নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা ফিরে চায়।

যে বিকেলটা হারিয়ে গেছে সময় তাকে মুছতে পারেনি,
পড়া হয়নি চোখের শেষ ভাষাটা ।
কথা ছিল দুজনার, ঠোঁট দ্বিধান্বিত,
একটি মুহূর্ত হাত বাড়ালেই হয়তো বদলাতো সবকিছুই।
জীবনের অনিবার্যতা কে কখন থামাতে পারে?

নির্বাক স্পর্শ,আজও কেন কথা বলে?
তুমি নেই পাশে, তবু কে আমায় ছুঁয়ে চলে?
নির্বাক স্পর্শ, অন্ধকারে তোমারই ছায়া
যা কোনোদিন পাইনি আমি, তা ই কেন সবচেয়ে মায়া?

মনে পড়ে সেই রাত, ঘুমানো শান্ত শহর,
তোমার হাতটা খুব কাছে,তবু দূরত্ব অনন্তর ।
ছায়াপথ থেমে গিয়ে,
না-বলা শেষ কথা আমার ভেতর বেঁচে রইল।

আজও হঠাৎ উৎকণ্ঠাতেফিরে দেখি পেছনপানে,
যদি সেদিন হাতটা ধরতাম তুমি কি থাকতে আমার টানে?
নাকি সেটাও অনিবার্যতা,যার কাছে আমরা হেরে যাই?

আমার ভেতর অন্ধকূপে তোমার ছায়া বন্দী আজও,
প্রতিসরণে ভাঙে সময়,গতকাল নামে বর্তমানেও।
এই আত্মদহন কাকে বলি? কোন নদীতে ধুই এ ক্ষত?
তুমি নও তোমার অপ্রাপ্তিই
আমার সবচেয়ে গভীর ক্ষতচিহ্ন।

হয়তো তুমি ভুলেই গেছো,হয়তো কিছুই ছিল না...
তবু কেন শূন্য হাতে আজও তোমাকেই খুঁজি?
হয়তো ভালোবাসা মানেইসবকিছু পাওয়া নয়
কিছু মানুষ শুধু থেকে যায়...
না-পাওয়ার ভেতর।

নির্বাক স্পর্শ, আজও কেন এত কথা বলে?
তুমি নেই পাশে, তবু কে আমায় ছুঁয়ে চলে?
নির্বাক স্পর্শ, সময়েরও ওপারে মায়া
যে হাত কোনোদিন ধরিনি,আজও কেন তারই ছায়া?
নির্বাক স্পর্শ আমার সমস্ত অপ্রাপ্তি,
নির্বাক স্পর্শ আমার বেঁচে থাকার স্মৃতি।

কুয়াশা সরে যায় ধীরে,শহর জেগে ওঠে আবার,
বিবর্ণ সেই জানালাতে নেই তো তোমার কোনো ছায়া।
তবু রাত নামলে মনে হয় কেউ যেন কাছে এসে দাঁড়ায়...
কথা বলে না।
শুধু নির্বাক স্পর্শ হয়ে আমায় ছুঁয়ে যায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...........................................................
কোনো অভিমান নেই, নেই তো চাওয়ার শেষ,
স্মৃতির পাতায় আলতো করে আঁকা তোমার রেশ।
একটুখানি জায়গা দিও মনের গোপন ঘরে,
যেখানে এই ভালোবাসা বাঁচবে চিরতরে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮

মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে ভালো না লেগে উপায় নাই। অনেক ভালো থাকবেন সব সময়।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:




তুমি নও তোমার অপ্রাপ্তিই
আমার সবচেয়ে গভীর ক্ষতচিহ্ন।


অপ্রাপ্তি থেকেই গভীর অনুভুতির জন্ম।

কিছু মানুষ শুধু থেকে যায়...
না-পাওয়ার ভেতর।


সো ট্রু।
পায় না বলেই থেকে যায়।

বর্তমানে এখনও যারা ব্লগে কবিতা লিখছে, তাদের মাঝে চারজনের কবিতা পড়তে ভালো লাগে।
কালো যাদুকর, মার্শ, স্প্যানকড, রানা।
কারণ এই চারজন এআই দিয়ে কবিতা লেখে না।

গানটা শোনার অপেক্ষায় থাকলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৯

মায়াস্পর্শ বলেছেন: কেমন আছেন আপনি ?
এতো বড় লেখা এখানে দিতে চাইনি। গান যেখানে লিখে রাখি এটা সেখানে ছিল, আমার ডায়েরি তে। ভাবলাম শেষ করি লেখাটা।

বর্তমানে এখনও যারা ব্লগে কবিতা লিখছে, তাদের মাঝে চারজনের কবিতা পড়তে ভালো লাগে।
কালো যাদুকর, মার্শ, স্প্যানকড, রানা।
কারণ এই চারজন এআই দিয়ে কবিতা লেখে না।

Ai দিয়ে লিখে নিজের কাছে নিজেকে ছোট করার মতো আর পাঠকদের সাথে প্রতারণা করার জন্য সারাজীবন একটা অপরাধবোধ থেকে যাবে।
এমন এক অবস্থা হয়েছে কোনটা যে AI আর কোনটা যে রিয়েল তা বোঝা একটু কঠিন এ হয়ে যাচ্ছে আমাদের মতো সহজসরল মানুষদের জন্য।

সবাই কয়েকদিন আগে বললো ব্লগের শেষ সময় চলছে মনে হয়, তাই একটু ভয় লাগে যে যদি লেখাগুলো হারিয়ে যায়। এতগুলো লেখা নিতেও পারছিনা সময়ের অভাবে।


৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:




লেখা অবশ্যই এখানে দিবে, না হলে আমরা কিভাবে পড়বো!!
এমন কোন বড় না, ঠিক আছে।

মনে হয় একবার এটা নিয়ে কথা হয়েছিলো, সামু যদি কখনও একটিভ নাও থাকে কিন্তু সামু পেইজে লেখাগুলো থাকবে।
হয়তো লগিন অপশন থাকবে না কিন্তু ইউ ক্যান রিড অল পোষ্ট।
তখন সময় করে কপি করে নিবে, এখন অস্থির হবার কিছু নেই।

এআইয়ের অনেক পজিটিভ ইউজ আছে নিঃসন্দেহে।
কিন্তু সৃজনশীল কাজ কবিতা, গল্প, গান এগুলো এআই দিয়ে করা আমার একদম ভালো লাগেনা।
সেখানে মানুষের আবেগ অনুভুতির জায়গাটা থাকে না, তাই এসবে কোন আকর্ষণ নেই।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.