| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কদিন ধরেই নিশাচর জীবনযাপন করছি, এর ফলস্বরুপ সকালে ঘুমের মাত্রা ভয়াবহ ভাবে গেছে! রাত ৪-৫টার দিকে ঘুমাই আর ঠিক ১২টার দিকে উঠি। সবমিলিয়ে লেখাপড়ার অবস্থা মর্মান্তিক। নিশাচর বৃত্তি জিনিসটা খারাপ না, রাতগুলো বেশ ভালই কাটে তার উপর একজন নিশিকালীন প্রতিবেশীও জুটে গেছে! আশেপাশের কোনো এক বাসার একটা মোরগ, বেচারার সময় জ্ঞান আতি নিম্নস্তরের! প্রতিদিন রাত ১২টার পর থেকে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর উনি গলা খাঁখরি দেন, তাও ভয়ঙ্কর সুপারসনিক ফ্রিকোয়েন্সিতে।
সকালবেলা মোরগের ডাক খারাপ লাগে না কিন্তু রাত ২-৩টার দিকে অনেকটা ধাক্কার মত লাগে, সবগুলা ভূতের মুভির কথা একসাথে মনে পড়ে যায়।
আমাদের কলোনীটা একসময় জঙ্গলাকীর্ণ এলাকা ছিল, খুব বেশিদিন আগের কথা না (প্রায় ১২ বছর আগে আমরা গ্রাম থেকে এখানে মুভ করি তখন হাতে গোনা মাত্র ৫-৭টা ঘর ছিল, আর এখন জঙ্গল তো দূরের কথা একয়া গাছও মাথাগোঁজার জায়গা পায় না।) যখন এই জায়গায় কোনো ঘরবাড়ি ছিল না তখন এখানে নাকি ঘোড়া চড়ানো হত। কথিত আছে যে মাথা কাটা একটা ঘোড়ার (ভূত) উপদ্রবও নাকি ছিল! ছোটবেলায় মনে হয় এমন কিছু একটা দেখে ভয় পেয়েছিলাম, সেই ভয়ের রেশটা নিশ্চই অবচেতন মনের কোথাও ঘাপটি মেরে আছে। মোরগ প্রতিবেশীর বাজখাঁই গলায় ডাক শুনে মাথাকাটা ঘোড়া সাহেব আমার সাইন্যাপ্সে কড়া নাড়েন। "আমি বেশ সাহসী মানুষ" এটা নিজের কাছে প্রমান করার জন্য বাসার দুমুখ খোলা করিডোরে বাতি নিভিয়ে হাটাহাটি করি, এখন পর্যন্ত উনার দর্শন যদিও হয় নি।
মোরগ প্রতিবেশী যে শুধু রাত-বিরাতেই উনার অস্তিত্বের জানান দেন তা না, দিন-দুপুরেও বেশ আয়েসি ভঙ্গিতে কোকোক্কক্কক্করোক্ককওওওক গান ধরেন। আচ্ছা এর সমস্যাটা কি?? আমি জানতাম যে মোরগ কেবল ভোরবেলাতেই ডাকে, দিনের বেলাতেও না হয় ডাকলো তাই বলে রাতদুপুরে?? এরও কি মানুষের মত নিদ্রাহীনতা রোগ আছে?? না কি কোনো মুরগীর প্রেমে ছেকা খাওয়ার বিরহে রাতে ঘুম হচ্ছে না?? নাকি সে অভিযোজন প্রক্রিয়ায় নিশাচর হয়ে যাচ্ছে?? না কি আমার মত পাব্লিক ভার্সিটিতে চান্স না পাওয়ার টেনশনে তারও আরামের ঘুম হারাম হয়ে গেছে??
বি:দ্র: মোরগ প্রজাতির সমাজ ব্যবস্থার উপর বিস্তারিত গবেষণা করা দরকার, হয়ত চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসতে পারে!!
©somewhere in net ltd.