজ।সব দোষ রাজনীতিবিদদের ঘাড়ে আর আমরা তুলসি পাতা,এমনটি ভাব্লে চলবে না।দেশে টাকার কাছে নৈতিকতা বিসর্জন দেবার মহাউতসব চলতেছে,এখান থেকে বের হবার দায়িত্ব আমাদের সবার। মানবদেহের প্রতিটা অঙ্গ যেমন গুরত্তপুর্ন তেমনি আমাদের প্রতিটা পেশার লোকও সমাজের জন্য গুরত্তপুর্ন,সুতরাং সমালোচনাকে নিজেদেরকে শুধরানোর অংশ হিসেবে দেখতে হবে,আর যে সব সমালোচনা অপ্রাসঙ্গিক সেগুলর উত্তর সময়ই দিয়ে দিবে।
৫|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
অরণ্যের রোদন বলেছেন: অরণ্যে রোদন... ভাই আপনার লেখাটি পর পর দুই বার পড়লাম খুবই ভাল লাগলো। খুবই সুন্দর, বাস্তব এবং বর্তমান প্রেক্ষাপটের সহিত মানানসই।
আল্লাহর কাছে দোআ করি আপনার মত মানুষেরা যেন সবসময় ভাল থাকেন। আপনার প্রতি আমরা দোআ রইল। ভাল থাকবেন।
৬|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
ছোট নদী বলেছেন: অসহায় ফিল করছি এই প্রফেশনে
৭|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
সাদেকুর বলেছেন: " যতোই রাগ করি, অভিমান করি আমরা ঠিকই জানি তাদের অসহায় মুখগুলো দেখে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারবোনা। এটাই আমাদের পেশার মাহাত্ম।"
সুন্দর ও দৃঢ় আত্মবিশ্বাস,
ভালো থাকেন, নিজেকে বিলিয়ে দেন আর্তমানবতার সেবায়।
++++++++++++
৮|
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
তন্ময় ফেরদৌস বলেছেন: লেখাটা টাচ করলো ।
৯|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
লিখন সরকার বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
জনদরদী বলেছেন: আমার দাদীর চোখে ছানি পড়ে ছিল (প্রায় ২০ বছর আগের কথা ) । ডাক্তার দেখানো হলে তিনি বলেন অস্তপ্রচার ছাড়া ভাল করা সম্ভব নয় । তিনি কিছু ঔষুধ এবং ড্রপ দেন । অন্য একজন পরিচিত ডাক্তার বলেছিল ঔষুধ ও ড্রপ দেয়া হয়েছে যাতে ছানি দ্রুত পড়ে এবং অস্ত্রপ্রচারে সুবিধা হয় । ২০ বছর পার হয়েছে এখনও কিন্তু আমার দাদীর অস্ত্রপ্রচার করা লাগে নি ।
পড়ে দেখুন আপনাদের স্বজাতির একটি পোষ্টঃ ডাক্তার যখন চিকিৎসক-ডাক্তার যখন রোগি