| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবাহ একজন পুরুষ ও নারীর মধ্যে সামাজিক ও যৌনসম্পর্ক স্থাপনের ধর্মীয় রীতি। বিবাহের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয়। এছাড়া বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়। বিবাহের মাধ্যমে পরস্পর সম্পর্কিত পুরুষকে স্বামী (পতি)এবং নারীকে স্ত্রী (পত্নী) হিসাবে চিহ্নিত করা হয়। স্বামী ও স্ত্রীর যুক্ত জীবনকে "দাম্পত্য জীবন" হিসাবে অভিহিত করা হয়। বিভিন্ন ধর্মে বিবাহের বিভিন্ন রীতি প্রচলিত। একইভাবে বিভিন্ন সমাজে বিভিন্ন প্রথায় বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। বিবাহ মূলত একটি ধর্মীয় রীতি হলেও আধুনিক সভ্যতায় এটি একটি আইনী প্রথাও বটে। বিবাহবহির্ভুত যৌনসঙ্গম অবৈধ বলে স্বীকৃত এবং ব্যাভিচার হিসাবে অভিহিত একটি পাপ ও অপরাধ।
বাংলাদেশে বিয়েকে "বিয়ে" কিংবা "বিবাহ" নামে সম্বোধন করা হলেও অঞ্চলভেদে আঞ্চলিকভাবে আরো বিভিন্ন নামে ডাকা হয়, যেমন: বিয়্যা বা বিয়া কিংবা বিহা, হিন্দী ভাষার প্রভাব বা অনুকরণে শাদী। সিলেট অঞ্চলে কখনও বিয়েকে কটাক্ষ করে ডাকা হয় হেঙ্গা। বিয়ে একদিকে যেমন ধর্মীয় মিথস্ক্রীয়ায় পড়ে বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ ধারণ করেছে, তেমনি নৃতাত্ত্বিক এলাকার লোকাচারও ধারণ করেছে।
বাংলাদেশের সংবিধান ও আইনের দৃষ্টিতে প্রত্যেক সাবালক নাগরিকের বিয়ে করার পূর্ণ অধিকার রয়েছে। আইন অনুযায়ী বিয়ের জন্য বিয়ের সাবালকত্য ধরা হয় পুরুষের জন্য নিম্নে ২১ বছর, আর নারীর জন্য নিম্নে ১৮ বছর। এর কম বয়সে বিয়ে করাকে আইনী সমর্থন দেয়া হয় না এবং তা “বাল্যবিবাহ” হিসেবে পরিগণিত হয়। ক্ষেত্রবিশেষে বাল্যবিবাহ আইনত অপরাধ হিসেবে পরিগণিত হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউমান রাইটসের ১৬(এ) অনুচ্ছেদের বিধানমতে, বিয়ে ও বিয়ে বিচ্ছেদ নারী ও পুরুষের একটি অধিকার৷
মুসলিম আইন
বাংলাদেশে ১৯৩৯ সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন, ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯৭৪ ও ১৯৭৫ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন প্রভৃতি আইনের সমন্বিত নিয়ম-ধারার অধীনে মুসলমান সমাজে আইনী বিয়ে ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদিত হয়। অবশ্য এই যাবতীয় আইনই ইসলামী শরীআতের অন্তর্বর্তি এমনটা বলা যায় না, বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলামী শরীয়াহ পরিপন্থি অনেক বিধানও এতে অন্তর্ভুক্ত হয়েছে। মুসলিম আইন অনুসারে বিয়ে একটি ধর্মীয় দায়িত্বই কেবল নয়, একটি দেওয়ানী চুক্তিও। এই আইন অনুসারে একটি পূর্ণাঙ্গ বিয়ের জন্য কতিপয় শর্ত পূরণ করতে হয়:
উভয়পক্ষের ন্যুনতম বয়স
পারস্পরিক সম্মতি
দেনমোহর
সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক ২ জন সাক্ষী
আইনী নিবন্ধনঃ এই শর্তানুসারে বরের বয়স কমপক্ষে ২১ এবং কনের বয়স কমপক্ষে ১৮ হওয়া বাধ্যতামূলক। এছাড়া বর-কনেকে সুস্থ মস্তিষ্কের হতে হবে। অতঃপর নারী ও পুরুষকে ইসলামী বিধান অনুসারে উভয়পক্ষের সাক্ষীর সামনে একজন উকিল বা কাজি'র উপস্থিতিতে সম্মতি জানাতে হয় (মুসলিম আইন ও ইসলামী শরীয়াতে কনের প্ররোচনাহীন স্বেচ্ছা-সম্মতি বাধ্যতামূলক)। দুজন সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক সাক্ষী উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং একজন পুরুষের সাক্ষ্য দুজন নারী সাক্ষ্যের সমান নয়।একজন নারীকে বিয়ে করতে হলে "দেনমোহর" দেয়া বাধ্যতামূলক। দেনমোহর হলো একটি আর্থিক নিশ্চয়তা (কিছু পরিমাণ অর্থ কিংবা সম্পত্তি), যার বিনিময়ে একজন নারী তার বিবাহিত পুরুষ সঙ্গীর জন্য হালাল বা সিদ্ধ হোন। ইসলাম ধর্মমতানুসারে এই দেনমোহর বিয়ের সময়ই সম্পূর্ণ আদায় করে দিতে হয়, দেনমোহর মাফ হয় না। মুসলিম আইন অনুসারে বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক এবং এই দায়িত্ব পুরুষের। এই দায়িত্বের অন্যথায় ২ বছর পর্যন্ত বর্ধনযোগ্য মেয়াদের বিনা শ্রম কারাবাস, বা ৩,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। একজন বিবাহিত নারী তার স্বামীর সেবা এবং আনুগত্য করবেন, আর বিবাহিত পুরুষ তার স্ত্রীর সম্পূর্ণ দেখভাল করবেন, যাবতীয় দায়িত্ব পালন করবেন এবং স্ত্রীর সুখ-শান্তি নিশ্চিত করবেন। ইসলামে, পুরুষ এবং নারী উভয়েই পরষ্পরকে তালাক দেবার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন, তবে এজন্য বিয়ের সময় কাবিননামায় তালাকে তাওফিজ-এর ক্ষমতা স্ত্রীকে দিতে হয়। তালাক দেবার জন্য মুখে তিনবার "তালাক" শব্দটি উচ্চারণ করাই যথেষ্ট হলেও আইনীভাবে তা স্বীকৃত হয় না, বিধায় তার লিখিত চুক্তির বিধান রয়েছে। কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিলে সেই স্ত্রী তার জন্য হারাম বা নিষিদ্ধ হয়ে যান এবং তালাক দেবার পূর্বে স্বামীকে যাবতীয় দেনমোহর আদায় করে দিতে হয়। অবশ্য ঐ নারী যদি অন্যত্র বিয়ে করেন এবং এই নতুন স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেন বা মৃত্যুবরণ করেন, তাহলেই শুধু তিনি পূর্ববর্তি স্বামীর সাথে পুণরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন- এই প্রথাকে "হিলা বিয়ে" (আঞ্চলিকভাবে কোথাও "হিল্লা বিয়ে") বলা হয়। মুসলিম আইনে খানিকটা ছাড় থাকলেও ইসলামী শরিয়াহ অনুযায়ী তালাক একটি ঘৃণিত কাজ এবং তা যেন না হয়, সেব্যাপারে সাবধানতা অবলম্বন অপরিহার্য। এজন্য শরীয়াতে তিন মাসে তিনবার তালাক দেবার বিধান রাখা হয়েছে, যাতে অন্তর্বর্তি সময়ে উভয়ে, প্রয়োজনে মীমাংসা করে নিতে পারেন।
হিন্দু আইন
হিন্দুশাস্ত্রমতে, বিয়ে শুধুই চুক্তি নয়, বরং একটি ধর্মীয় বাধ্যবাধকতা। হিন্দু আইন মূলত হিন্দু ধর্মশাস্ত্রেরই প্রতিরূপায়ন। শাস্ত্রানুযায়ী পুরুষদের অবশ্য পালনীয় ১০টি ধর্মীয় কর্তব্যের (Ten sacraments) অন্যতম হলো বিয়ে। হিন্দু আইনের দৃষ্টিতে বিয়ে হলো, ধর্মীয় কর্তব্য সম্পাদনের উদ্দেশ্যে স্বামী-স্ত্রীর পবিত্র মিলন। হিন্দু বিয়ের অন্যতম উদ্দেশ্য পুত্রসন্তানের জন্ম দেয়া, কেননা শাস্ত্রানুযায়ী পুত্রসন্তানই বংশের ধারা বজায় রাখতে ও পিণ্ড দান করতে পারে। হিন্দু আইনানুযায়ী কনের বাবা-মা বরের হাতে কনেকে সম্পূর্ণভাবে ন্যস্ত করেন। সনাতন হিন্দু আইনে কনের সম্মতি কিংবা অসম্মতি গুরুত্বের সাথে বিবেচনা করা হয় না এবং বিবাহ-বিচ্ছেদ ও পূণর্বিবাহ স্বীকৃত নয়, এমনকি ধর্ম পরিবর্তন, বর্ণচ্যুতি, ব্যাভিচার কিংবা বেশ্যাবৃত্তিও বিবাহ-বিচ্ছেদের কারণ হতে পারে না। হিন্দু শাস্ত্রানুযায়ী যেহেতু বিয়ে কোনো চুক্তি নয়, তাই বিয়ের জন্য সাবালকত্ব বিবেচিত হয় না- এই নিয়ম সনাতন হিন্দু আইনে অনুসৃত এবং বাংলাদেশী হিন্দুগণ এই আইন মেনে চলেন। হিন্দু আইনে বিয়ে রেজিস্ট্রেশনের কোনো বিধান নেই। হিন্দু আইন অনুযায়ী একজন নপুংসকও বিয়ে করতে পারে। বাংলাদেশের হিন্দু আইনে বর্ণপ্রথা রয়েছে অর্থাৎ আইনগতভাবে বর-কনেকে অবশ্যই সমগোত্রীয় হতে হবে। ১৮৫৬ খ্রিস্টাব্দে বাংলাদেশে হিন্দু আইনে ‘বিধবা বিবাহ’ আইনসম্মতভাবে স্বীকৃত, তবে বাস্তবে এর প্রয়োগ সচরাচর দেখা যায় না। হিন্দু আইনানুযায়ী স্ত্রীর, স্বামীর প্রতি অনুগত থাকতে হবে, আর স্বামীকে তার স্ত্রীর সঙ্গে বাস করতে ও ভরণপোষণ দিতে হবে। বাংলাদেশের হিন্দু নারীরা ‘হিন্দু ম্যারিড উইমেনস রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট ১৯৪৬’ অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে পৃথকভা বসবাস করার ও ভরণপোষণ পাবার অধিকার পান, যেমন: যদি স্বামী কোনো সংক্রামক রোগে আক্রান্ত হন এবং ঐ রোগ স্ত্রীর দ্বারা সংক্রমিত না হয়ে থাকে, কিংবা যদি স্বামী তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং ঐ খারাপ ব্যবহার এমন হয় যে, তা স্ত্রীর জীবনের প্রতি হুমকিস্বরূপ হয়; কিংবা স্বামী যদি দ্বিতীয় বিয়ে বা পুনরায় বিয়ে করেন; কিংবা স্বামী যদি স্ত্রীকে তার সম্মতি ছাড়া ত্যাগ করেন; কিংবা স্বামী যদি অন্য ধর্ম গ্রহণ করেন অথবা অন্য কোনো আইনগত কারণে স্ত্রী পৃথকভাবে বসবাস ও ভরণপোষণ লাভ করার অধিকারী হন।
বিশেষ বিবাহ আইন
বাংলাদেশে, "বিশেষ বিবাহ আইন, ১৮৭২" অনুযায়ী বিশেষ বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। যেসকল ব্যক্তি মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, ইহুদি, পার্সি, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্ম গ্রহণ করেননি, তাদের মধ্যে এই বিয়ে হতে পারে। এছাড়া যেসকল ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্ম গ্রহণ করেছেন, এই আইনের মাধ্যমে তাদের জন্য বিয়ের বিকল্প একটি ধরণ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও যেসকল বিয়ের বৈধতা সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে, সেসব সুনির্দিষ্ট বিয়ের বৈধতাও নিশ্চিত করা যায় এই আইন দ্বারা। বাংলাদেশে প্রচলিত মুসলিম আইনে বিয়ের একপক্ষ মুসলমান হলে, অপরপক্ষ যদি মুসলমান হতে রাজি হয়, তাহলে তা বৈধ বিয়ে; কিন্তু অপরপক্ষ মুসলমান হেত অস্বীকৃত হলে তা "অনিয়মিত বিয়ে"। খ্রিস্টান আইনেও একই বিধান রাখা হয়েছে। এসকল বিয়েকে বৈধতা দেয়া হয় বিশেষ বিবাহ আইন অনুসারে, তবে এই আইন অনুসারে উভয় পক্ষকেই স্বীয় ধর্ম ত্যাগ করতে হয় এবং তা বাধ্যতামূলক। এক্ষেত্রে এই আইনের অধীনে বিয়ে হলে ["জাতিগত অসামর্থ্যতা দূরীকরণ আইন, ১৮৫০" অনুসারে] হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে বিশ্বাসী কোনো পরিবারের উক্ত সদস্য স্বীয় পরিবার থেকে বিচ্ছিন্ন বলে গণ্য হবেন।
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
মোঃ মোশারফ হোসেন বলেছেন: আমার পরিচিত এক বড় ভাই পালিয়ে বিয়ে করেছিলেন। পরে অবশ্য দুইপক্ষের সম্মতিতে তাদের আবার বিয়ে দেয়া হয়। এব্যাপারে আমি নিশ্চিত নই তবে যতদূর মনে হয় এতে কোনো সমস্যা আছে।
২|
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
ময়নামতি বলেছেন: আপাতত প্রিয়তে তার পর পড়ব।
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
মোঃ মোশারফ হোসেন বলেছেন: ধন্যবাদ।
৩|
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫
নিষ্কর্মা বলেছেন:
জুবায়দুল ইসলাম রোকন-এর প্রশ্নটা আমারও প্রশ্ন।
৪|
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২০
তারেকমামু বলেছেন: অনেক কিছু জানলাম, কিন্তু মেয়েদের অধিকার মনে হয় ইসলামেই সবচেয়ে বেশি।
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
মোঃ মোশারফ হোসেন বলেছেন: আমারও তাই মনে হয়।
৫|
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
জোছনার আলো বলেছেন: এই পোস্ট স্টিকি করর জন্য তদবীর করছি।
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩
মোঃ মোশারফ হোসেন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০২
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আমার এক বন্ধু গোপনে একবার বিয়ে করেছে, আবার পারিবারিক ভাবে তার বউ কেই আবার বিয়ে করেছে।আগের বিয়ের কথা বলে দিলে সমস্যা হত বলে গোপন রেখেছে।এতে কোন সমস্যা আছে কিনা?