নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...............

শ্রাবণধারা

" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."

শ্রাবণধারা › বিস্তারিত পোস্টঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো ইউনূস সরকার করেছিল, সেখানে বাংলাদেশ পক্ষে স্বাক্ষর করেছেন খলিলুর রহমান। লক্ষনীয় যে, ইউনূস নিজে এসব চুক্তিতে স্বাক্ষর করেননি। কাজটি তিনি সম্পন্ন করেছেন ঠিকই, কিন্তু স্বাক্ষর করিয়েছেন অন্যদের দিয়ে!

খলিলুর রহমান ছাড়া, ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ওই দ্বিপাক্ষিক চুক্তির আরেকজন স্বাক্ষরকারী ছিলেন তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। খলিলুর রহমানের আরেকটি পরিচয়, তিনি ইউটিউবার পিনাকী রায়ের গুরু!

ইউনূসের এই নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন। তাঁর নিয়োগ নিয়ে বিএনপির ভেতরে প্রশ্ন ও বিস্ময় ছিল। বিএনপি ক্ষমতায় এসে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সফল হয়নি; তাঁকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। কয়েক মাস পর বাংলাদেশের প্রার্থী হিসেবে তিনি ভোটে জিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

আমেরিকার সাথে সেই চুক্তির পুরস্কার হিসেবে খলিলুর রহমানকে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হতে পারে। ট্রাম্পের সাথে করমর্দনের সময় হয়তো তিনি তাকে মনে করিয়ে দিচ্ছিলেন, তিনিই সেই "স্থানীয় এলিট", যিনি বাংলাদেশের স্বার্থের বিনিময়ে আমেরিকার স্বার্থকে এগিয়ে দেওয়ার দায়িত্বটি যথাযথভাবে পালন করেছেন।

আমেরিকার সাম্রাজ্যবাদের যে বিশাল রথের চাকা সেগুলো শুধু কেন্দ্রের শক্তিতে ঘোরে না। বিভিন্ন দেশে থাকা কত মন্ত্রী, কত রাষ্ট্রনেতা, রাজনীতিবিদ, আমলা, সামরিক অফিসার, অভিজাত সমাজের লোকেরা তাকে সচল রাখতে ভূমিকা রাখে!

ঔপনিবেশিকতা এমন একটি অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার প্রভাব শাসন শেষ হওয়ার পরও রয়ে গেছে। সাম্রাজ্য চলে গেছে, কিন্তু ক্ষমতার সাথে স্থানীয় এলিটদের সম্পর্ক রয়ে গেছে। ব্রিটিশ ঔপনিবেশিকতায় অন্তত শাসক ও শোষিতের মধ্যে একধরনের যোগাযোগ ছিল। নেটিভদের তারা ঘৃণা করত ঠিকই, কিন্তু সেই ঘৃণার মধ্যেও রুগ্ন, শীর্ণ, অপুষ্ট দেহটির অস্তিত্ব কোনোরকমে টিকে থাকত। ব্রিটিশদের সেখানে প্রশাসন চালাতে হত, সরকারি কাজ করতে হত, আদালতে বিচার করতে হতো।

কিন্তু আমেরিকান সাম্রাজ্যবাদে সেই রুগ্ন, শীর্ণ, অপুষ্ট দেহটির অস্তিত্বই বিলীন হয়ে গেছে। এর বৈশিষ্ট্য হলো, আধিপত্য বজায় রাখতে সামরিক দখল বা প্রশাসনিক উপস্থিতির প্রয়োজন নেই। স্থানীয় এলিটরাই সেই আধিপত্যের মধ্যস্থতাকারী এবং নিজেদের দেশে বসে থেকেই তারা সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করে।

আওয়ামী লীগের লোকেরা যখন আমাদের বলত যে ইউনূস একজন প্রতারক, দালাল ইত্যাদি ইত্যাদি তখন আমরা ভাবতাম, আওয়ামী লীগের লোকেরা দুষ্ট বলেই ইউনূসের বদনাম করে। আওয়ামী দুষ্টরা যখন বদনাম করছে তাহলে বোধ হয় ইউনূস ভালো লোকই হবেন! কটুভাষিণী হাসিনা যখন ইউনূসকে কটুক্তি করতেন, তখনও আমরা ভাবতাম, ইউনূস নিশ্চয়ই "সাদা মনের মানুষ", নইলে হাসিনার মতো দজ্জাল তাঁকে কটুক্তি করবেন কেন?

হাসিনার অপপ্রচারগুলোই বিগত আওয়ামী সরকারের পতনের পরে উল্টো ইউনূসের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াল। সেই শক্তিশালী ঢালগুলোর ব্যবহার করে ইউনূস কোন প্রকার সমালোচিত না হয়েই আমেরিকার সাথে এই দেশবিরোধী চুক্তিগুলো করে ফেললেন।

২০১৯ সালে আমেরিকা বাংলাদেশকে দুটি প্রতিরক্ষা চুক্তির জন্য চাপ দিচ্ছিল। তার একটি হল, সামরিক সরঞ্জাম ও সেবা সংগ্রহ এবং পারস্পরিক ব্যবহারের চুক্তি (এসিএসএ); আরেকটি সামরিক তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার চুক্তি (জিএসওএমআইএ)। এই চুক্তিগুলো নিয়ে তখন দুই দেশে আলোচনা হয়েছিল। কিন্তু হাসিনা সরকার শেষ পর্যন্ত সেই চুক্তিগুলো করেনি।

এখন সেই একই চুক্তি আরও বিস্তৃত হয়ে ইউনূসের বাণিজ্য চুক্তির ভেতরে আড়াল হয়ে গেছে। এই প্রতিরক্ষা চুক্তিগুলোর অধীনে বাংলাদেশকে আমেরিকান সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে এবং কিছু দেশ থেকে সেগুলো কেনা বন্ধ করতে হবে। আমেরিকার নিরাপত্তা-সংক্রান্ত বাণিজ্য বা নিষেধাজ্ঞামূলক বিষয়গুলোতে বাংলাদেশকে "পরিপূরক ও কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ" এর জন্য কাজ করতে হবে। আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন দেশের সাথে চুক্তি করা যাবে না। এমনকি আমেরিকার স্বার্থবিরোধী দেশ থেকে বাংলাদেশ পারমাণবিক রিঅ্যাক্টর, ফুয়েল রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতেও পারবে না।

হাসিনা যে চুক্তি করেননি, সেটিই আরও বিস্তৃত অর্থনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশ হয়ে ফিরে এসেছে। পাশাপাশি, বাংলাদেশকে প্রতি বছর ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য - যার মধ্যে জেনেটিক্যালি মডিফায়েড পণ্যও রয়েছে - এবং ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে হবে।

এই চুক্তিগুলোর পরিণতি শুধু আর্থিক ক্ষতি ও বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জিএমও ও কৃষি-বায়োটেক পণ্য চুক্তি বাংলাদেশের প্রাণ-প্রকৃতি, কৃষি ও পরিবেশের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশের বাজার বিপুল পরিমাণ আমেরিকান কৃষিপণ্য ও কৃষি-বায়োটেক পণ্যের জন্য উন্মুক্ত হবে, যা দেশীয় বীজ, শস্য, কৃষিজমি ও জীববৈচিত্র্যকে ধ্বংস করবে। মাটি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি তৈরি করবে। আজ যেটা ‘বাণিজ্য’, কাল সেটা বাংলাদেশের খাদ্যব্যবস্থা, কৃষি ও কৃষক, জমি ও মাটি, শস্য ও বীজ এবং প্রাণ ও প্রকৃতির ওপর এমন ধ্বংস নিয়ে আসবে, যার মূল্য বহু প্রজন্ম ধরে দিতে হবে। অবশ্য ততদিনে যদি বাংলাদেশ সম্পূর্ণ মরুভূমি না হয়ে যায় এবং কোনো একভাবে বাসযোগ্য থাকে।

এই যে ড. ইউনূস, এই যে ড. খলিল - তথাকথিত শিক্ষিত এই মানুষগুলোর মধ্যেই আজকের গণশত্রুর চেহারাটা আমাদের খুঁজে দেখতে হবে। কারণ দেশের সবচেয়ে বড় ক্ষতি এই শিক্ষিত ও ক্ষমতাবান মানুষের দ্বারাই হয়েছে।

এই বিষয়টি নিয়ে আমাদের অনেক গভীরভাবে ভাবার আছে।

আমাদের শিক্ষাব্যবস্থা "মানুষ" না তৈরি করে তার চেয়ে বেশি এলিট তৈরির কারখানায় পরিণত হয়েছে। এই শিক্ষিত এলিটেরা আগের দিনের জমিদারদের চেয়ে অনেক বেশি নির্দয়, স্বার্থপর, লোভী এবং পাষণ্ড স্বভাবের। এরা শুধু মানুষের রক্ত চোষে না, শোষণ করেই থেমে থাকে না; সুযোগ পেলে প্রাণ-প্রকৃতি ও পরিবেশের ওপরও হিংস্র থাবা বসাতে দ্বিধা করে না।

আমাদের শিক্ষা আমাদের শেখায় না কীভাবে প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হয়, কীভাবে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাঁচতে হয়। শেখায় না কীভাবে জীবনকে ভালোবাসতে হয় এবং তার পরিচর্যা করতে হয়। শুধু শেখায় কীভাবে একটি আরাম-আয়েশের জীবন তৈরি করা যায়। আমাদের প্রত্যেকের ভেতরেই আমরা একটি ড. ইউনূস, একটি ড. খলিলকে লালন-পালন করে বড় করে তুলি। আমাদের প্রবল ইগো, আমাদের ভেদবুদ্ধি, আমাদের লোভগুলোই শুধু সময়ের সাথে সাথে পরিপুষ্ট হয়, মনুষ্যত্ব নয়। আমরা শুধু নিজের জন্য বাঁচি, নিজের জন্য করি, নিজেরা খাই, আরাম করি এবং পরিতৃপ্ত বোধ করি। অন্য মানুষ, সমাজ, প্রকৃতি কিংবা বৃহত্তর জীবনের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতাই নেই।

আমাদের কাছে জীবনের সাফল্য মানে বিসিএস পাস করে এমন একটি অবস্থানে পৌঁছানো, যেখানে সাধারণ মানুষ আমাদের "স্যার" বলে সম্বোধন করবে আর তাতেই আমাদের অহংকার তৃপ্ত হবে। আমাদের লক্ষ্য ভালো ভালো খাবার খাওয়া, সরকারি খরচে বিদেশে যাওয়া, ভালো হোটেলের মোটা তোষকে শুয়ে থাকা, ডিনারে স্টেক বা মুরগির রান চিবোনো, আর কোট-প্যান্টালুন-জুতো পরে হয় নিজের দেশের স্বার্থবিরোধী চুক্তি করা, নয়তো বিদ্বান সেজে বিদেশের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে গিয়ে মাঝে মাঝে পেপার পড়া। সেই পেপারের কথাগুলোও আবার আমাদের নিজের নয়; সেগুলো অন্য লোকের লেখা বইপুস্তক থেকে ধার করা। মুক্তোগুলো অন্যের, শুধু যে সুতো দিয়ে সেগুলো বাঁধা, সেটাই কেবল আমাদের নিজেদের।

আমাদের জ্ঞান-বুদ্ধি এর বাইরে আর যেতে পারে না। আচ্ছা, ঠিক আছে - জ্ঞান-বুদ্ধি না হয় নাইবা হলো; কিন্তু আমাদের নৈতিকতাও কি এতটা বিকশিত হয় না যে নিজের স্বার্থের বাইরে মানুষ, প্রাণ-প্রকৃতি ও দেশের স্বার্থের কথা ভাবতে পারি? এমন একটি ব্যবস্থার জন্য কাজ করি, যার সুফল আমার বা আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের সব মানুষের কাছে পৌঁছায়? ক্ষমতার কাছাকাছি যাওয়াই আমাদের কাছে সাফল্যের মাপকাঠি। ক্ষমতাকে প্রশ্ন করার মতো, চ্যালেঞ্জ করার মতো নৈতিকতা আমাদের নেই; জ্ঞান-বুদ্ধিও সেখানে গিয়ে যেন একেবারে আড়ষ্ট হয়ে পড়ে!

প্রত্যেক সমাজেই কিছু মানুষ থাকেন, যাদের কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু একই সাথে সেই সমাজে এমন অনেক মানুষও থাকেন, যাদের নৈতিক বোধ ও দায়িত্বশীলতা ক্ষতিকর মানুষগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। অন্যায়কে প্রশ্ন করার মতো শক্তি, সামর্থ্য ও বুদ্ধি তাদের আছে। সেই সাথে আছে দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর দায়বোধও। নিজেদের সুবিধা না হলেও, কিংবা ক্ষমতাবানদের দ্বারা আক্রান্ত হয়েও, এই মানুষগুলো নিজেদের নীতি থেকে সরে দাঁড়ান না; ক্ষমতার সামনে নিজেদের মেরুদণ্ড সোজা রাখেন।

ক্ষমতার আজ্ঞাবহ নন এবং উচ্চ নৈতিকতাসম্পন্ন মানুষগুলোই সমাজের জন্য ক্ষতিকর সেই মানুষগুলোকে দড়ি বেঁধে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আমাদের সমাজে এই উচ্চ নৈতিকতাসম্পন্ন, স্বাধীন চিন্তার অধিকারী ও দায়িত্বশীল মানুষগুলো প্রায় অনুপস্থিত। আমাদের শিক্ষা আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারেনি।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খলিলুর রহমানের আরেকটি পরিচয়, তিনি ইউটিউবার পিনাকী রায়ের গুরু!
............................................................................................................
তেল বাজ লোকের চলন বলন দেখলে বুঝা যায় ।
তাহারা জীবনে উচ্চ শিখরে আসতে সময় নেয়না ।
আমাদের সৌভাগ্য , এমন একজন নেতা বাংলাদেশে আছে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৯

শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ, বিষয়টা কৌতূহলোদ্দীপক! পিনাকির গুরু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬

কামাল১৮ বলেছেন: এরা ক্ষনস্থায়ী।এদের নিয়ে চিন্তার কিছু নাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০০

শ্রাবণধারা বলেছেন: কামাল ভাই ভালো আছেন?

লেখাটা পড়ে মন্তব্য করলে আপনি হয়তো অন্য কিছু বলতেন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: এই চুক্তি করাই লাগতো । সব দেশকেই করতে হয়েছে । বাংলাদেশের রফতানির সিংহভাগ আয় আসে আমেরিকা থেকে । বিষয়টা এত সরল নয় । শেখ হাসিনার সরকার থাকলে তাদেরও করা লাগতো । বরং শেখ হাসিনার সরকার ডেকে ডেকে বিপদ কাধে তুলে নিয়েছিলো। আমেরিকা যে রাশিয়ান হেলিকপ্টার কোম্পানির কে লাল তালিকাভুক্ত করেছিলো সেটা থেকে হেলিকপ্টার কিনে ডলারে পে করেছে । এখন আমাদের রুপপুর পারমাণবিকের ইউরেনিয়াম যে রাশিয়ান উড়োজাহাজে আসার কথা সেটার উপরও এমবারগো দিয়ে রেখেছে আমেরিকা। রুপপুরের ডলার এখনো পেমেন্ট করার চ্যানেল খুঁজে পাওয়া যায় নি । বোয়িং কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনার সরকার এসেও কিনেছিলো। মনে হয় ব্যাপারটা এমন যে , আমি তোমাকে ক্ষমতায় বসাবো বিনিমিয়ে আমার দেশ থেকে কি কিনবে ? এয়ারবাস কেনার জন্য ইউরোপ রীতিমতো বাংলাদেশকে হুমকি দিয়েছে । সামনে সরকার এয়ারবাসও কিনবে বা লিজ নিবে । আমাদের আসলে সুযোগ খুবই সীমিত । B:-)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:০০

শ্রাবণধারা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: এই চুক্তি করাই লাগতো। সব দেশকেই করতে হয়েছে। শেখ হাসিনার সরকার থাকলে তাদেরও করা লাগতো।

বলেন কী, তাই না কি! তাহলে তো খলিল স্যার আর ইউনূস স্যার ঠিকই করেছেন!

আমেরিকার সাথে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি অনেক দেশের আছে। হাসিনা সেই চুক্তি না করে বিপদ বাড়িয়েছেন - হয়তো। কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ।

জিএমও কৃষিপণ্য কেনার চুক্তিও যে করাই লাগতো এটাতো জানা ছিল না!

সৈয়দ কুতুব বলেছেন: বিষয়টা এত সরল নয়।

এত সব কঠিন বিষয়, তেমন বুঝিনা, স্যার। আপনি যদি দয়া করে একটু বুঝিয়ে দিতেন?


৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সংস্কার কমিশনের প্রধান মার্কিন লর্ড আলী রিয়াজ এখন কোথায়? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার এরাই বা কোথায়? এদের সবাইকে আমেরিকা থেকে নিয়ে এসে ইন্টেরিম সরকারে জায়গা দেওয়া হয়? লুটপাট শেষ এখন একটা দেশে নাই।

আওয়ামী দুষ্টরা যখন বদনাম করছে তাহলে বোধ হয় ইউনূস ভালো লোকই হবেন! আওয়ামীলীগের কটুক্তির বাইরে মার্কিন পন্থী একটি গ্রুপ এদেশে সব সময় সক্রিয় ছিলো।‌ সরকার বিরোধী,‌ জনবান্ধব বিষয় টপিক নিয়ে কথা বলে তারা সাধারণ জনগণের আস্থাভাজন ছিলো? বেলার রেজওনা, আসিফ নজরুল,‌ ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মাহফুজ। এরাই সবাই দেশ প্রেমিক ইউনুসের সময় বেনিফিসিয়ারি ছিলো। কিছু আখের গুছিয়ে আগেই আমেরিকা চলে গেছে।

বানিজ্য উপদেষ্টা বশির নামে বেনামে কয়েকটি এয়ার লাইন্স লাইসেন্স নেন তা ও আবার নিজে বিমানের উপদেষ্টা থাকাকালীন আবার সুযোগ পেয়ে কয়েকশো কোটি টাকার কর ও মওকুফ করে নেয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৫

শ্রাবণধারা বলেছেন: আপনার মন্তব্যটা গুরুত্বপূর্ণ।

আমেরিকা তার স্বার্থ রক্ষার জন্য আমাদের মতো দেশে মার্কিনপন্থী গ্রুপ বা এলিট শ্রেণিকে লালন-পালন করে। কখনো আবার কার্যসিদ্ধি হলে ছুড়েও ফেলে দেয়। আবার দেখুন, ভারতের একজন সাধারণ সাংবাদিকও যে সাহস নিয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারেন, তাদের দেশের স্বার্থরক্ষার জন্য একত্রিত বা জোটবদ্ধ হতে পারেন, বাংলাদেশে সেই সংস্কৃতিটাই তৈরি হয়নি। এই ধরনের সাহস এবং বুদ্ধিবৃত্তি আমি এখন অনেক আফ্রিকান দেশের নেতা-নেত্রী ও বুদ্ধিজীবীদের মধ্যে দেখতে পাই।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯

হাসান রাজু বলেছেন: এত সব কঠিন বিষয়, তেমন বুঝিনা, স্যার। আপনি যদি দয়া করে একটু বুঝিয়ে দিতেন?
দেখেন তো নিচের ব্যাপারটা বুঝতে পারেন কি না । তারপর বুঝা যাবে আপনার ব্লগে কি মন্তব্য করা যাবে।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিআমদানি: বাংলাদেশ ভারত থেকে প্রায় ৯ দশমিক ৬২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
রপ্তানি: দেশটিতে বাংলাদেশের রপ্তানি প্রায় ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
ঘাটতি: সার্বিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য পরিস্থিতিরপ্তানি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রায় ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।
আমদানি: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি প্রায় ২ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
অবস্থান: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই, বরং প্রায় ৫ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত (বাংলাদেশের অনুকূলে) রয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

শ্রাবণধারা বলেছেন: হাসান রাজু বলেছেন: দেখেন তো নিচের ব্যাপারটা বুঝতে পারেন কি না ।

অবস্থান: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই, বরং প্রায় ৫ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত (বাংলাদেশের অনুকূলে) রয়েছে।

যেটা বুঝলাম, সেটা হলো - যেহেতু আমেরিকার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি নেই, তাই ভারতের কাছ থেকে কোনো জিনিস যদি ১ রুপিতে পাওয়া যায়, সেটা আমেরিকার বাজার থেকে ১ ডলারে কিনতে হবে। তাহলেই ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমে আসবে। ঠিক বলেছি না, ভাই?

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১

সৈয়দ কুতুব বলেছেন: উন্নত দেশগুলোর বাণিজ্যনীতিতে একটা বিষয় বেশ স্পষ্ট। তারা উন্নয়নশীল দেশগুলোর বাজারে ঢোকার সুযোগ চায়, আবার নিজেদের কৃষিখাতও শক্তভাবে সুরক্ষিত রাখে। বিশেষ করে দুধ, চিনি, মাংস ও শস্যের মতো সংবেদনশীল পণ্যে তারা সহজে বিদেশি পণ্যের জন্য বাজার খুলতে চায় না। অন্যদিকে অন্য দেশের বাজারে নিজেদের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্যের জন্য বাড়তি সুবিধা আদায় করতে চায়।

ভারতের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। ভারতের বাজারে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিজেদের কিছু কৃষিপণ্যের জন্য ভারতের বাজারে প্রবেশাধিকার চাইছে। এর মধ্যে DDGS বা পশুখাদ্য, লাল জোয়ার এবং সয়াবিন তেলের মতো পণ্য রয়েছে। এসব পণ্যের একটি বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের GM-নির্ভর কৃষি ব্যবস্থা থেকে। যুক্তরাষ্ট্রে ভুট্টা, তুলা ও সয়াবিনের ৯০ শতাংশের বেশি জাতই GM।

ভারত সরকার বলছে, মাংস, দুগ্ধ ও খাদ্যশস্যের মতো সংবেদনশীল খাতে তারা কোনো ছাড় দেয়নি এবং কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। কিন্তু একই সময়ে GM-উৎসের পশুখাদ্য ও কিছু প্রক্রিয়াজাত পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়ে সরকার ধীরে ধীরে নমনীয় হচ্ছে। এ কারণেই সমালোচকেরা বিষয়টিকে ‘পেছনের দরজা দিয়ে GMO প্রবেশ’ হিসেবে দেখছেন।

এ নিয়ে মোদির ঘনিষ্ঠ কৃষক সংগঠন Bharatiya Kisan Sangh-সহ বিভিন্ন মহল থেকেও আপত্তি এসেছে। চুক্তির প্রায় ৯৯ শতাংশ বিষয় চূড়ান্ত হলেও কৃষি ও GMO-সংক্রান্ত এই অংশটিই ২০২৬ সালের জুন পর্যন্ত অমীমাংসিত ছিল।

বিষয়টি তাই শুধু GMO নিয়ে নয়। এর মধ্যে উন্নত দেশগুলোর বাণিজ্যনীতির একটা বড় বাস্তবতাও দেখা যায়। নিজেদের কৃষক ও বাজারকে সুরক্ষিত রেখে তারা অন্য দেশের বাজারে নিজেদের পণ্যের জন্য বেশি সুযোগ নিতে চায়।

যেখানে ভারত চাপে রয়েছে বাংলাদেশ কি করতে পারে ? আর এসব স্যার টার ডাকা বন্ধ করুন । আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন এবং বুঝেন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

শ্রাবণধারা বলেছেন: জিএমওর আলোচনাটা জটিল। সেটা করার মতো বিশেষায়িত জ্ঞান আমার নেই। সম্ভবত আপনারও নেই।

ভান্দনা সিং নামে একজন ভারতীয় নিউক্লিয়ার ফিজিসিস্ট আছেন, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। তিনি একটি লেকচারে বলেছিলেন, জিএমও উন্মুক্ত হলে বাসমতি চাল হয়ে যাবে ‘টেক্সটমতি চাল’ - টেক্সাসের একটি কোম্পানি এই চাল সারা পৃথিবীতে বিক্রি করবে।

আমি খুব সংক্ষেপে এটুকুই বুঝি যে, আমাদের দেশ জিএমওর বাজারে পরিণত হলে আমাদের প্রাণ-প্রকৃতির ওপর বড় ধরনের ক্ষতি হতে পারে। এখন উদাহরণ হিসেবে যেটা ২০০ বছর পরের একটি সম্ভাবনা, সেটা নিয়ে আপনি চাইলে মাথা নাও ঘামাতে পারেন।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

সৈয়দ কুতুব বলেছেন: এই চুক্তি করাই লাগতো । সব দেশকেই করতে হয়েছে । কুতুব সাহেবের কি সরল স্বীকারোক্তি? :P ধরেন এখন হাসিনা ক্ষমতায়; আমেরিকা সাথেই এই চুক্তিটি তার মাধ্যমে সম্পাদন হইতো অথবা ভারতের সাথে তাইলে এদেশের বিরোধী রাজনৈতিক দল আর মিডিয়ার থেকে কি রাজনীতির শিকার হয়তো?

"আমেরিকা এদেশের অকৃত্রিম বন্ধু" একথা যখন জামাতের আমীর বললে খুব ভালো লাগে কিন্তু ভারত-বাংলাদেশ স্বামী স্ত্রী সম্পর্ক আওয়ামীলীগ কোন মন্ত্রী কাছে শুনলে দেশ তখন গোলাম হয়ে যায়। সাদা চামড়ার লাথি খাইতে দেখছি আসলেই অনেক মজা???

একটা মজার তথ্য দেই, খুব সম্ভবত ১৮ ইলেকশনের পুর্বে হাসিনার সাথে ভারত একটি চুক্তি করে।‌ ভারত বাংলাদেশকে ৫০০ মিলিয়ন‌ ডলারের একটি ইজি ক্রেডিট দেয় সামরিক সরঞ্জাম কিনার বিষয়ে। ক্লজ থাকে সম্ভবত ঋনের অর্থ ভারতীয় রুপিতে পরিশোধ করতে হবে আর ভারতীয় কোম্পানী থেকে ক্রয় করতে হবে।‌ ভারতের স্ত্রী হয়ে ও তখন বাংলাদেশ সেনাবাহিনী আর হাসিনা সরকার ঋনের এক পয়সা ব্যবহার করেনি কারনী। আর এখন তো বাংলাদেশে-পাকিস্তানের মানে পিতা পুত্রের ডিফেন্স এগ্রিমেন্টের কথা বলে রথী-মহারথীরা....

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১২

শ্রাবণধারা বলেছেন: কুতুব সাহেবের পয়েন্টটা যদিও টাইম মেশিনে করে আওয়ামী আমলে গিয়ে আমেরিকার সাথে চুক্তি করার মত বিষয় অনেকটা, তবে তারপরও বাস্তববুদ্ধি হিসেবে আমি মেনে নিয়েছি।

যদিও আমার এই লেখাটাতে আমি বাস্তব বুদ্ধিরই বিপক্ষে লিখেছি। কিন্তু সেটা নিয়ে কোন আলোচনা কিন্তু নেই। সবাই ভারত-আমেরিকা নিয়ে আছে!

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@ভারতের সাথে চুক্তি আর আমেরিকার রিসিপ্রোকাল ট্যাক্স চুক্তি এক হলো ? আমেরিকার এই চুক্তির উদ্দেশ্য ছিলো নিজেদের আয় বাড়ানো এবং নিজেদের বাজার সুরক্ষা করা । এই চুক্তি করলে বিরোধী দল বিএনপি-জামাতের কিছুই করার ছিলো না । মার্কিন বিরোধিতা যত সব মুখে মুখে । আমেরিকা ছাড়া কারো কোনো গতি নেই । :) ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৪

শ্রাবণধারা বলেছেন: আপনার কথাটা হয়তো বাস্তব বুদ্ধিতে সত্যি। কিন্তু আমি তো লিখেছি নীতি এবং নৈতিকতা নিয়ে।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
উপসংহার টানতে ভুলে গেছি, না হয় আবার ভারত/ফ্যাস্টিটের দালাল ট্যাগ খাইতে পারি। :P ভারতীয় আধিপত্যবাদের যে ঠাকুর মার ঝুলি এদেশে প্রচার করা হতো তার বেশিরভাগই অতিরঞ্জিত ইহা আওয়ামীলীগ সরকার পতনের পর দৃশ্যমান। বর্তমানে দেশে ভারতীয় ইলিশে সয়লাব কোন মিডিয়া বা দলের কোন আওয়াজ আছে? ইহা আওয়ামী লীগ সময়ে হইলে হয়তো আমার দেশের পত্রিকার হেডলাইন- " ভারতীয় ইলিশ এনে স্বনির্ভর দেশিয় মৎস্য শিল্প ধ্বংস করতে হাসিনার দুরভিসন্ধি"

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

শ্রাবণধারা বলেছেন: ভারতীয় আধিপত্যবাদের গল্পটা অতিরঞ্জিত। আমি যদি কম দামে আমার ব্যবহারযোগ্য পণ্য পাই, তাহলে সেটা ভারতের কাছ থেকে কেনাই যুক্তিযুক্ত, কেননা সেটাই কাছে এবং পরিবহন খরচও কম।

নিজের পায়ে দাঁড়াতে না শিখলে এই ক্যাচাল শেষ হওয়ার নয়।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

হাসান রাজু বলেছেন: "যেটা বুঝলাম, সেটা হলো - যেহেত........ঘাটতি কমে আসবে। ঠিক বলেছি না, ভাই?"

একদম ঠিক। চামচামি করলে আমেরিকার করব, সে বিশ্বগুরু। পাতি গুরুর চামচামি করব কেন ? এবার বুঝতে আরও সুবিধা হবে। অন্ধ কালা লুলাও এই সমিকরন বুঝবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪৪

শ্রাবণধারা বলেছেন: আপনি আমেরিকার চামচামি করতে চাইলে অবশ্যই করবেন।

যারা চামচামি করতে চায় না এবং বিষয়গুলো বুঝতে চায় এই লেখাটা তাদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.