নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কাঠির অবাক ছোঁয়া

স্বপ্ন কাঠি

আমার এক অন্য সত্তা আমাকে অবিরাম তাড়িত করে, কিছু কর,কিছু কর।আমি করি অগোচরে,কিন্তু দিপ্ত ভা্বে,এই হলাম আমি আর আমার সত্তা।

স্বপ্ন কাঠি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির সাথে

৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৭









মজার এক ব্যাপার ঘটলো আজ। সকালে অফিস গেলাম। গিয়ে দেখি বস আসে নাই। ভাল, না আসলেই ভাল। কলিগরা মিলে গল্প গুজব করে সময় কাটাতে লাগলাম। ঠিক ১১ টায় বিদ্যুৎ গেল আর আসার নাম গন্ধ নাই। অবাক হয়ে গেলাম কারওয়ান বাজারের মত ব্যস্ত জায়গায় লোডশেডিং দেখে। বিডিবিএল এ স্ট্যান্ডবাই জেনারেটর আছে অবশ্য তবে সেগুলো লিফট আর ইমারজেঞ্চি লাইট আর জন্য। ঘড়ির কাঁটা যখন ১২.২০ ছুই ছুঁই তখন অ্যাডমিন থেকে সামাদ ভাই এসে বলল আজকে বিদ্যুৎ আসতে আসতে ৫টা বাজবে। সুতরাং যাদের অফিসে কোন কাজ নেই তারা চলে যেতে পারেন আর যাদের মিটিং আছে তারা থাকলে থাকতে পারেন। খবরটা শুনে বহুদিন পর পুরনো এক রোমাঞ্চকর অনুভূতি নিজের মাঝে টের পেলাম। আগে স্কুল হাফ ছুটি হলে সবাই যেমন হই হুল্লোড় করতে করতে বের হতাম মনে হল সে রকম একটা চিৎকার দিতে দিতে বের হই। আমি মনে করলাম শুদু আমারই এই অবস্থা। বাকী সবার চোখের দিকে তাকিয়ে যখন একই অনুভূতির খেলা দেখলাম তখন লিফটে আমার গুন গুন করে গাওয়া “মেঘের কোলে রোদ হেসেছে , ............. আজ আমাদের ছুটির” গানটার প্রতিধ্বনির মানে বুঝতে পারলাম।



অফিস থেকে বের হয়ে দেখি ওমা এতো সোনায় সোহাগা। মানে আসলেই আকাশে মেঘ করেছে। যেকোনো সময় সে অঝর ধারায় ঝরতে পারে। হুম হুম গর্জনে বৃষ্টির আগমন ধ্বনি স্পষ্ট শুনতে পারলাম। অনেকক্ষণ দাড়িয়ে থেকে থেকে বাসে উঠতে না পেরে হাটতে লাগলাম। হালকা ঠাণ্ডা বাতাস চারপাশটাকে ভরিয়ে দিয়ে যাচ্ছে । ফার্মগেটে এসেও যখন বাস পেলাম না তখন মনের দুঃখে হাঁটতে থাকলাম। বিজয়সরণী এসে কেন জানি একটু দাঁড়ালাম। উপরের আকাশটার দিকে তাকালাম। এই বিজয়সরনী থেকে আকাশটাকে একটু খোলা দেখা যায়। ভাসানি নভোথিয়েটারের দিকে তাকিয়ে দেখলাম আকাশের রঙ আর বিল্ডিঙটার রঙ একই রকম দেখাচ্ছে।



অদ্ভুত সুন্দর লাগছে এই ইট কাঠের শহর। আমি আসলে নিরর্থক ভাবে জায়গাটায় দাড়িয়ে আছি। এখান থেকে না উঠা যাবে বাসে, না যাওয়া যাবে হেঁটে। ব্যাগ থেকে ছাতাটা বের করে হাতে ধরে রেখেছিলাম অনেক আগেই। বৃষ্টি প্রস্তুতি। ছাতাটা নিয়ে তার আড়মোড় ভাঙতে না ভাঙতেই মাথার উপর আকাশটাই ভেঙ্গে পড়লো। ছাতাটা খুলে আমি বৃষ্টি উপভোগ করতে লাগলাম। বৃষ্টিতে আমার সু’টার নাজেহাল অবস্থা হতে লাগলো। আমিও ভদ্রলোক না পারছি বৃষ্টি থেকে বাঁচার জন্য অন্য কোন জায়গায় ছুটে যেতে না পারছি সু’টা কে বাঁচানোর জন্য সেটাকে খুলে হাতে নিতে। একদম রাস্তার মাঝখানের ট্রাফিক চক্করে দাড়িয়ে আমি। একটু আগে আমার সাথে দাঁড়ানো ট্রাফিক পুলিশও মাথা গোঁজার জন্য রাস্তা পার হয়ে পাশের বট গাছের নিচে দাঁড়িয়েছে। আমি একা মনে হচ্ছে কোন এক আইল্যান্ডে দাড়িয়ে আছি। চার পাশে পানি আর গাড়ি। গাড়ি গুলো সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে।

এতক্ষণের আমার এই একাকীত্বকে ঘুচানোর জন্য একদল পিচ্চি পিচ্চি ছেলে পেলে এসে যোগাড় হল আমার চারপাশে। এদের কেও এই ট্রাফিক এ পানি বিক্রেতা, কেও ফুল বিক্রেতা, কেও বা খই। সবাই সবার পণ্য রাস্তার অপর পাশের বিল্ডিঙের নিচে রেখে ছুটে এসেছে বৃষ্টিতে ভিজবার জন্য, আর ওই খানে জিনিস গুলো দেখভালের জন্য দাঁড় করিয়ে রেখেছে হাফপ্যান্ট আর উদাম গায়ের আরেক পিচ্চিকে। বেচারা হাত দুটো মাথার পেছনে নিয়ে বালিশে মাথা দেওয়ার ভঙ্গি করে উদাস ভাবে তাকিয়ে তাকিয়ে বাকিদের ভেজার দৃশ্য দেখছে। আমি বেশ মজা পেলাম ওদের কান্ড কীর্তি দেখে । সবাই এই ব্যস্ত শহরের রাস্তায় এক অপূর্ব জলকেলি এঁকে দিচ্ছে। ওদের মধ্যে যে মেয়েটা ফুল বিক্রি করতো সে তার সবগুলো ফুলের মাঝে কয়েকটা তা গলায় কয়েকটা কানের উপরে লাগিয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে লাগলো। মনে হচ্ছিল বৃষ্টি তার পরম আত্মার কোন আত্মীয়। ওদের বৃষ্টিতে ভেজার এই দৃশ্যটাকে গাড়ী থামিয়ে কয়েকজন সৌখিন ফটোগ্রাফার তার ফ্রেমে বন্দি করতে লাগলো আর এই বিষয়টাতে ওরাও যেন বেশ মজা পেয়ে গেল। ফটোগ্রাফারদের কাছে এডিট ছাড়া এই এক অন্য আদিম পাওয়া।

খানিক বাদে ওদের মাঝের মেয়েটা রাস্তার এই পাশে আইল্যান্ডে এসে আমার পাশে দাঁড়ালো। ছিপছিপে গড়নের ছোট্ট একটা মানুষ। হালকা লাল রঙের একটা ফ্রক, একটু বড় চুল, আর মুখে প্রানবন্ত এক হাসি। পুরো ভিজে একাকার, আমার দিকে একটু বিরক্তি নিয়ে তাকাল সে। যেন আমি কোন এক ভুল করে ফেলেছি। এই বৃষ্টিতে না ভিজে আমি অবশ্য একটা ভুলই করলাম মনে হয়। কিন্তু আমার যে সুস্থ থাকার তাড়া, চরম বাস্তবতার তাড়া। আমি ওকে জিজ্ঞেস করলাম।



- তোমার নাম কি?

মনে হল শুনল না , আমি আবারো জিজ্ঞেস করলাম। তোমার নাম কি?

আমার মুখের দিকে তাকিয়ে বলল সে

- বৃষ্টি

আমি কিছুতা অবাক, না বিশ্বাসের চাহনি নিয়ে ওকে আবার জিজ্ঞসে করলাম

- সত্যি তোমার নাম বৃষ্টি?

এইবার ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে সে আমার দিকে তাকালো, চোখ দুইটা বড় বড় করে আমাকে বলল

- ক্যা আমগো নাম বৃষ্টি হইবার পারে না?



আমি বললাম

- না না তা কেন ? আমি প্রথমে বুঝিনি। আচ্ছা তুমি যে এত্ত ভিজছো তোমার অসুখ করবে তো।

এইবার আমার কথা শুনে ঝগড়া করার ভঙ্গিতে কোমরে হাত রেখে বলল

- আপনার লাইগ্যা আমি কি আমার মার সাথে কথা কওয়া বন্ধ কইরা দিমু নাকি?

এইবার আমি বেশ একটা ধাক্কা খেলাম। কি বলে মেয়েটা? মা কে ওর? আমার সাথে কি দুষ্টমি করছে? আমি মাথার মধ্যে এইরকম হাজারো প্রশ্ন নিয়ে ওকে জিজ্ঞেস করলাম

- তোমার মা কে?

- ক্যা এইতো বৃষ্টিই তো আমার মা !!

আমি কৌতূহল মেটাতে না পেরে ওকে আবার জিজ্ঞেস করলাম

- কিভাবে বৃষ্টি তোমার মা হল?

ও বলতে লাগলো

- আমার বাপ কইছে বৃষ্টি আমার মা। আমি যখন অনেক ছোট্ট ছিলাম (বৃষ্টি মেয়েটা এখনও অনেক ছোট) তখন আমার মা আমারে থুইয়া আকাশে চইলা গেছে। মায়ে যখন আকাশে চইল্লা যায় তখন আমি আছিলাম থিক এইটটুক (ও আমাকে হাত দিয়ে নবজাতকের আকার বুঝানোর চেষ্টা করলো)। হের ফর আমি বড় হইলে বাপে আমারে কইছে মায় আকাশে বইসা আছে। আমারে দেকতাছে। আমার যখন খুব কষ্ট হয় তখন মায় আকাশ থাইকা নাইমা আসে। মা আমারে ভিজাইয়া দিয়া আবার চইল্যা যায়।



আমি প্রায় নিথর হয়ে ওর কথা গুলো শুনছিলাম। আমার পায়ের সু জোড়া আর বোধহয় পরা যাবে না, কাঁধ ব্যাগ টাও পুরোপুরি ভেজার পথে। কিন্তু এগুলো কোন দিকেই মন দিতে পারলাম না। অপলক চেয়ে থাকলাম বৃষ্টির (মেয়েটার) দিকে।

- হুম এই কথা তোমার বাবা বলেছে ?

- হ

- তোমার বাবা কই থাকে?

- আমরা ফার্মগেটে থাহি। বাপে রিসকা চালায়।

- তা তুমি পড়াশোনা কর না?

- করি প্রতিদিন বিহালে কয়টা মানুষ আইসা আমগোরে পরাইয়া যায়।

- আর এই ফুল কে দেয় তোমাকে ?

- ক্যা আমি নিজে কিনি, বাপে আমরে কিন্না দেয়। ফুল বেচি, তাকা কামাই আর বাপরে দিই।



এটুকু মেয়ের দায়িত্ববোধ আর ওর মায়ের কথাগুলো শুনতে শুনতে বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করলো।

ও দেখলাম কেমন জানি ছটফট করতে লাগলো। আমার দিকে তাকিয়ে একটা গলাপ উচু করে ধরে বলল

- স্যার একটা ফুল নেন। আমারে মায় দাকতাছে।

ও কিছু না বললেও আমি ফুল নিতাম। পকেট থেকে বিশ টাকার একটা নোট বের করে ওকে দিলাম। আমার দিকে অদ্ভুত একটা হাসি দিয়ে দুটো ফুল দিয়ে ও আবার ছুটে চলে গেল মায়ের সাথে কথা বলতে। উদ্দামভাবে বৃষ্টিতে ভিজতে।



পেছন থেকে আমি দেখতে লাগলাম ওদের। শৈশব হারানো কিছু ছোট্ট মানুষদের।



কেন জানি আমারও মাকে প্রচণ্ড মনে হতে লাগলো। মাথার উপর থেকে ছাতাটা বন্ধ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে লাগলাম।

বিড় বিড় করে বলতে লাগলাম, মা আমি তোমাকে অনেক ভালবাসি।



(বৃষ্টিতে ভিজে আমার এখন পর্যন্ত কোন অসুখ হয়নি, আর হবেইবা কেন মায়ের সাথে কথা বললে কারো কি কখনো অসুখ হয়)







মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫২

নাইমুল ইসলাম বলেছেন: অসাধারণ মুহূর্ত কাটালেন যে ভাই।
ভাল লাগলো পড়ে

২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৩

নাইমুল ইসলাম বলেছেন: অসাধারণ মুহূর্ত কাটালেন যে ভাই।
ভাল লাগলো পড়ে

৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৩

স্বপ্ন কাঠি বলেছেন: হুম আসলেই কিছু সময় আসে কিছু সময়ের জন্য, সব সময় আসে না। ধন্যবাদ আপনাকে । কষ্ট করে পড়েছেন বলে ।

৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৯

নাহিনরানা বলেছেন: আপনার লেখাটা পড়ে বেশ ভাল লাগলো।

৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৫

স্বপ্ন কাঠি বলেছেন: প্রায় বছরখানেক পর একটা পোস্ট দিলাম, নানা কারনে প্লাটফরম থেকে দূরে ছিলাম ,আপনার ভাল লাগলো শুনে ভাল লাগলো , ভাল থাকবেন।

৪| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

অকপট পোলা বলেছেন: আমরাও একটু আবেগে ভিজলাম!

৩১ শে মে, ২০১৪ রাত ১১:৩০

স্বপ্ন কাঠি বলেছেন: আসলেই কার আকাশ কখন কাল কখন সাদা থাকে তা বলা কঠিন, তাই হোক না একটু শান্তিতে ভেজা।

ধন্যবাদ আপনাকে কষ্ট করে লেখাটা পড়েছেন । সাথে থাকবেন , ভাল থাকবেন।

৫| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:২৩

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। ভালো লাগল। আমি অবশ্য ব্লগে এখন কম আসি।

কেমন আছেন?

০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:০৯

স্বপ্ন কাঠি বলেছেন: হুম আমি প্রথমেই ব্লগে এসে আমার আগের সবার সাথে কথা বলার চেস্টা করছিলাম। তার মাঝে আপনি একজন । আমি আছি আপনি কেমন আছেন?

প্রায় বছর খানেক দূরে ছিলাম ব্লগ থেকে। আপনাকে দেখে খুশি হলাম।

৬| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

এক চিলতে রোদ্দুর বলেছেন: অনেক ভাল লাগর এমন সুন্দর লেখো পড়ে।

০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:১১

স্বপ্ন কাঠি বলেছেন: ধন্যবাদ , লেখাটা আসলে যতটা না বৃষ্টি নিয়ে তার চেয়ে এর মাঝে ভেজার আনন্দ নিয়ে লেখা।

ভাল থাকবেন।

৭| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৩২

লাবনী আক্তার বলেছেন:
আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগে নিয়মিত হন আর নতুন নতুন পোস্ট দিন। এক বছরের শূন্যস্থান পূরণ করুন। :D :D

ভালো থাকুন। শুভকামনা রইল।

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:২৮

স্বপ্ন কাঠি বলেছেন: হুম ধন্যবাদ আপনাকে । আশা করি সাথে থাকবেন।


ভাল থাকুন।

৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

পংবাড়ী বলেছেন:

"বস নেই, তাই গল্প গুজব করে সময় কাটানো"

-এবার ভাবেন, আমাদের সরকারী কর্মচারীরা প্রতিদিন কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.