| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে থাকতো দিন-সপ্তাহ-মাস ব্যাপী। হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে পাড়া-প্রতিবেশীরাও শোকে মুহ্যমান হয়ে কান্না করতেন। মৃতের ঘরে রান্না হতো না কয়েক সপ্তাহ। পাড়া প্রতিবেশী এবং দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন, চেনা পরিচিতজনেরাও মৃতের স্বজনদের প্রতি সহানুভূতি জানাতেন। নিজ নিজ বাড়ি থেকে রান্না করে পালা করে খাবার নিয়ে আসতেন।
আবার 'চল্লিশা' নামে একটা ভোজের আয়োজন থাকতোই- যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য স্বতঃস্ফূর্ত ভিন্ন আয়োজন থাকতো। ধর্মীয় পরিচয় আলাদা হলেও শোক ও সহমর্মিতার জায়গায় কোনো বিভাজন ছিল না।
আমাদের একালঃ এখন বাংলাদেশের মানুষ শহরমুখী। আমাদের গ্রামের কথাই বলি- যে গ্রামে একসময় আট-দশ হাজার হিন্দু-মুসলমান মানুষের বসতি ছিল, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে গড়ে উঠেছিল গৃহস্থ জীবন, সেই গ্রামে এখন কয়েকশ মানুষের বিচ্ছিন্ন বসবাস। হয়তো প্রকাশ্য বিদ্বেষ নেই, কিন্তু আগের সেই আন্তরিকতা, পারস্পরিক নির্ভরতা কিংবা সৌহার্দ্যও নেই। কে কোথায় আছে, কীভাবে আছে- যেন কারও কিছু যায় আসে না। কারও মৃত্যু এখন আর প্রতিবেশীর ঘুম কেড়ে নেয় না, কারও আনন্দ উৎসবও পাশের বাড়ির মানুষকে স্পর্শ করে না। সবাই নিজের মতো, নিজের গণ্ডিতে।
কসমোপলিটান শহরে অভ্যাগত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত মানুষ ফ্ল্যাট কিনে কিংবা ভাড়া নিয়ে আমরা এখন ঘরবন্দি জীবনযাপনে অভ্যস্ত। আনন্দ, উৎসব, শোক- সবই যার যার ব্যক্তিগত আয়োজন। পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও অন্য ফ্ল্যাটের মানুষটি খবর রাখেন না। আবার কারও ঘরে আনন্দের উৎসব চললেও পাশের ঘরের নিঃসঙ্গ মানুষটির কাছে তার কোনো আবেদন নেই।
একসময় আমাদের বাড়িগুলোর দরজা যেমন খোলা থাকত, তেমনি মানুষের মনও খোলা ছিল। এখন দরজায় নিরাপত্তার তালা আছে, সম্পর্কের দরজায়ও যেন অদৃশ্য তালা ঝুলছে।
সময়ের পরিবর্তন হয়েছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, নগরায়ণ হয়েছে। কিন্তু এই পরিবর্তনের ভেতর দিয়ে আমরা কি আমাদের সামাজিক বন্ধন, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতাটুকুও হারিয়ে ফেলছি?
আগে মানুষ মানুষের শোকে কাঁদত, মানুষের আনন্দে আনন্দিত হতো। এখন আমরা পাশাপাশি থাকি, অথচ অনেক সময় একে অপরের জীবনেও থাকি না। যদিও মৃতের বাড়িতে নিকট আত্মীয় স্বজনদের আগমন হয়- সেটা অনেকটাই উৎসবমুখর!
জানি না, একে সভ্যতার অগ্রগতি বলব, নাকি সামাজিক সম্পর্কের নিঃশব্দ অবক্ষয়!
শুধু এটুকু জানি- মানুষের জীবনে অর্থ, সম্পদ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রয়োজন আছে; কিন্তু বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মতো কিছু মানুষ না থাকলে সেই জীবন বড় নিঃসঙ্গ।
©somewhere in net ltd.