| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে মায়ের পরেই বাবার স্থান। মায়ের অবদান যেমন অনন্য দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন তেমনি বাবাও সারাজীবন নিজের সুখ-স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন।
বাবারা সাধারণত তাঁদের ভালোবাসা প্রকাশ করেন না। তাঁরা চোখের জল লুকিয়ে রাখেন, কষ্ট গোপন করেন, কিন্তু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যান। পরিবারের ভরণ-পোষণ, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন একজন বাবা। সংসারের ঝড়-ঝঞ্ঝা নিজের বুকে ধারণ করে পরিবারকে আগলে রাখেন তিনি।
সন্তানরা ছোটবেলায় বাবার কঠোরতা দেখে অনেক সময় ভুল বোঝে। কিন্তু যখন তারা নিজেরা বাবা বা মা হয়, তখন বুঝতে পারে একটি সন্তানকে বড় করতে কত ত্যাগ, কত দুশ্চিন্তা আর কত নিঃস্বার্থ ভালোবাসা লাগে। তখন উপলব্ধি হয় বাবার সেই বকুনি ছিল ভালোবাসা, সেই শাসন ছিল ভবিষ্যৎ গড়ার শিক্ষা।
যেসব সন্তানেরা দেশের বাইরে থাকে, তাঁদের বাবাদের হৃদয়ের কষ্ট আরও গভীর। একদিকে প্রিয় সন্তানকে দীর্ঘদিন না দেখার বেদনা, অন্যদিকে প্রতিনিয়ত চিন্তা সে কী খাচ্ছে, কেমন আছে, কোনো সমস্যায় পড়েছে কি না। সন্তানের বয়স যতই হোক, বাবার কাছে সে সবসময় ছোট্ট শিশুই থেকে যায়।
আমি নিজে বাবা হওয়ার পর বাবার ভালোবাসার গভীরতা আরও ভালোভাবে বুঝতে শিখেছি। কোথাও ভালো কিছু দেখলে এখন নিজের কথা নয়, আগে সন্তানের কথাই মনে পড়ে। নিজের জন্য একটি ভালো জামা কিনতে গিয়েও ভাবি এই টাকায় সন্তানের জন্য কিছু নেওয়া যায় কি না। নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে সন্তানের মুখের হাসিতে আনন্দ খুঁজে পাওয়ার নামই তো বাবা হওয়া।
বাবারা হয়তো খুব কম বলেন, কিন্তু তাঁদের প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি অপূর্ণ স্বপ্ন সন্তানের জন্য উৎসর্গ করা থাকে। একজন বাবা হলো পরিবারের বটবৃক্ষযা র ছায়ায় সবাই নিরাপদ আশ্রয় খুঁজে পায়, কিন্তু সেই গাছের শিকড়ের কষ্ট কেউ দেখে না।
আজ বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। যাঁরা আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাঁদের বাবা আজ আর বেঁচে নেই, তাঁদের জন্য রইল আন্তরিক দোয়া ও শ্রদ্ধা। আর যাঁদের বাবা বেঁচে আছেন, তাঁরা অন্তত আজ একবার বাবার কাছে গিয়ে বলুন "বাবা, আমি তোমাকে ভালোবাসি।"
মায়ের ভালোবাসা পৃথিবীকে জীবন দেয়, আর বাবার ত্যাগ সেই জীবনকে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়।
শুভ বাবা দিবস। ❤️
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে মুগ্ধ হ'লাম। + +
বাবাদের মুখ থেকে শাসনের ভাষাটা দ্রুত বের হয়, কারণ সেটার আশু প্রয়োজনীয়তা। ভালোবাসার ভাষাটা বাবারা হৃদয়ে রেখে দেয়, সে ভাষাটা তারা মুখে না বলে কর্তব্য পালনের মাধ্যমে তার গভীরতার স্বাক্ষর রেখে যায়। এ কারণে বাবাদের ভালোবাসাটা অনেক সময় underrated থেকে যায়।
তবে এ কথাটাও অনস্বীকার্য যে, মায়ের মায়া মমতা অতুলনীয়। বৃক্ষের কাছে আকাশ যেমন, যখন প্রয়োজন তখন বারিধারা দেয়, রৌদ্র দেয়, ছায়া দেয়, সন্তানদের কাছেও মা তেমনি। বাঙালি মায়ের আঁচল বিশ্বের সবচেয়ে নিরাপদ আশ্রয়।