| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে ভাগ করে নিতে আসবো। ঘটেনি! ২০২৪ এর এপ্রিলে উচ্চ মাত্রার কেমো এবং রেডিওথেরাপি শেষ হবার তিনমাসের মধ্যেই আমার মস্তিষ্কে ক্যানসারের বিস্তার পাওয়া যাায় এবং তার চিকিৎসা এবং নানান পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে লড়ে যাবার সাহস জিইয়ে রেখে চলেছি। আমাকে পারতেই হবে। আমার অনেক কিছুই করার বাকী আছে।
বিরূপ সময়ের সাথে যুঝে চলা সবসময় খুব সহজ হবে, তা নয়। জীবনের গতিতে কখনও কখনও দূর্গম বাঁক ও থাকে! তা জেনে এবং মেনে নিয়েই জীবন চলমান। এই পরিস্থিতিতেও একটা খুব ভালো বিষয় হলো, চলমান এই ওষুধের সাহায্যে আমার ক্যানসারের নিরাময় সম্ভব না হলেও অন্তত এর বৃদ্ধি এবং বিস্তার রোধ করা সম্ভব বলে আমার চিকিৎসকেরা বিশ্বাস করেন। আমি এবং আমরাও এ,বিষয়ে আস্থা রাখি।
এই প্ল্যটফর্মটি আমাদের সকলের খুব আপন, বিশেষ ভালোবাসার। যে কোন পরিস্থিতির মোকাবেলায়, সহস্র বিপত্তি আর প্রতিবন্ধকতাতেও আমরা যুথবদ্ধ থেকেছি। যাবতীয় সত্যে, সাহসে, সম্মানে আর মঙ্গলের পক্ষে আমরা সকলে যেন এ ভাবেই যুথবদ্ধ থাকি। আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৪
জানা বলেছেন: পোস্টটি পড়ে আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। অশেষ ভালোবাসা আর মঙ্গল প্রার্থনা।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪
ভুয়া মফিজ বলেছেন: আপনি একজন আজন্ম যোদ্ধা। প্রকৃত যোদ্ধারা যুদ্ধে জয়-পরাজয় নিয়ে ভাবে না, তারা শুধু মন-প্রাণ দিয়ে লড়াইটা জারি রাখে। সেটাই সবচাইতে জরুরী। আপনার দীর্ঘজীবন আর সু-স্বাস্থ্য কামনা করি সব সময়ে। মহান আল্লাহর সিদ্ধান্তই চুড়ান্ত, সেটাতে ভরসা রাখেন। আল্লাহ আপনার মনোবল এভাবেই দৃঢ় রাখতে সাহায্য করুক, এই দোয়াই করছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১০
জানা বলেছেন: প্রার্থণা এবং এমন অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার জন্য শুভ কামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৫
জানা বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও মঙ্গল প্রার্থণা।
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এবং আমরাও এ,বিষয়ে আস্থা রাখি।
......................................................................
আমরা বিশ্বাস রাখি এই যুদ্ধ জিততে হবেই ।
আমরা সবাই আশায় বুক বেঁধে আছি ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৪৯
জানা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনাা আপনার জন্যেও।
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার এই লেখাটি কেবল একটি ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা নয় ,এটি সাহস, ধৈর্য ও মানবিকতার এক গভীর
দলিল। জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মাঝেও যে স্বচ্ছতা, আশা আর ভালোবাসার ভাষায় আপনি আমাদের
সাথে কথা বলেন, সেটিই আপনাকে আলাদা করে তোলে। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক শক্তিকে যেভাবে
আপনি জাগিয়ে রেখেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
এই প্ল্যাটফর্মকে আপনি শুধু একটি ব্লগ হিসেবে নয়,একটি সম্পর্কের জায়গা হিসেবে গড়ে তুলেছেন যেখানে মতভেদ
থাকলেও সম্মান থাকে, প্রতিবাদ থাকলেও মানবিকতা হারায় না। আপনার লেখায় সেই চেতনাই আবার নতুন করে
স্মরণ করিয়ে দিলেন। জীবনের দুর্গম বাঁকগুলো মেনে নিয়ে, তবুও সামনে এগিয়ে যাওয়ার যে বার্তা আপনি দিলেন,
তা নিঃসন্দেহে বহু মানুষের ভরসার জায়গা হয়ে থাকবে।
আপনার আরোগ্যযাত্রায় আমরা সকলে মন থেকে শুভকামনা জানাই। শক্তি, সাহস আর আশার এই আলো যেন
আপনাকে আগামীর পথেও পথ দেখায়। আমরা বিশ্বাস করি আপনার কলম, আপনার উপস্থিতি, আর আপনার
মানবিক অবস্থান এখনও বহু মানুষের জীবনে আলোর রেখা হয়ে থাকবে।
ভালোবাসা, সম্মান আর মমতার এই বন্ধন যেন আমাদের সবার মাঝে অটুট থাকে এই কামনাই রইল।
বছর দুয়েক আগে আপনার অসুস্থতার খবর শুনে আরোগ্য কামনায় এই সামুতে কবিতা লিখেছিলাম-
সামু জননী জানার প্রতি
সম্ভবত কবিতাটি দেখা হয়ে উঠেনি আপনার । এখন সময় করে
লেখাটি একবার দেখার অনুরোধ রইল ।
আপনার সম্পুর্ণ সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীন আল্লাহর কাছে
কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করছি ।
পোস্টটি প্রিয়তে তুলে রাখলাম ।
শুভেচ্ছা রইল
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৫
জানা বলেছেন: এমন সহমর্মিতা, ভালোবাসা এবং মায়াময় মন্তব্যটির জন্যে অশেষ ধন্যবাদ এবং কৃতঞ্গতা জানবেন আলী ভাই। আপনাদের সকলের দোয়া আর ভালোবাসায় আমি আবার উঠে দাঁড়াবো ইনশাললাাহ। চলমান শারীরিক বিরূপ সময়ের সfথে পেরে ওঠা কঠিন হলেও আমি সব সময় ইতিবাচক চিন্তা করতেই অভ্যস্ত। ফলে, যত কষ্ট/দুর্ভোগই চলুক, প্রিয় বন্ধু/স্বামী এবং সন্তানের সার্বক্ষনিক মানসিক সাপোর্ট, মায়াময় সান্নিধ্যে আনন্দ দিয়েই মন খারাপকে দূরে রাখি। জীবনের এই পর্যায়ে যে টুকু সময় পাবো, তা প্রিয়জনদের জন্যে আনন্দময় কিছু স্মৃতি তৈরী করে রেখে যেতে চাই। আর সবার ভালোবাসার এই প্ল্যটফর্মটিকে নিয়ে বিশেষ কিছু না করতে পারলেও অন্তত একটা সম্মনজনক আর্কাইভে বাঁচিয়ে রেখে যেতে চাই।
খুব ভালো থাকবেন। সর্বময় মঙ্গল হোক।
৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার নিকট থেকে এই পোষ্ট পেয়ে ভালো লাগছে।
আপনার লড়াই করার মানসিকতা আমাকে শক্তি যোগায়।
মাঝে মাঝে কিছু ব্লগারের পোষ্ট ও কমেন্ট পড়ে কষ্ট লাগে। কিন্তু, যখনই আপনার ত্যাগের কথা মনে পড়ে, তখন সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বাধ্য হই। নিজে এক আলাদা দায়িত্ব অনুভব করি। সব সময়ে যে পারি, তা না। তবে, নিজেকে মাঝে মাঝে হারিয়ে ফেললেও খুব তাড়াতাড়ি পুনরুদ্ধারে সক্ষম হই।
জীবনটা অনেক ছোট। কিন্তু, এই ছোট জীবনের মাঝেও অনেকে বিশাল ব্যাপ্তি নিয়ে বিরাজ করেন করেন। আপনি সেই অনুসরনীয় ব্যক্তিদের একজন।
আপনি সর্বদা ভালো থাকুন নিরন্তর।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৩
জানা বলেছেন: সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ এবং ক্বতঞ্গতা শাইয়্যান। ভালো থাকবেন।
৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৫৫
সুলাইমান হোসেন বলেছেন: আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি...
শিরোনাম এবং মূল লেখা দুটোই শিক্ষনীয় এবং হৃদয় ছোঁয়া।
সত্যিই,জীবন সবসময় সহজ হয়না,কোনো কোনো সময় কঠিন কঠিন ধাক্কা এবং বাক অতিক্রম করতে হয়,এটাই চরম বাস্তবতা।সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ।
সামহোয়্যারইন ব্লগ কে আমি ভালোবাসি,কারন এখানে,মনের চেপে রাখা কষ্ট আনন্দ বেদনা প্রকাশ করতে পারি।কিন্তু সামু নতুনদেরকে বর্তমানে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়না যেটা খুবই দুঃখজনক,কিন্তু মেনে নেওয়ার মতো একটি বিষয়।কারন প্রথম পাতাও বর্তমানে তেমন জমজমাট নয়।সবচেয়ে বড় কথা হলো এখানে মনের ভাব নির্দিধায় প্রকাশ করা যায়।সামুর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি,তারা তাদের কষ্ট, মেধা এবং যোগ্যতা দিয়ে সাইটটিকে জীবন্ত করে তুলেছেন।এবং এই ব্লগ আরোও অনেকদূর এগিয়ে যাক এটাই কামনা করি।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:২৮
জানা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ এবং ক্বতঞ্গতা। সত্যিই, ব্লগারদের আন্তরিক অংশগ্রহণেই এই প্ল্যটফর্মটি শেকড় বাকড় ছড়িয়ে, ডাল পালা মেলে, পত্র পল্লবে সবুজ হয়েছে। মহীরুহ হয়েছে। কৃতঞ্গতা। আপনার মঙ্গল হোক।
৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:০২
হুমায়রা হারুন বলেছেন: আপু, আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া আর শুভ কামনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩০
জানা বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। মঙ্গল প্রার্থনা।
৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন থেকে দোয়া রইলো প্রিয় বোন । আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। আল্লাহ আপনাকে সাহস দিন আরও। ইংশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আপু
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৩
জানা বলেছেন: ধন্যবাদ। আপনাদের সকলের দোয়ায় আমি ভালো থাকবো। আপনার জন্যেও শুভ কামনা।
১০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪০
নতুন নকিব বলেছেন:
দীর্ঘ প্রায় দুই বছরের প্রতীক্ষার পর আপনার এই লেখাটি পড়ে গভীর এক মানবিক স্পর্শ অনুভব করলাম। আপনার লড়াইয়ের কথা, অদম্য মনোবল আর জীবনের প্রতি দৃঢ় দায়বদ্ধতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সুস্থতার পথ যে সবসময় সরল নয়, তা জেনেও আপনি যে সাহস নিয়ে সামনে এগিয়ে চলেছেন, সেটিই সবচেয়ে বড় শক্তি। পরিপূর্ণ নিরাময় না হলেও নিয়ন্ত্রণের যে আশার কথা আপনি লিখেছেন, সেই আশাই আজ আমাদের সবার হৃদয়ে নতুন করে আশার আলো জ্বালায়। এই প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি আমাদের জন্য বরাবরের মতোই অতি মূল্যবান। আপনি একা নন; ভালোবাসা, সম্মান আর সহমর্মিতার বন্ধনে আমরা আপনার পাশেই আছি। আপনার পথচলায় দৃঢ়তা অটুট থাকুক, হৃদয়ে শান্তি আর মনে বল বজায় থাকুক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আপনাকে সুস্থতা দান করুন এবং আপনার পরিবারের সকলকে কল্যানের ভেতরে রাখুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৩
জানা বলেছেন: অশেষ ধন্যবাদ এবং কৃতঞ্গতা জানবেন মন ভালো করে দেয়া মন্তব্যটির জন্যে। আমি জানি, আপনারা আপনজন হয়ে পাশে আছেন। কর্কট সঙ্গী হবার পর থেকেই পৃথিবীকে আরো অনেক বেশী সুন্দর আর মায়াময় মনে হয়। এত ভালোবাসা, মায়া, প্রকৃতির রঙ রূপ..... এত তাড়াতাড়ি ছেড়ে যেতে মন চায় না! সবার এত প্রার্থনা আর ভালোবাসায় তিনি দয়া করে বাড়তি কিছুদিন যদি বরাদ্দ করে দেন!
আল্লাহ আপনাকে সুস্থ সবল এবং আনন্দে রাখুন।
১১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬
শ্রাবণধারা বলেছেন: অনেকদিন পর আপনার চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি জানতে পেরে আশ্বস্ত হলাম।
আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন, এই কামনা করি।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৭
জানা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শ্রাবণধারা। সকলের ভালোবাসায় আমি ভালো আছি। আপনার মঙ্গল হোক।
১২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার জন্য শুভ কামনা রইলো। আপনার ধৈর্য, সাহস আর অসময়কে মোকাবেলা করার ক্ষমতা অটুট অক্ষত থাক সব সময়।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৯
জানা বলেছেন: অশেষ ধন্যবাদ। মঙ্গল হোক আপনার।
১৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: অনেক ভালবাসা ও শুভকামনা। আপনি সুস্থ হয়ে উঠুন আপা। আপনার সুস্থ হয়ে উঠা আমাদের জন্য অতীব জরুরি। আপনিই পারবেন। আপনাকে পারতেই হবে। ভাল থাকুন। স্রষ্টা আপনাকে সম্পূর্ণ সুস্থ ও রোগমুক্ত জীবন দান করুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:১১
জানা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি ভালো থাকবেন। মঙ্গল হোক।
১৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫০
ঢাবিয়ান বলেছেন: অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপু আপনার জন্য । আপনি নিশ্চই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:১৪
জানা বলেছেন: অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি ভালো থাকবো। ভালো থাকবেন আপনিও।
১৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৪
নতুন নকিব বলেছেন:
বিনীতভাবে জানাচ্ছি, যদি আপনার জন্য কষ্টকর হয়, তবে আমাকে আলাদা করে মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে মনে করি, দীর্ঘদিন পর আপনার এই পোস্টে নিশ্চয়ই আরও অনেকেই আসবেন এবং আপনার কুশলাদি জেনে আন্তরিক অভিব্যক্তি প্রকাশ করবেন। সে ক্ষেত্রে নিতান্ত অপারগতায় সকলের মন্তব্যের পৃথক উত্তর না দিয়ে একটি মন্তব্যে সবাইকে ধন্যবাদ জানালেই যথেষ্ট।
উল্লেখ্য, এটি সম্পূর্ণই আমার অনুমাননির্ভর অনুরোধ। এর বিপরীতে যদি আপনার স্বচ্ছন্দ প্রতিমন্তব্য সকলকে আনন্দিত করে, তবে তা নিঃসন্দেহে আপনার মহানুভবতা ও নিঃসীম আন্তরিকতারই প্রকাশ।
আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ আরোগ্য দান করুন।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:২৬
জানা বলেছেন: আহা, আমার কষ্টের কথা বিবেচনা করে আপনার সহ্বদয় বড় ভায়ের মত পরামর্শটি পেয়ে আপ্লুত হয়েছি। এটাই মমতা। তবুও দী্ঘদিন পর এখানে আসার কারণে সবার পাশেই এক দন্ড করে বসতে মন চাইলো। যখন পারছি, ছোট্ট দুটো কথা বলে যাই।
আল্লাহ আপনাকে সার্বিক ভালো রাখুন।
১৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১২
বাজ ৩ বলেছেন: সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ,আপনার সুস্বাস্থ এবং আরোগ্য কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুন।
১৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: মনে মনে দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে একটি পোষ্ট পাওয়ার অপেক্ষায় ছিলাম।
মনে সাহস রাখুন। ভরসা রাখুন। আমরা আপনার সাথে আছি। জয় বাংলা।
১৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:২০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
প্রিয় জানা আপু,
আসসালামুয়ালাইকুম। দীর্ঘদিন পর আপনার পোস্ট পড়ে আপনার চলমান শারীরিক অবস্থার কথা এবং হার না মানা লড়াইয়ের গল্প জেনে মনটা ভরে উঠেছে। আপনার পূর্ণ সুস্থতার জন্য আমাদের সকলের আন্তরিক প্রার্থনা ও দোয়া রইলো।
আপনার সঙ্গে কখনো সরাসরি দেখা হয়নি—যদিও ফোনে কয়েকবার কথা হয়েছে। তবে আপনাকে জানাতে চাই, বাংলাদেশের গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষের মাঝে আমার যে পরিচয় গড়ে উঠেছে, তার পেছনে আপনার এবং অরিল ভাইয়ের প্রতিষ্ঠিত এই কমিউনিটি ব্লগিং সাইটের অবদান অনস্বীকার্য। এই প্ল্যাটফর্মেই আমার লেখালেখির হাতেখড়ি, আর এই ব্লগের সহ–ব্লগারদের সঙ্গেই লেখক হিসেবে আমার পরিচয়ের সূচনা।
বাংলা ব্লগিং জগত কখনো ভুলবে না—বাংলা ভাষায় নিজের ভাবনা ও অনুভূতি লিখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা যে ভূমিকা রেখেছেন, কিংবা এর পেছনে আপনার পরিবার যে ত্যাগ স্বীকার করেছে, তা ইতিহাস হয়ে থাকবে।
আমরা আবারও আমাদের মাঝে সেই চিরহাস্যোজ্জ্বল জানা আপাকে দেখতে চাই। ফ্যাসিস্টমুক্ত, পরিবর্তিত বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেই লড়াই আবারও শুরু করতে চাই এই ব্লগের মাধ্যমেই।
আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আগের মতোই আমাদের মাঝে ফিরে আসুন—এই কামনাই করি।
১৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪০
জুল ভার্ন বলেছেন: বুবু,
আচ্ছালামুয়ালাইকুম। প্রায় ৪ মাস ব্লগে আসা হয়না। ফেসবুকে জাদিদ এর পোস্ট দেখে মূলত আপনার পোস্টে মন্তব্য করতেই লগইন করেছি।
আপনার লেখাটা পড়ে বুকের ভেতর কেমন একটা নীরব শ্রদ্ধা আর গভীর আবেগ একসাথে ভর করেছে। এত দীর্ঘ, কঠিন চিকিৎসা; তবু হাল না ছেড়ে যে সাহস নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, সেটাই নিজেই এক বিরল শক্তির গল্প।
২০|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১১
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার কথাগুলো পড়ে গভীরভাবে স্পর্শিত হয়েছি। এত কষ্ট, এত অনিশ্চয়তার মাঝেও যে দৃঢ়তা, ইতিবাচক
মনোভাব এবং প্রিয়জনদের জন্য আনন্দময় স্মৃতি রেখে যাওয়ার আকাঙ্ক্ষা তা সত্যিই বিরল ও অনুপ্রেরণাদায়ক।
আপনার এই মানসিক শক্তিই প্রমাণ করে, আপনি কেবল একজন ব্লগ জননীই নন আপনি এক ধরনের আশ্রয়,
এক ধরনের আলোর নাম।
আপনার শারীরিক সংগ্রামের পাশে আমরা সবাই মন থেকে দাঁড়িয়ে আছি। দোয়া করি, আল্লাহ আপনার জন্য
সহজ করে দিন, আপনাকে আবার নতুন শক্তিতে দাঁড়ানোর সুযোগ দিন ,ইনশাল্লাহ।
আপনি বলেছেন, ব্লগটিকে অন্তত একটি সম্মানজনক আর্কাইভে বাঁচিয়ে রাখতে চান, এই কথাটাই আমাকে
সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। কারণ এই ব্লগ কেবল একটি ওয়েবসাইট নয়; এটি লক্ষ লক্ষ মানুষের স্মৃতি,
অনুভূতি, ইতিহাস ও ভাষার সংগ্রহশালা।আমরা বিশ্বাস করতে চাই, এই প্ল্যাটফর্ম এখনও শেষ হয়ে যাওয়ার
জন্য নয়।আপনি সুস্থ হয়ে আবার সামনে দাঁড়াবেন, আর আমরা সবাই মিলে এই প্রিয় ঘরটিকে নতুনভাবে
প্রাণবন্ত করে তুলবো,এই আশাটুকু অন্তত আমাদের রাখতে দিন।
সামু ব্লগকে আর্কাইভে যাওয়া থেকে রক্ষা করার উপায় নিয়ে আমার কিছু ভাবনাও এ সাথে তুলে দিলাম ।
সামু ব্লগ শুধু একটি ব্লগ নয়, এটি পৃথিবীর বৃহত্তম বাংলা ভাষার ব্লগ, যেখানে ২ লক্ষেরও বেশি রেজিস্টারড ব্লগার
প্রায় দুই দশকেরও বেশি সময়ের লেখা, বিতর্ক, সাহিত্য, ইতিহাস, আন্দোলন বাংলা ভাষার ডিজিটাল
উত্তরাধিকার সংরক্ষিত।
এমন একটি প্ল্যাটফর্মকে আর্কাইভে চলে যেতে দেয়া মানে বাংলা ভাষার ডিজিটাল ইতিহাসের এক বিশাল
অংশ হারিয়ে ফেলা।এমন অবস্থায় মনে করি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ হবে গুরুত্বপূর্ণ ।এলক্ষ্যে নিন্মোক্ত
কিছু উদ্যোগ নেয়ার বিষয় ভেবে দেখতে পারেন ।
ক)অ্যাকটিভ ব্লগার পুনরুজ্জীবন উদ্যোগ: নিয়মিত লেখেন এমন ব্লগারদের নিয়ে একটি কোর গ্রুপ
গঠন করে সপ্তাহে নির্দিষ্ট দিন থিম ডে (সাহিত্য, স্মৃতিকথা, ইতিহাস, মুক্ত আলোচনা)করা যেতে পারে ।
খ) নীরব পাঠকদের লেখায় ফিরিয়ে আনার লক্ষ্যে লেখায় ফিরি বা পুরনো ব্লগারদের প্রত্যাবর্তন
ক্যাম্পেইন হিসাবে প্রথম পোস্টে বিশেষ স্বাগত ও ফ্রন্টপেজ গুরুত্ব দেয়া ।
গ) নতুন লেখকদের জন্য মেন্টরশিপ কার্যক্রম হিসাবে ১)সিনিয়র ব্লগার + নতুন ব্লগার জুটি
২) ভাষা, নিরাপত্তা ও লেখার নৈতিকতা বিষয়ে গাইডলাইন দেয়ার ব্যবস্থা ।
প্রশাসনিক ও কাঠামোগত বিষয়ে বলা যায় :
১) ব্লগ জননী হিসাবে আপনার পাশে একটি শক্তিশালী টিম গঠন ( যা মনে করি এখনো আছে ), কিংবা নাই
যেহেতু প্রায় গত ৩ মাস ধরেই দেখছি নতুন কোন লেখা নির্বাচিত পাতায় যাচ্ছেনা ।কাজেই একা আপনার পক্ষে
সব বহন করা অসম্ভব বিধায় টেকনিক্যাল, মডারেশন ও কনটেন্ট বিষয়ে আলাদা দায়িত্ব অর্পন বিষয়টি
ভেবে দেখতে পারেন।
২) স্বচ্ছতা ও নিয়মিত আপডেট বিষয়ে বলা যায় মাসিক বা ত্রৈমাসিক ঘোষণা ব্লগের অবস্থা, ভবিষ্যৎ
পরিকল্পনা থাকতে পারে এতে ব্লগের অনিশ্চয়তার আতঙ্ক কমবে।
৩) আংশিক বিকেন্দ্রীকরণ বিষয়ে বলা যায় একান্ত প্রয়োজনে ব্লগ জননী হিসাবে আপনার উপস্থিতি
ছাড়াও প্ল্যাটফর্ম চলতে পারবে এমন একটি কাঠামো দাাঁড় করিয়ে দেয়ার বিষয়টি ভেবে দেখতে পারেন ।
আর্থিক ও টেকসই মডেল সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন । তার পরেও
ডোনেশন / সাবস্ক্রিপশন (স্বেচ্ছাসেবী) ব্যবস্থা নেয়ার বিষয়টি ভেবে দেখতে পারেন ।
এই ব্লগ আমার স্মৃতি এই আবেগকে শক্তিতে রূপ দেয়া প্রয়োজন, ছোট অংক বা বড় সংখ্যা সে যাই হোক ।
লেখার সৌন্দর্য নষ্ট না করে শুধুমাত্র নির্ভরযোগ্য এমন উৎস হতে নন-ইনট্রুসিভ বিজ্ঞাপনের বিষয়টি ভেবে
দেখতে পারেন ।
বাংলা ডিজিটাল হেরিটেজ হিসেবে পৃষ্ঠপোষকতা শিক্ষাপ্রতিষ্ঠান/বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে
সংযোগ স্থাপনের বিষয়টি ভেবে দেখতে পারেন ।
আর্কাইভ বনাম লাইভ প্ল্যাটফর্ম হিসাবে একটি ভারসাম্য রাখা যেতে পারে । এটা সত্য যে আর্কাইভ মানেই
মৃত নয়। লাইভ প্ল্যাটফর্ম + আর্কাইভ সুরক্ষা একসাথে সম্ভব, যেখানে পুরনো লেখা সংরক্ষণ, নতুন
লেখা চালু রাখা এবং ধাপে ধাপে রিস্ট্রাকচার করা যায়।এটা শেষের প্রস্তুতি নয় বরং এটা ভবিষ্যতের নিরাপত্তা
হতে পারে।
এখানে প্রসঙ্গক্রমে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, সামুর এই ম্রিয়মানতা দেখে গত ৩ আগস্ট
২০২৫ তারিখে সকল সন্মানীত সামু ব্লগারদের প্রতি ডাক শিরোনামে আমার পোস্ট করা লেখায় মন্তব্য প্রতিমন্তব্য মিলিয়ে ৬৪টি মন্তব্য আর ২০টি
লাইক উঠে আসে ।
আবার ব্লগে পাঠক প্রবাহ ও মন্তব্যের খরা দেখে গত ৮ই জানুয়ারী ২০২৬ এ
ব্লগে কি ব্লগারদের কৃপনতা জেকে বসেছে ?
এই শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম । পোস্টটিতে মন্তব্য খরার মাঝেও মন্তব্য ও প্রতিমন্তব্য মিলিয়ে
মোট ৭৫টি মন্তব্য ও ১৫টি লাইক উঠে আসে।
উল্লেখিত পোস্ট দুটিতে আপনি একটু নক করলে দেখতে পাবেন সামুকে প্রাণবন্ত করার জন্য ব্লগের নবীন প্রবীন
সকল ব্লগারদের সেকি আকুতি ।
শেষ কথা হল সামু ব্লগ যদি কোন কারণে বন্ধ হয়ে যায় তবেএকজন বা একটি টিম হারবে না
হারবে বাংলা ভাষার এক বিশাল ডিজিটাল জনপদ।
এটা রক্ষা করা ব্লগ জননী হিসাবে শুধু প্রিয় জানা আপনার একার দায়িত্ব নয়।
এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনি চাইলে উপরে বলা আমার প্রস্তাবনাটি আলাদা ব্লগ পোস্ট হিসাবে
তুলে দিতে পারি ।
আপনার জন্য অফুরন্ত দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
আঁধারের যুবরাজ বলেছেন: নানান পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে লড়ে যাবার সাহস জিইয়ে রেখে চলেছি। আমাকে পারতেই হবে। আমার অনেক কিছুই করার বাকী আছে।
- আপনি সুস্থ হয়ে পুনরায় সবার মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশা করছি।