নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানজানা বিনতে ওয়াহিদ

সীমাহীন নৈঃশব্দের পথে হেটে যেতে যেতে আজো সাধ হয়, তোমার নির্জনে একা পা বাড়াই... চেতনাহীন উম্মাদ কিশোরীর মতো ইচ্ছে করে স্মৃতির সিড়ি বেয়ে নেমে যেতে অনেকখানি নীচে যেখানে বোধহীন সব মানুষের বিস্তার...

সানজানা বিনতে ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

কবি আল মাহমুদ এর কবিতা ("প্রত্যাবর্তনের লজ্জা")

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১২

"প্রত্যাবর্তনের লজ্জা"





শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে ষ্টেশনে পৌঁছে দেখি

নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ

দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।

যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ

জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে।



আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই

তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি।

আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক,

কত রাত তো অমনি থাকিস।

আমার ঘুম পেলো। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম।



অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ফরহাদ

আধ ঘণ্টা আগেই ষ্টেশনে পৌঁছে যায়। লাইলী

মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়।

নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।

আর আমি এদের ভাই

সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে

এক অখ্যাত ষ্টেশনে কুয়াশায় কাঁপছি।

কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো।

শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায়

শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতোন হঠাৎ

লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ

নামলে, সামনে দেখবো পরিচিত নদী। ছড়ানো ছিটানো

ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর

দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।

কলার ছোট বাগান।



দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা

একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন,

ফাবি আইয়ে আলা ই-রাব্বিকুমা তুকাজ্বিবান...।

বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন।

ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে

ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ

ধুয়ে আয়। নাস্তা পাঠাই।

আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে

ঘষে ঘষে

তুলে ফেলবো।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

জীবন চৌধুরী বলেছেন: চমৎকার।

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৫

সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন: আল মাহমুদের কবিতা সব সময়ই চমৎকার। ধন্যবাদ পড়ার জন্য।

২| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

চিটির বাক্স বলেছেন: অসাধারন... ধন্যবাদ এখানে দেয়ার জন্য... সধারনত পড়া হয় না!!

০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৩

সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য...

৩| ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬

ডিজিটালভূত বলেছেন: শেয়ার করার জন্য অনেকগুলো ++++++++++++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১০

সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.