নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ শরীর চোখ ঠিকমতো খুলতে পারে না। নার্স যখন আমার হাতে তুলে দিয়েছিলো, তখন মনে হয়েছিলো, পৃথিবীর সমস্ত ভয় হঠাৎ আমার কাঁধে এসে বসেছে। আমি ঠিকমতো ওকে আগলে রাখতে পারবো তো?
তারপর ধীরে ধীরে বুঝলাম, প্রতিদিন একটু একটু করে শিখলাম।
আমার মেয়েটা খুব সাধারণ কিছু কাজ করেও আমার বুকের ভেতর অদ্ভুত আনন্দ অনুভূতি তৈরি করে। ও যখন কারণে-অকারণে এসে মা বলে গলা জড়িয়ে ধরে, মনে হয় সারাদিনের ক্লান্তি কোথায় মিলিয়ে যায়। স্কুল ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল নিজে যখন ঠিক করতে থাকে, আমি চুপচাপ তাকিয়ে থাকি। মনে হয়, এই তো সেদিনও হাঁটতে শিখছিলো।

আমি জানি না পৃথিবী ওকে কীভাবে দেখবে। কে ওকে পছন্দ করবে, কে করবে না। কে ওর মন ভাঙবে, কে ভালোবাসবে। কিন্তু আমার কাছে ও সবসময় আমার রাজকন্যা, যে যখন ঘুমের মাঝে হাত বাড়িয়ে আমাকে খোঁজে আমি ব্যাকুল হয়ে ওকে জড়িয়ে ধরি ওর ঘুমন্ত মুখ দেখি। তখন ভয় হয় খুব। পৃথিবীটা এত কঠিন কেন? এত নিষ্ঠুর কেন? আমি কি পারবো সব কষ্ট থেকে ওকে আড়াল করে রাখতে?
পারবো না, জানি। কোনও মা-ই পারে না।

একদিন ও বড় হবে। নিজের জগত হবে, নিজের গোপন দুঃখ হবে, নিজের আলাদা পৃথিবী হবে। হয়তো তখন আগের মত সব কথা আমাকে বলবে না। হয়তো দরজা বন্ধ করে কাঁদবে সেসব কথা ভেবে আমার এখনই ভয় লাগে।

আমি অনেক ভুল করি। রাগ করি, চিৎকার করি, ক্লান্ত হয়ে যাই। কখনও কখনও ওর ছোট ছোট কথাতেও বিরক্ত হই। পরে আবার নিজেই অপরাধবোধে ভুগি। ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলিয়ে দোয়া করি, আল্লাহ, আমার মেয়েটাকে ভালো রেখো।
মা হওয়ার পরে বুঝেছি, মানুষের হৃদয় শরীরের ভেতরে থাকে না সবসময়। আমার হৃদয়টা এখন আমার মেয়ের ভেতরে,
ও হাসলে আমার দিন ভালো যায়। ও অসুস্থ হলে আমার বুক ধড়ফড় করে। ও মন খারাপ করলে আমার পৃথিবীটাই কেমন ফ্যাকাশে লাগে।
মাঝে মাঝে ওকে দেখে ভয়ানক মায়া হয়। এই পৃথিবীর এত অন্ধকার, এত হিসাব, এত স্বার্থের মাঝখানে ও যেন নিজের খেয়াল রাখতে পারে।
আমি চাই না ও নিখুঁত মানুষ হোক। শুধু চাই, ও ভালো মানুষ হোক ভালো থাকুক, মানুষের কষ্ট বুঝুক। কাউকে ইচ্ছা করে আঘাত না দিক। আর নিজের কষ্টগুলো বুকের ভেতর পাথরের মত জমিয়ে না রাখুক।
কখনও যদি আমি না ও থাকি, তবু ও যেন জানে, পৃথিবীতে একজন মানুষ ছিলো, যে ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো।

আমার মেয়েটা বড় হয়ে যাবে একদিন। হয়তো আমার হাত ছেড়ে অনেক দূরে থাকবে। নতুন জীবন, নতুন মানুষ নতুন পরিবার হবে।
তবু আমার কাছে ও সবসময়ই থাকবে সেই ছোট্ট মানুষটা, যে হঠাৎ বলে ওঠে, তোমাকে অনেক ভালোবাসি মা।
আর আমি সব ভুলে তাকিয়ে থাকি ওর দিকেই।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৬ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আপনি যেন আমার মনের কথা গুলো বলেছেন।
আমার একটা কন্যা আছে।

২১ শে মে, ২০২৬ দুপুর ২:১৩

সামিয়া বলেছেন: হ্যাঁ আমি জানি আপনারও কন্যা আছে, আপনার কন্যার জন্য অনেক অনেক দোয়া, পৃথিবীর সকল কন্যারা ভালো থাকুক, মা বাবার নিরাপদ আশ্রয় থাকুক।

২| ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:০৮

মায়াস্পর্শ বলেছেন: ভয় হয়, খুব। :-<

২১ শে মে, ২০২৬ বিকাল ৩:৫৯

সামিয়া বলেছেন: চোখের আড়াল হতে দেওয়া যাবে না কিছুতেই যতই ব্যস্ততা থাকুক, সন্তানের নিরাপত্তা সবার আগে। প্রতিটি মা-বাবার উচিত নিজের সন্তানকে সবসময় স্নেহ, যত্ন আর সচেতনতার পাশাপাশি সর্বোচ্চ নজরদারিতে রাখা।

৩| ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:২৯

করুণাধারা বলেছেন: ছোট মেয়েদের দেখলেই ভয় হয়।

আপনার কন্যা, সকলের কন্যা নিরাপদে থাকুক আজীবন।

২১ শে মে, ২০২৬ বিকাল ৪:০৫

সামিয়া বলেছেন: হুম পৃথিবীটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে, যেখানে মেয়েশিশুরা শুধু বাইরেই নয় নিজের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের কুখ্যাত শয়তানের হাত থেকেও রেহাই পায় না, সকল শিশুকে আল্লাহ নিরাপদ রাখুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.