| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...........উদক বিন্দু....................
.
……………এক ফোটা বৃষ্টি বিন্দু।ঝুলে আছে পাটকাঠির চালের এলোমেলো সজ্জার ভিতর থেকে বেরিয়ে আসা এক দণ্ড পাটকাঠির ডগায়। আশ পাশে গোধূলির ক্লান্ত সূর্যের মৃদু আলো যদিও বা আছে, চালের নিচের অন্ধকারটাই আধিপত্য বিস্তার করে রেখেছে সেখানে। অন্ধকারের অবরোধ ভেদ করে কমাণ্ডো সেনার মত কিছু কিরণ ছুঁয়ে যাচ্ছে পানির ফোটাকে। স্পর্শ তল থেকে দূরবর্তী ঝুলন্ত অংশ মুক্তার ন্যাায় চিকচিক করছে।…..........আহ্হা ! কি এক হারানো বেদনা যেন আছে ওখানে ! যেন লুকিয়ে লুকিয়ে উঁকি দিচ্ছে আমায় ওই বারিবিন্দু থেকে। হ্যা ওটা বেদনাই। হারানো সুখ নয়। হারানো ওই বেদনারই অভাব অনুভূত হচ্ছে বুকের গহীনে। অবারিত ঢল হতে ছিটকে পড়া সাথি হারা এই ছোট্ট জলের টুকরাকে কত শৈল্পিক সাজেই না সাজাচ্ছে পার্শ্ববর্তী অন্ধকার । যেন পিঞ্জিরায় আবদ্ধ বিহঙ্গ । সাঁঝের মায়া তাতে স্নিগ্ধতা মিশিয়ে দিয়েছে । ওইতো ! ওইতো বৃষ্টির ফোটার মধ্যে আমার শৈশব দেখতে পাচ্ছি । আর ওই অন্ধকার গুলো আমার শৈশব মোড়ানো স্মৃতি । হ্যা ! হ্যা ওই স্মৃতিগুলোই আমাকে বেদনা দিচ্ছে এখন। আমার শৈশবকে এভাবেই সাজিয়েছিল আমার স্মৃতিগুলো………
.
অভিকর্ষ বলের প্রবল টানে টপ করে পড়ে গেল বিন্দুটি আর সাথে আমার কল্পনাটুকুও নিয়ে গেল। আমি সম্বিত ফিরে পেলাম । পরবর্তী বিন্দুর সাথে শুরু হল অন্ধকারের নতুন বাসর……
©somewhere in net ltd.