| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(২)
পরিবার
তরঙ্গময় প্রান্তর দেশ অতিক্রম করিয়া ক্ষুদ্র দলটি যখন অরণ্যভূমে প্রবিষ্ট হইল তখন দূরপর্বতরাজি নিরুপমালোকমালায় সজ্জিত হইয়াছে । নবনীলনভে সমূদ্রফেনসম সন্তরনশীল শুভ্রনীরদকুলে অপরূপ সৌরাভা প্রভূত বর্ণ বিচ্ছুরণে যেই মোহময় রূপ ধারন করিয়াছে কিয়ৎক্ষন পূর্বেও তাহার চিহ্ন মাত্র ছিল না । মৃদু মন্দ প্রভাতসমীরণপ্রবাহে দেহত্বকে কি এক প্রকার শীতানুভূতি হইতেছিল, এমনি সময় উদর দেশে উষ্ণতা অনুভূত হইলে চমকিয়া সেই দিকে দৃষ্টি দিতেই উদরের মাংসপেশী সঙ্কোচনে ভিতরে ঢুকিয়া গেল বিহানের । নিদ্রিত অবস্থাতেই শিশু কার্যটি করিয়া দিয়াছে। হস্তধৃত ধনুষ ভূমিশয্যা লইল আচম্বিতে ; প্রতীত হয় অশত্থামা হত ইতি গজ অর্ধশ্রুত হইলেও কুরুসেনা প্রমুখ দ্রোনের ধনুষ এমত সহজে হস্তস্খলিত হয় নাই । দুই হস্তে শিশুকে নিজ দেহ হইতে যতটা সম্ভব দূরে ঠেলিয়া অগ্রে দোদুল্যমান অবস্থায় রাখিয়া বিহান দেখিল, সে বস্তুসকলে শিশু মাখা মাখি । উক্ত বস্তুসকল বিহানের উদরদেশ ছাড়িয়া তখন নিম্নাঙ্গের পরিধেয়কেও আক্রান্ত করিয়াছে । শিশু তারস্বরে চিৎকার ধরিয়াছে । ক্ষণিকতরে একবার মনে আসিল, এই ভয়াবহ ক্ষুদ্র জীবটি এই মুহূর্তেই পরিত্যাজ্য । রোদনরত শিশুর অক্ষিপানে চাহিয়া পরমুহূর্তে আপন চিন্তার বীভৎসতায় শিহরিয়া উঠিল বিহান । ক্ষুদ্রকায় দুই মুষ্টিতে তাহার পেশীবহুল দুই বাহু সজোরে আকর্ষণ করিয়া শিশু তখন অরণ্য কম্পিত করিয়া রোদন করিতেছে । মনে হয় কর্ণপটহ বুঝি বা বিদীর্ণ হইয়া যায় ।
উহাকে চুপ করাইতে হইবে এবং অবশ্যই শিকারিসুলভ পদ্ধতিতে নহে । শিশু পালন ও যত্ন তাহার শিকারিজীবনলব্ধ অভিজ্ঞতাসমূহের বাহিরের সামগ্রী । যাহা হউক, তড়িৎগতিতে যাহা তাহার মাথায় আসিল, তাহা যথেষ্ট কার্যকর হইল। অরণ্য হইতে পূর্বসংগৃহীত মধু রক্ষিত ছিল বংশ দণ্ড নির্মিত পাত্রে । ঝোলা হইতে তাহা বাহির করিয়া শিশুকে খানিক আস্বাদন করাইতে শিশু গভীর মনোযোগে জিভ গাল চাটিতে চাটিতে মৃদু টাস টাস শব্দ করিতে লাগিল । মিষ্ট ঘ্রান অনুসরণ করিয়া সারমেয় শাবক শিশুর মুখ চাটিতে চেষ্টা করিতেছে দেখিয়া বিহান খানিক মধু তাহার মুখগহবরে ঢালিয়া দিল। নিকটবর্তী ঝরনাস্রোতধারার খোঁজ বিহান রাখিত । যাবতীয় যাহা কিছু সঙ্গে ছিল উঠাইয়া সেই উদ্দেশ্যে রওয়ানা হইল সে । পশ্চাদচারী সারমেয়শাবক ।
ঝর্নার হিমশীতল বারিধারায় আকণ্ঠ নিমজ্জিত হইয়া পরিষ্কৃত হইতে যারপরনাই আপত্তি ছিল শিশুর । শীর্ণ হস্তপদের প্রবল চালনায় এবং ততোধিক শীর্ণ কণ্ঠের তীব্রতম ব্যাবহারে প্রতিবাদ জানাইতেছিল শিশু । তাহাকে কক্ষে ধারন করিয়া হস্তে জল লইয়া তাহার মুখমণ্ডল পরিস্কার করিল বিহান । সামান্য যে কয়খানি কেশ গজাইয়াছে তাহা জটা বাঁধিয়া গিয়াছিল । তাহা জলে ভিজাইয়া অঙ্গুলিচালনায় ছাড়াইয়া দিল । খানিক শারীরিক স্বস্তি বোধ করিয়া শিশুর রোদন হ্রাস পাইয়া আসিল । ঝোলা হইতে বস্ত্রখণ্ড বাহির করিয়া শিশুকে শুষ্ক করিয়া মুছাইয়া পার্শ্বোপোবেশনরত সারমেয়শাবকের গাত্রে তাহাকে হেলান দিয়া বসাইয়া দিল সে । সেই দুইটি অসহায় জীবকে একত্রে দেখিয়া অদ্ভুত এক মায়াময় অনুভূতির উদ্রেক হইল তাহার মনে । অতঃপর নিজে স্নান করিতে করিতে মনে হইল – তিনজনের তাহাদের পরিবার হইয়াছে ভালো।
©somewhere in net ltd.