| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কত সভ্যতা পার হলে, মানুষ মানুষেরই দীর্ঘশ্বাসে গড়ে তুলবে না প্রাসাদ? আর কতবার ছাই থেকে জেগে উঠে ফিনিক্সের মতো আমরা ভুলে যাব আমাদের আদিম ও অমানবিক নাম। চাকার আবিষ্কার থেকে শুরু করে এই যে আলোর গতি, তবুও কেন অন্ধকার আমাদের ছায়ার মতো পিছু ছাড়ে না? আমরা পাথরে ঘষে আগুন জ্বালিয়েছিলাম শীত তাড়াতে, এখন সেই আগুনেই পোড়াই অন্য কারো সাজানো ঘর। মহাকালের প্রশ্ন-মাটি কি ক্লান্তিহীন? কত রাজত্বের হাড়গোড় পুষে রাখলে তবে শান্তি আসবে? বাতাস কি ভারী নয়? বারুদ আর বোমার গন্ধে আর কতদিন উড়বে শ্বেত কপোত? জল কি লোনা হয় না? সাগর তো কবেই ভুলেছে স্বাদ, শুধু জানে মানুষের চোখের জল।
হয়তো আরও সহস্র যোজন পথ বাকি, হয়তো আরও গুটিকয় মহাপ্রলয়
যেখানে কোনো মুদ্রার দাম থাকবে না, কোনো সীমানা থাকবে না রক্তে আঁকা। আর কত সভ্যতা পার হলে, আমরা বুক চিতিয়ে বলতে পারব-আজ আমরা উন্নত, কারণ আজ আমাদের হৃদয়ে কোনো ঘৃণা নেই। নাকি আমরা কেবল ইতিহাসের পাতায় একটি ধ্বংসাবশেষ হয়ে থেকে যাব-পরবর্তী কোনো সভ্যতার প্রত্নতাত্ত্বিক গবেষণায়?
সেদিন কি আসবে?
©somewhere in net ltd.