নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো খুচরো পয়সা

U cant hurt me,cause i dont have time to b sad..:)..

হারানো খুচরো পয়সা › বিস্তারিত পোস্টঃ

হতবাক আওয়ামীলীগ নিরুপায় bnp

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

সকল রাজাকারের ফাঁসির দাবীতে উত্তাল শাহবাগের আগুন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে ।

একে একে যুক্ত হয়েছে ঢাকার সাভার ,সিলেট,চট্টগ্রাম,রাজশাহী,খুলনা,ময়মনসিংহ,কক্সবাজার,সুনামগঞ্জ থেকে সুদূর অস্ট্রেলিয়া,আমেরিকাপ্রবাসী বাঙ্গালীরাও ! এই আগুন ছুঁয়ে গেছে লক্ষ মানুষকে ,এই আগুন স্পষ্ট করেছে তরুনদের মুক্তিযুদ্ধের চেতনাকে । এই আন্দোলন সকল মানুষের প্রানের দাবী থেকে উৎসারিত , সকল প্রতারিত মনের বিক্ষুব্ধতার প্রকাশ ।



অনলাইন এক্টিভিস্টদের ও ব্লগারদের মাধ্যমে শুরু হওয়া এই জাগরনকে পুঁজি করতে চেয়েছে কিছু রাজনৈতিক দল ।জামায়াতের কর্মীরা ছড়িয়েছে গাঁজা ও অন্যান্য মাদকসেবনের গুজব, মিথ্যা রটনা রটিয়েছে আন্দোলনে যুক্ত হওয়া সকল মা-বোনদের চরিত্র নিয়ে । সরকারদলের বিভিন্ন এমপি মন্ত্রীরা মনে করেছে এই জাগরন পল্টনের ময়দান,তাদের আঙ্গুলের ইশারায় চলবে সব খেলা । 'কি গন্ডগোল হচ্ছে এখানে,প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন ' - বলে নিজেদের ঘুমের ভান দেখাতে এসে গনমানুষের কাছে ধিকৃত হয়েছেন সাজেদা চৌধুরী,সাহারা খাতুন দলীয় কর্মীদের ময়দান মনে করে বক্তব্য দিতে গিয়ে তিরষ্কৃত হয়েছেন , মাহবুবুল হক হানিফকে জনতা করেছে প্রত্যাখান । বি এন পি দূর থেকে আগুনের তাপ পোহাতে চেয়েছিল মজা নিতে , বরাবরের মতই গনমানুষের আন্দোলনকে 'আওয়ামী আন্দোলন' বলে চালিয়ে দিতে গিয়ে আরো একবার বি এন পি'র অদূরদর্শীতা আর দেউলিয়াত্ব প্রকাশ করেছে । আন্দোলনের প্রথম রাতে কয়েকশ গজ দূরের কাওরানবাজার থেকে কাভার করতে আসেনি এটিএন নিউজের মুন্নী সাহা , উত্তাল শাহবাগ তাকে বাধ্য করেছে চাকরি বাচানোর গরম খবর সংগ্রহ করতে ,জনতার কাছে উঁচু নাক নোয়াতে । হাল না ছেড়ে 'তিউনিশিয়া,মিশর,লিবিয়ার আন্দোলনের ফল ভালো হয়নি ' বলে নিঃশব্দ হুমকি দেয়ার ফল পেয়েছে মুন্নি সাহা । জনতা তোয়াজ করেনি দিগন্ত টিভির ক্যামেরা কে, তাদের ছুঁড়ে ফেলেছে আন্দোলনের ময়দান থেকে । বিভিন্ন ছাত্র সংগঠন ব্যানার প্রদর্শনের প্রতিযোগিতা শুরু করলে তাদের নামাতে বাধ্য করেছে জনতা , দলীয় স্লোগান বন্ধ করে আওয়ামী লীগের নয় - বাংলাদেশের স্লোগান দিতে বাধ্য করেছে জনতা , গর্জে উঠেছে ''জয় বাংলা'' রবে ।



জনমানুষের আন্দোলন ছিনতাই করার চেষ্টা কম হয়নি । কিন্তু জনতার আন্দোলন জনতাই নিয়ন্ত্রন করেছে বিভিন্ন ধাপে । সকল কৃতিত্ব দূরদূরান্ত থেকে হেঁটে আসা,অফিস-স্কুল-কলেজ-ভার্সিটি শেষ করে বা ফাঁকি দিয়ে আসা মানুষের , তাড়াহুড়ো করে একবেলার রান্না শেষ করে আসা গৃহিনীর,রিক্সার ভাড়া না নিয়ে মানুষকে শাহবাগে পৌঁছে দেয়া রিক্সাওয়ালার,সারাদিন সারা রাত ধরে স্লোগান দিয়ে যাওয়া অক্লান্ত ছেলে ও মেয়েগুলোর , একের পর এক দেশাত্মবোধক গানে উজ্জীবিত করে রাখা মানুষগুলোর,৪২ বছর ধরে রাজাকারদের বিচারের দাবীতে স্বপ্ন দেখে বারবার প্রতারিত হওয়া মুক্তিযোদ্ধার ।



বাস্তবতার বিচারেই আমাদের আকাঙ্খা ছিলো সকল রাজাকারের ফাঁসি এবং যুদ্ধাপরাধদের সাথে জড়িত দলগুলোর নিষিদ্ধ করন । আমরা প্রতারিত হয়েছি , তাই সবাই জমায়েত হয়েছি এই শাহবাগে । আমাদের দাবী এখনো সুস্পষ্ট ।



-সকল রাজাকারের ফাঁসি চাই ।

-যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা।

- রাজাকার কাদের মোল্লার যাবজ্জীবন দন্ডের রায় পাওয়ার পেছনের কারন খতিয়ে দেখা এবং দায়ী ব্যক্তির পদত্যাগ করা ।



আমরা সবাই নিঃসন্দেহে এই জন্যই শাহবাগ সহ সারা বাংলাদেশে এখনো অবস্থান নিয়ে আছি । আমাদের এই অবস্থানে কোনো নেতা নেই । এই সমাবেশের গতিপ্রকৃতি তার অবস্থান থেকে বিচ্যুত হতে পারে না ,কোনোভাবেই কোনো সুবিধাবাদীর ষড়যন্ত্রের শিকার হতে পারে না এই সমাবেশ, কোনোভাবেই একে রুদ্ধ করার বেঈমানিসুলভ চেষ্টা মেনে নেয়া হবেনা । তরুন প্রজন্ম ১৯৭১ দেখেনি , কিন্তু '৭১ না দেখা এই প্রজন্মই দায় তুলে নিয়েছে ইতিহাসের জঞ্জাল পরিষ্কার করার ।



আসুন সবাই আগামীকাল শাহবাগে , গড়ে তুলি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় জনমানুষের অবস্থান,আদায় করে নিই আমাদের দাবী । ভাবুন সেই মুক্তিযোদ্ধাদের কথা-যারা দিনের পর দিন না খেয়ে,কাদাপানিতে ডুবে,অপটু হাতে কঠোর প্রশিক্ষন নিয়ে,সংসার থেকে নিজেকে উৎসর্গ করে মুক্তিযুদ্ধ চালিয়ে গেছেন নয়মাস ধরে -আমাদের উপহার দিয়েছেন এই স্বাধীন দেশ । অথচ তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে হত্যা করা,নির্বিচারে তাদের পরিজনদের হত্যা ধর্ষন করা রাজাকারদের বিরুদ্ধে এই সমাবেশে আপনি কি কিছুক্ষন সময় দেবেন না ? একটা দিন অথবা আরো কয়েকদিন কি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য খুব বেশি কিছু ? একটি অসমাপ্ত কাজ শেষের জন্য খুব বেশি সময় ?



কাল দুপুর ৩ টায় অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশে আপনার ও আপনার পরিবারের সকলের অংশগ্রহন চাই । আমাদের দাবী আদায়ের উদ্দেশ্যে জাতির জঞ্জাল পরিষ্কারের অংশীদার হোন ।



জয় বাংলা ।



কৃতজ্ঞতাঃ দূর্যোধন দূর্যোধন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.