| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবণধারা
" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে, তাঁরা হজ করলেও নাকি মুসলমান নন। প্রগতিশীলদের একটা অংশ তখন ছি ছি রব তুলেছিল। বাংলাদেশের বামপন্থিদের দুর্বল নৈতিক চরিত্র সম্পর্কে যারা ওয়াকিবহাল, তারা খুব একচোট হেসেছিলেন।
আমি একজন তরুণ বাম নেতাকে চিনতাম, তিনি ছাত্রজীবনে ভালো বক্তৃতা দিতেন এবং ভালো লিখতেন। পরবর্তীতে তিনি কলাম লেখক হিসেবে নাম করেছিলেন। '২৪ সালে হাসিনার পতনের পর তিনি সরকারি দপ্তরে একটা বড় পদ পেলেন। তারপর একদিন বিস্ময়ের সাথে লক্ষ করলাম, তিনি ইসলামপন্থিদের ভাষায় কথা বলছেন।
বামপন্থিদের সম্পর্কে সেই সময়ে কেউ একজন একটা মজার কথা বলেছিলেন, যার সারমর্ম ছিল, বাম দল করা হলো ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ার মতো বিষয় - ইচ্ছা করলে পরে যেকোনো দিকেই যাওয়া যায়।
বাংলাদেশের প্রগতিশীলদের অনেকের জীবিকাটাই হল প্রগতিশীলতাকে পুঁজি করে। কিন্তু জীবিকার কারণে আপস করার বিষয়টি ছাড়াও এর মধ্যে আরেকটি বিষয় আছে। সেটা এই যে, তাঁদের নৈতিক আদর্শগুলো কোনো কারণে পূর্ণতা পায় না, আর তাই তাঁদের প্রগতিশীলতা বালখিল্যতায় শেষ হয়। যে নৈতিক আদর্শগুলো প্রগতিশীলার ভিত্তি, সেগুলো তাঁদের চরিত্রে স্থায়ী হয় না। এর কারণ কী তাঁরা সেটা অনুসন্ধানই করেন না অথবা তাঁদের জীবনসাধনা বেশির ভাগ ক্ষেত্রে সেই পর্যন্ত পৌঁছায় না। অবস্থাটা তাই এমন হয় যে, প্রগতিশীল আদর্শগুলো কালক্রমে তাঁদের চরিত্র থেকে ঝরে পড়ে।
রবীন্দ্রনাথ লিখেছিলেন, "জীবনের সহিত শিক্ষার একটা রাসায়নিক মিশ্রণ হয় না বলিয়া আমাদের মনের শিক্ষিত ভাবগুলি কতক আটা দিয়া জোড়া থাকে, কতক কালক্রমে ঝরিয়া পড়ে"। আমি জীবনভর আমার চারপাশে এই তথাকথিত শিক্ষিত শ্রেণিটিকে দেখেছি, বয়সের সাথে সাথে যাঁদের চরিত্র থেকে আটা দিয়ে জোড়া লাগানো শিক্ষার বিষয়গুলো ঝরে পড়ে।
তাই মনে হয়, প্রগতিশীলতার সঙ্গে নৈতিকতার যে সম্পর্ক ও দায়বদ্ধতা, সেই প্রশ্নগুলো নতুন করে ভাবার সময় এসেছে।
নিরীশ্বরবাদী দর্শনে যেখানে ভালো কাজের প্রতিদান হিসেবে কোনো মহাপ্রাপ্তির প্রতিশ্রুতি নেই, সেখানে নৈতিকতার ভিত্তি কী হবে? মানুষ কেন নৈতিক হবে? অন্যের কল্যাণে কাজ করার জন্য কি ঈশ্বরে বিশ্বাস, পরকালের পুরস্কারের আশা কিংবা পাপের শাস্তির ভয় থাকা জরুরি, নাকি মানুষ কেবল নিজের বিবেক, মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধ থেকেই অন্যের কল্যাণে কাজ করতে পারে?
প্রশ্নগুলোর উত্তর খুঁজতে রবীন্দ্রনাথের আশ্রয় নেওয়া যাক। তাঁর "চতুরঙ্গ" উপন্যাসের জ্যাঠামশাই, নাস্তিক জগমোহনের কথা মনে আছে? রবীন্দ্রনাথ এই চরিত্রের মধ্য দিয়ে নাস্তিকতার একটি স্বতন্ত্র নৈতিক দর্শন তুলে ধরেছেন।
জগমোহনকে তিনি বর্ণনা করেছেন এভাবে: "তিনি তখনকার কালের নামজাদা নাস্তিক।...যুদ্ধজাহাজের কাপ্তেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড়ো ব্যাবসা, তেমনি যেখানে সুবিধা সেইখানেই আস্তিক্যধর্মকে ডুবাইয়া দেওয়াই জগমোহনের ধর্ম ছিল।"
তারপর তিনি জগমোহনের নৈতিক আদর্শের ব্যাখ্যা দিয়েছেন: "...জগমোহনের নাস্তিকধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা।...নাস্তিকের পক্ষে লোকের ভালো-করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নাই -- তাহাতে না আছে পুণ্য না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বক্শিশের বিজ্ঞাপন বা চোখ-রাঙানি। যদি কেহ তাঁহাকে জিজ্ঞাসা করিত, 'প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধনে' আপনার গরজটা কী? তিনি বলিতেন, কোনো গরজ নাই, সেইটেই আমার সব চেয়ে বড়ো গরজ। তিনি শচীশকে বলিতেন, দেখ্ বাবা, আমরা নাস্তিক, সেই গুমরেই একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হইবে। আমরা কিছুকে মানি না বলিয়াই আমাদের নিজেকে মানিবার জোর বেশি।"
একজন আস্তিক ভালো কাজ করলে তার মধ্যে পুণ্য অর্জন বা পুরস্কার পাওয়ার প্রত্যাশা থাকে। আবার পাপের শাস্তির ভয় তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। কিন্তু নাস্তিকের কাছে এসবের অস্তিত্ব নেই। সে জানে, মানুষের উপকার করলে তার কোনো বিশেষ প্রতিদান অপেক্ষা করছে না। তাহলে সে কেন অন্যের উপকার করবে? জগমোহনের উত্তর হল, অন্যের উপকার করাটাই একটা যথেষ্ট কাজ; এর বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা না করাটাই নৈতিকতা।
মানুষের ভালো করার মধ্যে নাস্তিকের নিজের স্বার্থ নেই, বরং অন্যের ভালো করতে গিয়ে অনেক সময় তাকে সময়, অর্থ, শ্রম ও ব্যক্তিগত সুবিধা বিসর্জন দিতে হয়। আমি কেন অন্যের ভালো করব, যখন তাতে আমার নিজের কোনো লাভ নেই? উত্তর হলো, মানুষের কল্যাণ নিজেই একটি মহৎ উদ্দেশ্য।
নৈতিকতার জন্য বাইরের কর্তৃত্বের প্রয়োজন নেই। অতিপ্রাকৃত কর্তৃত্বের নির্দেশের ওপর নির্ভর না করেও মানুষ নিজের বিবেক দিয়ে ভালো-মন্দ বিচার করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ হল নিজের নৈতিকতার দায়ভার নিজের ওপর নেওয়া। কেউ পুরস্কার দেবে না, কেউ শাস্তি দেবে না, তারপরও আমি অন্যের ক্ষতি করব না, মানুষের কল্যাণে কাজ করব। আমার নিজের বিবেকের কাছেই আমার দায়বদ্ধতা।
নাস্তিক হওয়ার মধ্যে কোনো নৈতিক ছাড় নেই, উল্টো আরও বেশি দায়িত্ব রয়েছে। আমরা যখন কোনো ধর্মীয় বিধানের ওপর নির্ভর করি না, তখন আমাদের নিজেদের নৈতিকতার মানদণ্ড আরও উঁচুতে রাখতে হয়। নাস্তিকতার অজুহাতে নৈতিক দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।
চতুরঙ্গ এর নৈতিক দর্শনের সাথে রবীন্দ্রনাথের "মানুষের ধর্ম" প্রবন্ধের যোগসূত্র আছে। চতুরঙ্গে রবীন্দ্রনাথ দেখিয়েছেন, নাস্তিক হয়েও মানুষ নৈতিক হতে পারে; "মানুষের ধর্ম" তে তাঁর এই চিন্তা আরও বিস্তৃত হয়েছে। মানুষের প্রকৃত ধর্ম কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাস নয়। তিনি লিখেছেন, "যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম।"
মানুষের নৈতিকতা তার ধর্মীয় বিশ্বাস দিয়ে নির্ধারিত হয় না; নির্ধারিত হয় মানুষের প্রতি তার আচরণ ও দায়িত্ববোধের মধ্য দিয়ে।
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৫
শ্রাবণধারা বলেছেন: লেখাটা হাসিনাবিষয়ক নয়। আর হাসিনা বাঘরে দিয়ে ঘাস খাওয়াননি, তিনি ভেড়াদেরই ঘাস খাইয়েছেন। আবার তিনি গাধা দিয়ে হাল চাষও করাননি; এখনকার অবস্থার সাথে তুলনা করলে বোঝা যায়, তিনি গরু দিয়েই হাল চাষ করিয়েছেন।
হাসিনা একভাবে তার শক্তি সংহত করেছিলেন, কিন্তু সেই শক্তি ব্যবহারের সীমা অতিক্রম করেই শেষ পর্যন্ত ক্ষমতা হারিয়েছেন। মুশকিল হলো, এখন ইসলামপন্থী জঙ্গিদের দমনের জন্য আবার তার সেই অশুভ মাত্রার শক্তিরই প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
২|
১১ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে বাম রাজনীতি চর্চা করার মতো পড়াশোনা জানা লোকের অভাব রয়েছে।
সাধারণ রাজনীতি আর বাম রাজনীতি এক নয়।
এটার জন্য জ্ঞান দরকার আছে।
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯
শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ, তা ঠিক। তবে সমাজে পড়াশোনা জানা লোক সাধারণত কম থাকে, কিন্তু নৈতিকতাসম্পন্ন লোকের সংখ্যা অনেক বেশি থাকে। আমাদের দেশে বড় অভাবটা সেখানেই।
৩|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: মেনন সাহেবের তেমন বড় কোনো সাজা হবে না। ওনার বোন বিএনপির বড় নেত্রী। চাপে বেঁচে যাবেন। ওনার পরিবার বেশ ঝানু রাজনৈতিক পরিবার ছিল। কীভাবে যে বখে গেলেন! আর ইনুকে আমার কোনো কালেই ভালো লাগেনি। বরাবরই বাটপার মনে হতো।
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৪৫
শ্রাবণধারা বলেছেন: মেনন সম্পর্কে এই তথ্য আমার জানা ছিল না। ইনু ও মেননের তুলনাটা ভালো হয়েছে।
তবে আমার লেখায় তারা দুজন উদাহরণ মাত্র। মূল বিষয়টা হলো নাস্তিকের নৈতিকতা। যেটা আমি রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের জগমোহন চরিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছি।
নাস্তিকের নৈতিকতার যে উচ্চমান, সেটা আমি পাশ্চাত্য সমাজে অহরহ দেখি, কিন্তু বাঙালি মুসলমানেরা তার ধারেকাছেও যেতে পারে না।
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ২:০৮
শ্রাবণধারা বলেছেন: আগের লেখাটির মতো এই লেখাটিও ব্লগের পাঠকদের উপযোগী নয়। বই পড়ার অভ্যাস না থাকলে মানুষ সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারে না।
হাসিনা, জামাত, আমির হামজা, আওয়ামী লীগ, বিএনপি - এই বিষয়গুলোর বাইরে এদের কাছে সবকিছু ঝাপসা। অথচ তারা নিজেরাও সেটা বোঝে না; বরং মনে করে, সবকিছু বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছে!
৪|
১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বাম রাজনীতি দিয়ে শুরু দর্শন দিয়ে শেষ। আপনার লেখায় বুদ্ধ আর কনফুসিয়াস দর্শনের একটা ছাপ আছে বলে মনে হইলো। যেখানে ধর্ম বিশ্বাস দিয়ে কম; অর্জিত জ্ঞানের মাধ্যমে ন্যায়-অন্যায়, সঠিক-ভুল নির্বাচনে উদ্বুদ্ধ করা হয়েছে।
ধর্ম, অর্থনীতি, গনতন্ত্র, দর্শন গোটা বিশ্বে এক ধরনের আর এদেশে এসে হয়ে যায় আরেক রকম। পোষ্ট পদবী, মন্ত্রীত্ব টাকা পয়সা না হওয়া পর্যন্ত সকল বামেরাই ন্যায়ের আর সামাজিক কল্যাণের কথা বলে। জুনায়েদ সাকি নামে আরেকজন বাম নেতাকে ইনু-মেননের সাথে তুলনা করলে মনে হয় ভুল হবে না....
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৫৬
শ্রাবণধারা বলেছেন: লেখাটা আসলে আমার আগের পোস্টেরই পরবর্তী পর্ব। আগেরটা আস্তিকের নৈতিকতা; এটা নাস্তিকের নৈতিকতা বিষয়ে।
উচ্চমানের ধার্মিক ও নাস্তিকের ধর্মবিশ্বাস একটা জায়গায় গিয়ে মেলে। এখানে রবীন্দ্রনাথের নাস্তিক চরিত্র জগমোহনের যে নৈতিকতা, সেটাই আসলে প্রবল ধার্মিক ও আধ্যাত্মিক রবীন্দ্রনাথেরও ধর্ম। জগমোহনের দুটি কথা: "কোনো গরজ নাই, সেইটেই আমার সব চেয়ে বড়ো গরজ" এবং "আমরা কিছুকে মানি না বলিয়াই আমাদের নিজেকে মানিবার জোর বেশি" - এই দুই তত্ত্বই রবীন্দ্রনাথের "মানুষের ধর্ম" এর বিষয় বা মনুষ্যত্বের ধারণায় এসে মিলেছে।
সে যা-ই হোক, ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি থেকে নিয়ে কনফুসিয়াসের একটি বই পড়েছিলাম। বইটি ছিল তাঁর ছাত্রদের প্রতি দেওয়া উপদেশের সংকলন। সেটার প্রভাব সত্যিই আমার মধ্যে আছে, পাশাপাশি বৌদ্ধ দর্শনেরও।
৫|
১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্যের উপকার করাটাই একটা যথেষ্ট কাজ;
এর বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা না করাটাই নৈতিকতা।
...................................................................................
নৈতিকতা শুধু প্রত্যাশার মধ্যে থাকেনা , আচরনেও ফুটে উঠে ।
আর নৈতিকতা সম্পন্ন মানুষ শুধু মাত্র নাস্তিক হতে হবে,
সেটাও পরিক্ষীত বিষয় নয় ।
তবে যেকথা সহজ সরল ভাবে বলা যায়, এই মানব সমাজের নৈতিকতা আমরা
আশা করি যারা ধর্ম পালন করছে তাদের থেকে,
কিন্ত বাস্তবতা হলো এর কোন সীমারেখা টানা যায়না ।
লজ্জার বিষয় হলো এই যে, আমরা মুসলিম সমাজে যে নৈতিকতা আশা করি
তা দেখা যায়না অথচ অমুসলিম বিশ্বের কোন কোন দেশের জনগণের মাঝে যে নৈতিকতা
দেখি, তখন মনে হয়, তবে কি এদের জন্যও বিশেষ বেহেশত বরাদ্দ আছে !???
১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০
শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ, ধন্যবাদ। নৈতিকতা সম্পন্ন মানুষ আস্তিক বা নাস্তিক, যে কোনোটাই হতে পারেন। আগের পোস্টে টালারিকো তার নৈতিকতাকে যিশুখ্রিষ্টের শিক্ষা এবং বাইবেলের ব্যাখ্যার সঙ্গে যুক্ত করেছিলেন তার যে ব্যাখ্যা বহু খ্রীষ্ট ধর্মীর কাছে জনপ্রিয় হয়েছে ।
এখানে রবীন্দ্রনাথ নিজে প্রবল আস্তিক হয়েও একজন নাস্তিক চরিত্রের বর্ননায় নৈতিকতার আদর্শ ব্যাখ্যা করেছেন। সেই নৈতিকতার ভিত্তি আসলে মানুষেরই ধর্ম, যা কোনো বিশেষ ধর্মবিশ্বাসের ওপর নির্ভরশীল নয়।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪
শেরজা তপন বলেছেন: হাসিনা মালই ছিল একটা বটে - সে বাঘ রে দিয়া ঘাস খাওয়াছেন, আর গাধা দিয়ে হাল চাষ করাইছেন।