| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে মনটা খুশিতে ভরে যায়। ঝুম ঝুম বৃষ্টি হবার পর সমস্ত গাছের পাতা গুলো তরতাজা হয়ে ওঠে, গাঢ় সবুজ হয়। দেখতে ভালো লাগে। একটা বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে হেটে যাচ্ছে, এই দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। একজন রিকশা চালক গান গাইতে গাইতে যাচ্ছে। এদিকে আকাশ ভরা মেঘ! রেস্টুরেন্টে বসে মানুষ পাগলের মতো খাচ্ছে এটা দেখতেও আমার ভালো লাগে। যে মহিলা রাস্তায় চিতই পিঠা বিক্রি করে, লোকজন ভর্তা গরম গরম চিতই খায়। দেখতে ভালো লাগে। ছেলেমেয়েরা পার্কে প্রেম করে। ভালোবাসাবাসির দৃশ্য দেখতে ভালো লাগে। চারিদিকে কত কি দেখার!
আমার কন্যা ফারাজা ঘুমের মধ্যে হাসে!
আমি মুগ্ধ হয়ে ঘুমন্ত কন্যার হাসি দেখি। বড় ভালো লাগে। মনে হয় যে, এটা আমার কন্যা নয়, বেহেশত থেকে এসেছে কোনো পরী। কন্যার মা যখন না চাইতেই এক কাপ চা দেয়, মনে হয় লাইফ ইজ বিউটিফুল। আমার একটা বিশেষ গুন আমি সব সময় অল্পতেই খুশি হই। এবং দুনিয়ার কোনো কিছুর প্রতি লোভ করি না। সেদিন দুপুরে অফিসে খেতে বসেছি। বাসার খাবার। দেখি শুধু ভাত। তরকারি নেই। সুরভিকে ফোন দেওয়ার জন্য মোবাইল হাতে নিয়েছি৷ দেখি কন্যা ভয়েস ম্যাসেজ পাঠিয়েছে। হ্যালো, বাবা রাগ করো না। মা তোমাকে শুধু ভাত দিয়েছে। তরকারি দিতে ভুলে গেছে। প্লীজ বাবা রাগ করো না। আমিও কন্যাকে ভয়েস ম্যাসেজ দিলাম। না রাগ করিনি। এটা কোনো ব্যাপার না। যাইহোক, আজ বাসায় ফেরার পথে তোমার জন্য লিচু নিয়ে আসবো। অফিস পিয়নকে বলি, হোটেল থেকে আমার জন্য তরকারি নিয়ে এসো। পিয়ন বলে, এখন বাজে সাড়ে তিনটা। হোটেলে তরকারি পাওয়া যাবে না।
আমার উচ্চাশা নেই।
গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই। ব্যাংকে কারি কারি টাকা নেই। পিএইচডি ডিগ্রি নেই। আমার শুধু নেই আর নেই। নেই বলেই আমি ভালো আছি। আমার ভাইদের গাড়ি আছে, জমি আছে। আমার নেই। এজন্য আমার কোনো আফসোসও নেই। আমার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। দুনিয়াতে আসার সময় আমি কিছু নিয়ে আসিনি। একদম খালি হাতে এসেছি। দুনিয়া থেকে যাবোও খালি হাতে। ক'দিন আর বাঁচবো? টাকা, গাড়ি, বাড়ি দিয়ে হবেটা কি? জীবন হলো উপভোগ করার জন্য। আমি সব কিছু উপভোগ করি। আমি বই হাতে তুলে নিই। পড়ি। অনেক আনন্দ পাই। বইয়ের চেয়ে ভালো বন্ধু দুনিয়াতে নেই। আমার কোনো পাওনাদার নেই। জীবনে কারো কাছে হাত পাতিনি। ব্যাংক বা মানুষ কারো কাছ থেকেই লোন নিইনি। চিন্তা ভাবনা নেই বলেই, খুব সহজেই আমি সব কিছু উপভোগ করতে পারি। হা হা করে হাসতে পারি। জীবনে অসৎ হইনি বলেই, বালিশে মাথা রাখা মাত্রই ঘুমিয়ে যেতে পারি। বলতে পারি, লাইফ ইজ বিউটিফুল।
সমুদ্র আর পাহাড় আমার বিশেষ পছন্দ।
সমুদ্রে গেলে মানুষ লাফালাফি করে। আর আমি সমুদ্রের পাড়ে চুপ করে বসে থাকি। সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন উপভোগ করি। বিশাল সমুদ্রের ঢেউ আমার পায়ের কাছে এসে ফিরে যায়। নিজেকে মিশরের সম্রাট বলে মনে হয়। সমুদ্র আমাকে মহৎ হতে শেখায়। মানবিক হতে শেখায়। পাহাড় কি বিশাল! অথচ কোনো অহংকার নেই। পাহাড় আমাকে নমনীয় করে। ভালোবাসতে শেখায়। বেচে থাকতে শেখায়। ক্ষমা করে দিতে শেখায়। টাকা থাকলে একটা পাহাড় কিনতাম। পাহাড়ে কাঠ দিয়ে একটা দোতলা বাড়ি করতাম। প্রিয় মানুষের দাওয়াত দিয়ে নিয়ে আসতাম। ক'টা দিন বেড়িয়ে যাক। শহরের কোলাহল থেকে দূরে থাকুক। উপভোগ করুক প্রকৃতি। অতিথিদের জন্য রান্না হবে মাটির চুলায়। রাতে হবে বাউল গান। মধ্যেরাত পর্যন্ত গান হবে। চাঁদের আলোয় পুরো পাহাড় জেগে উঠবে। যারা ঘুমাবে, তারা ঘুমাক। যারা জেগে থাকবে তাদের সাথে আলোচনা হবে সাহিত্য ও ধর্ম নিয়ে।
আমি যেহেতু মানুষ, তাই কিছু দুঃখ কষ্ট তো আমার আছেই।
যখন মন খুব খারাপ হয়, খুব বিষন্ন হয়৷ তখন আমি নীলার কাছে ছুটে যাই। আমরা একই ক্যাম্পাসে পড়তাম। নীলার সাথে আমার কি সম্পর্ক সেটা আর খুজতে যাই না। নীলার কাছে গেলেই মনটা ভালো হয়ে যায়। বেশ খাতির যত্ন করে মেয়েটা। নীলার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে, আরেক কাপ চা খেয়ে যাও। আমি ব্যলকনিতে বসি। নীলা চা নিয়ে আসে। নিজের জন্যও এক কাপ চা আনে। দশ তলার ব্যলকনিতে বসে চায়ে চুমুক দেই। এক আকাশ ভালোবাসা নিয়ে নীলা আমার কাধে মাথা রাখে। নীলার সাথে বিয়ে না হয়ে ভালোই হয়েছে। বিয়ে হয়ে গেলে, ভালোবাসাটা আর থাকতো না। নীলাকে না পেলে যাই মুনার কাছে। মুনা দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে। মুনার নরম বুকে মাথা রাখি। বড় ভালো লাগে। সমস্ত ক্লান্তি, সমস্ত খারাপ লাগা নিমিষেই হারিয়ে যায়। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরার মানুষ আমার খুব বেশি নেই। নীলা আর মুনা ভালো থাকুক। সুস্থ থাকুক। আমার প্রিয় মানুষেরা ভালো থাকলেই আমার ভালো থাকা হবে।
২|
১৮ ই মে, ২০২৬ রাত ১২:৪০
সৈয়দ কুতুব বলেছেন: নীলা আর মুনা কখনো আপনার বাসায় বেড়াতে আসে না? নীলা, মুনা আর আপনার পরিবার মিলে একদিন কোথাও পিকনিক করছেন এমন একটি গল্প লিখে ফেলেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২৬ রাত ১২:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
রাজীব নূর ভাই _আমার ইচ্ছে করে আপনাকে নিয়ে লেংটার মেলায় যেতে.....
কোন এক সুন্দরী বাউল নারী গান গাইবে-
"বেলতলী সুলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা,
কাটা কেল্লা কাটা কেল্লা কেল্লায় করে আল্লা আল্লা।"
আমরা দুই ভাই গামছা মাথায় বেঁধে সিংড়ায় ফু দিবো......