নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

হাতি বনাম লোকালয়

২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৯

হাতি এবং লোকালয়ের একটা কোন্দল প্রায়ই দেখা যায়। এটা প্রায় চিরায়ত ঘটনা মানবসভ্যতার গড়ে ওঠার সময় হতে। আজ এটা নিয়ে একটা মজার তথ্য বলি—

হাতির মস্তিষ্ক শুধু আকারেই বড় না, এই বড় মস্তিষ্কের স্মৃতি ধারন ক্ষমতাও প্রায় কিংবদন্তী পর্যায়ের। হাতি যে প্রায়ই লোকালয়ে হানা দেয়, তার কারণও হচ্ছে এই স্মৃতি। খেয়াল করে দেখবেন, হাতি এসে সাধারণত মানুষকে আক্রমণ করে না, সে তছনছ করে খেতখামার, বাড়িঘর! বলা হয়ে থাকে, হাতি তার পূর্বজন্মের স্মৃতি পর্যন্ত মনে রাখতে পারে এবং লোকালয়ের যেসব জায়গায় আক্রমণ করে, আদতে সেসব জায়গা এককালে হাতির বাসস্থান ছিল। সেই বাসস্থান কেন অন্যরা দখল করেছে, এই ক্ষোভ থেকে তারা এসে বাড়িঘর খেতখামার তছনছ করে। ঘটনা খতিয়ে দেখলে আসলেই এর সত্যতা পাওয়া যায়। দেখা যায়, প্রায় বছর ঠিক একই জায়গায় হাতি এসে হাল্লা বোল করে!

তবে পূর্বজন্মের স্মৃতির কথাটা বিজ্ঞানসম্মত নয়। হয় কি, দলনেত্রী যে হাতি থাকে সে সাধারণত প্রবীণতম হাতি হয়, এবং সে তার বিগত জীবনের সব অভিজ্ঞতা মনে রেখে দলের অন্যদের শেখায়। কোন অঞ্চলের কোনখানে কী আছে, খাবার কোথায়, পানি কোথায়, কোথায় তাদের বসতি ছিলো, সেখান থেকে তারা কোথায় কোথায় এল এই সব কিছু। ফলে যেখানে তাদের বসতি ছিল এবং যে পথ দিয়ে তাদের যাতায়াত ছিল (করিডোর) কিংবা ঠিক যেখানকার মাটিতে ভালো খাবার পাওয়া যায়— এই বিষয়গুলো তাদের স্মৃতিতে স্পষ্ট থাকে। এই কারণেই বিশেষ বিশেষ স্থান বা লোকালয়ে হাতি হানা দেয়। হাতি অনেক সময় ফসল নষ্ট করে সুস্বাদু খাবারের খোঁজে, কখনও পর্যাপ্ত খাবারের অভাবে। হাতির লোকালয়ে আসতে বাধ্য হবার ব্যাপারও আছে। হাতি লোকালয়ে আসে পানির অভাবে।

হাতি দানবাকৃতির হলেও আমরা সবাই জানি ও মানি হাতি মোটামুটি কিউট প্রাণী। হাতি নিয়ে কিংবদন্তীর শেষ নেই, হাতিকে বলা হয় জঙ্গলের বিশ্বকর্মা! হাতি জঙ্গলে আলো আনে (শুঁড় দিয়ে ডালপালা ভেঙে)। হাতির পা হতে জলের ধারা বের হয়ে জঙ্গলের তৃষ্ণা মেটে— এমন একটি কথা নিশ্চয়ই দ্য জঙ্গল বুক বইতে পড়েছিলেন?
আসলে হাতি পিপাসা পেলে মাটি খুঁড়ে পানি বের করে এসেছে নিরেট প্রকৃতিতে সবসময়, সেখান থেকে জলাধার এমনকি ছড়ার সৃষ্টি হয়েছে অনেক সময়— এজন্যই এই খেতাব।

হাতি আক্রমণ করে, দানবাকৃতির অথচ এরপরও হাতিকে কিউট বলেছি দেখে কেউ ক্ষিপ্ত হবেন না। হাতির লোকালয়ে আক্রমণ এবং হতাহতের বিবরণ তুলে ক্ষোভ প্রকাশ করতে পারেন অনেকে। তবে এখানে আপনাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে। প্রথম বিবেচনা হচ্ছে করিডোর। হাতির চলাচলের পথকে রুট বলা হয়। করিডোরও পথের রুট, তবে পার্থক্য হল, করিডোর দিয়ে হাতি এক বন থেকে আরেক বনে যায়। অর্থাৎ দুইটি বনের সংযোগ যাতায়াতের পথই হল করিডোর। বাংলাদেশে এই করিডোর আছে ১২টি। দুঃখের বিষয়, সবকটি করিডোরেই মানুষ কব্জা করেছে, অর্থাৎ লোকালয় বসতি করেছে এবং তিনটি করিডোর পুরোপুরি বন্ধই করে দিয়েছে! আমাদের বনবিভাগ, সরকার কী করেছে এক্ষেত্রে তার কোন উল্লেখ কোথাও নেই!

আপনি প্রকৃতির এই স্বাধীন সত্তার বিঘ্ন ঘটিয়ে কী আশা করবেন? অন্য প্রাণীর স্মৃতি অল্প, তারা সরে গেলেও হাতি সরবে না! এখানেই হাতির সুপ্রিমেসি!!

যাহোক, দ্বিতীয় বিবেচ্যতে আসি। হাতির স্মৃতি প্রখর আপনি জানেন, হাতি একজীবনের সমস্ত স্মৃতিই ফটোজেনিক মেমোরির মত মনে রাখে। দলের প্রতিটা হাতি, দলের বাইরের হাতি বা অন্য প্রাণী (নির্দিষ্ট প্রাণীটাই), মানুষ, পথ চল্লিশ পঞ্চাশ বছর আগে তাদের দলের কোন হাতিটা কোথায় মারা গিয়েছিল একদম গুগল ম্যাপের মত ঠিক সেই জায়গাটা পর্যন্ত তারা মনে রাখে। তারা দল বেঁধে সেই কবর জিয়ারতেও যায় বলতে পারেন, অর্থাৎ তারা তাদের স্বজনদের সমাধিস্থল ভিজিট করে। এমন তীব্র স্মৃতির প্রাণীকে আপনি ঢিল ছুঁড়ে আঘাত করবেন আর সে আপনাকে এরপর হামলা করলেই দোষ? কখনও কখনও হাতির দাঁতের জন্য আপনারা হাতিকে আহত করেন, মেরে ফেলেন। এরপর হাতির স্বজনরা এসে হামলা করবে না? অন্য সব প্রাণী হলে পালিয়ে যেত, হাতি পালায় না। সে প্রতিশোধ নিতে ফিরে আসে। সে জঙ্গলের বিশ্বকর্মা, বনের বিধায়ক!
হাতি আরেক সময় পাগল হয়, তা হল তার বাচ্চা যদি কোনভাবে বিপদগ্রস্ত হয় কারো দ্বারা!

বক্তব্য শিশুতোষ গল্পের মত শোনাতে আরম্ভ করেছে হয়ত, থাক সে আলাপ। বাস্তবতা হল, হাতির আক্রমণের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ আমরা মানুষেরাই।

এই নীরস লেখা এতদূর পড়েছেন যখন, হাতি সম্পর্কে আরো কিছু অবাক করা ধারণা দেই—

১. হাতি শুধু কান দিয়ে শোনে না। হাতি আসল শোনা শোনে তার পা দিয়ে! সে পায়ের তালু দিয়ে মাটির কম্পন থেকে দশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত শুনতে পারে এবং দশ কিলোমিটার দূরত্বে কম্পন সৃষ্টি করে আদান প্রদানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে।

২. কান দিয়ে হাতি নিজের শরীরে বাতাস করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হাতি কখনও ঘামে না। তার শরীরের জলের নিয়ন্ত্রণ সে এই কান দিয়ে করে। আরেকটা মজার ব্যাপার হল, আফ্রিকার হাতির কান অনেকটা আফ্রিকার মানচিত্রের মতন দেখায়, আবার ভারতীয় হাতির কান ভারতের মানচিত্রের মতন দেখায় খানিকটা।

৩. হাতির চামড়া পুরু হলেও খুবই সংবেদনশীল, একটি মশা বসলেও তারা সাথে সাথেই বুঝতে পারে। হাতি আর পিঁপড়া নিয়ে একটা গল্প আমরা সবাই পড়েছি। তবে হাতি ভীষণভাবে ভয় পায় মৌমাছিকে। মৌমাছির অস্তিত্ব টের পেলেই হাতি ভয়ে পালাতে শুরু করে, সবাইকে নিয়ে।

৪. হাতির গজদাঁত নিয়মিতই বাড়তে থাকে। ইঁদুর আর হাতি কাছাকাছি গোত্রের। ইঁদুরের মতই হাতির দাঁত আজীবন বাড়তে থাকে, এজন্য হাতিও তার গজদাঁত ঘষে সুযোগ পেলেই। এখানে হাতিও মানুষের মত ডানহাতি বাঁহাতি হয়। মানে, কেউ ডানপাশের দাঁত বেশি চালায়, কেউ বাঁ পাশের দাঁত বেশি চালায়। যে দাঁত বেশি ব্যবহৃত হয়, সেটা বেশি ক্ষয় হয় এবং তুলনামূলক ছোট থাকে। ভারতীয় হাতিদের কেবল পুরুষ হাতির গজদাঁত হয়। আফ্রিকান হাতিদের সবারই গজদাঁত হয়। হাতির জীবদ্দশায় ছয়বার দাঁত ওঠে। ছয়বারের পর আর ওঠে না, তখন অনেক সময় হাতি চিবিয়ে খেতে না পারার কারণে খাদ্যাভাবে মারা যায়।

৫. হাতির স্মৃতি প্রখর, ঘ্রাণ ও অনুভব শক্তি প্রখর। কিন্তু তার দৃষ্টি খুবই ক্ষীণ। তাই দূর থেকে হাতি আসতে দেখলে সরে দাঁড়ান। দৌড়াতে হলে বা তাড়া করলে সোজাসুজি না দৌড়ে আঁকাবাঁকা হয়ে দৌড়ান, হাতি বিভ্রান্ত হয়ে থেমে যাবে।

হাতির লোকালয়ে আক্রমণের ক্ষেত্রে করণীয় কী কী হতে পারে তা নিয়ে এখন এখানে জ্ঞান কপচিয়ে লাভ নেই। এটা প্রশাসনের কাজ, বনবিভাগের কাজ। তারা ঘুমাচ্ছে না জেগে আছে আমরা জানি না।

শুভরাত্রি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাতি নিয়ে মজার তথ্য দিয়েছেন , এজন্য ধন্যবাদ !
...............................................................................
আমি বলব,
হাতি যদি খাদে পড়ে
চামচিকে লাথি মারে ( এখানে চামচিকে < অসৎ রাজনীতিবিদ ) ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.