| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার ফুরসত মেলে না তবে যখন কোন কারনে ভাবতে বসি তখন অনেকটাই কল্পনার মতো মনে হয়। ৯০ দশকের মাঝামাঝি বাসায় যখন প্রথম কম্পিউটার এলো তখন সেটাকে মাথা নেয়া ছাড়া হাতে বহন করা বেশ কষ্টসাধ্য ছিলো। বলতে দ্বিধা নেই যে তখন আমিও বেশ ছোট ছিলাম। সেই কম্পিউটার ছোট হতে হতে এখন সেটা হাতের মুঠোতে চলে এসেছে। না, আমি মোবাইল ডিভাইসের কথা বলছি না। সত্যিকার অর্থে প্রতিদিনের কাজে ব্যবহারযোগ্য কম্পিউটার বা যেটাকে আমরা ডেস্কটর কম্পিউটার বলি, সেটার কথাই বলছি।
ছোট হতে হতে কম্পিউটারগুলো এখন ব্র্যান্ডভেদে ৬-৭ ইঞ্চির মধ্যে চলে এসেছে। ছোট বলে তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। ওগুলোর স্পেকস যারা বোঝেন কেবল তারাই অনুধাবন করতে পারবেন হাতের মুঠোর কতটা শক্তিশালী কম্পিউটার চলে এসেছে, ভাবাই যায় না! অন্তত আমার কাছে তেমনটাই মনে হয়।
এক দশক আগেও আমি কম্পিউটারের বিভিন্ন পার্টস, এ্যামাজন বা ই-বে থেকে নিজে পছন্দ করে অর্ডার করতাম। সবকিছু হাতে চলে আসলে দীর্ঘ অপেক্ষা থাকতো পুরো সিস্টেমটা দাঁড় করানোর। তবে কম্পিউটারের যন্ত্রাংশের বাজারের বর্তমান যা অবস্থা তাতে আর নতুন করে কম্পিউটারের যন্ত্রাংশ কিনে কম্পিউটার তৈরী করার ইচ্ছে জাগে না। অনলাইন থেকে পরিচিত কোন ব্র্যান্ডের সাইটে গিয়ে কিছুটা কাস্টমাইজ করে অর্ডার করাটাই অনেক ঝামেলাবিহীন মনে হয়। তাছাড়া আমার ঢাকা ও নিউ ইয়র্কের বাসায় বেশ কিছু কম্পিউটার আছে, আপাতত কেনার কোন প্রয়োজনও নেই। তবুও কোন অজানা কারনে ক''দিন আগে ডেল কম্পিউটারের সাইটে গিয়ে একটি মাইক্রো বা ছোট পিসি দেখছিলাম (দেখুন)। ইচ্ছেমত কাস্টমাইজ করার পর তার দাম গিয়ে দাঁড়ালো ১৭০০+ ডলার। যে কম্পিউটার ব্যবহার করে এই ঘাঁটাঘাঁটি করছিলাম, সেই পিসিটার দিকে তাকিয়ে মনে হলো পিসিতো আছেই, কাজও করছে তাহলে? এই অযাচিত খরচের কি আদৌও প্রয়োজন আছে? ভেতর থেকে একটা দুষ্টু উত্তর দিলো, "আছে, মামা"।
অনেক কষ্টে মনকে সরিয়ে নিলাম সাইট থেকে। ভাবলাম ই-বেতে গিয়ে দেখিতো কি অবস্থা! ই-বেতে বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় ঘটে। ওখানেই অনেকেই তাদের নিজের ব্যবহৃত, স্বল্প ব্যবহৃত অথবা একদম নতুন পণ্য নিলামে বিক্রি করতে পারেন। আর মজাটা ঘটে এই নিলামের মধ্যে। মাঝে মাঝে বেশ ভালো ডিলও পাওয়া যায়। ভেতরের দুষ্টটা ঠিকই আমাকে ই-বেতে ডেলের ঐ পিসিটা খুঁজতে বাধ্য করলো। ভাবলাম দেখা যাক, কপাল ভালো হলে নিয়ে নেব, খারাপ হলে ফেরত পাঠাবো।
একই মডেলের বেশ কিছু কম্পিউটার নিলামে আছে। দাম তিন ভাগের এক ভাগ। এত কম কেন?! বিস্তারিত পড়ে মনে হলো যিনি বিক্রি করছেন তিনিও হয়তো আমার মতোই কেউ একজন। হা হা হা.. নিজেকে নিয়ে বেশী দোষারোপ করা গেল না। বিডিং হচ্ছে ২১০, ২২০ টাকা। মাঝে মধ্যে কেউ কেউ ৫-১০ টাকা করে বাড়িয়ে বাড়িয়ে বিডিং করছে। উইন্ডোটা খোলা রেখে আমি নামাজ, রাতের খাওয়া-দাওয়াটা শেষ করে নিলাম। আর কয়েক ঘন্টার মধ্যেই নিলাম শেষ হবে। নিউ ইয়র্ক সময়ে সকালের দিকে। ফজরের নামাজ পড়েও অন্য কাজ করতে করতে পাতাটা মাঝে মাঝে দেখতে থাকলাম। বিডিং শেষ হওয়ার ২/৩ মিনিট আগে কেউ একজন এসে, ধুপ করে দাম বাড়িয়ে দিলো ব্যাপকভাবে। সম্ভবত উনি নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন যে আর তেমন কেউ হাত দেবে না। ভেতরে জেদ চেপে গেল। বিডিং শেষ হওয়ার ২/৩ সেকেন্ড আগে আমি তার থেকে ১০ ডলার বাড়িয়ে বিডিং করে জিতে গেলাম। পরক্ষণেই মনে হলো, ধুর, কাজটা ঠিক হলো না।
কেনার পর মনে হলো কেন যে বিডিং করতে গেলাম! দু-তিনদিন পর যখন বাসায় ছোট্ট পিসিটা এলো, সাথে সাথেই কেসিংটা খুলে দেখলাম। না, কম্পিউটার বেশী পুরোনো বা ব্যবহৃত মনে হচ্ছে না। সম্ভবত কেনার পর দীর্ঘদিন হয়তো বক্স থেকেই খোলা হয় নি। মাদারবোর্ডে ভালো করে তাকিয়ে ধুলোবালি খোঁজার চেষ্টা করলাম। হাত দিয়ে আলতো করে ছুঁয়েও দেখলাম, হাতে ধুলো লাগছে না। নতুন মাদারবোর্ডের গন্ধও পাচ্ছি। মেমরি স্টিকের গায়ে থাকা স্টিকারও নতুন। প্রসেসরের ফ্যানেও কোন ধুলো নেই। তবে কম্পিউটার অন করে সফটওয়্যার চালিয়ে এস.এস.ডি.-র অবস্থা বোঝার চেষ্টা করলাম। ড্রাইভ এখনো শতভাগ ভালো আছে। তবে এস.এস.ডি.-র দীর্ঘক্ষণ ব্যবহার হয়েছে। যতক্ষণ ব্যবহার হয়েছে কম্পিউটারের বয়স ততদিন হওয়া কোন ভাবেই সম্ভব নয়। এবার বিষয়টা পরিষ্কার হলো।
এস.এস.ডি-র বাজার এখন বেশ চড়া। যিনি কম্পিউটারটি বিক্রি করেছেন তিনি সম্ভবত নতুন পিসি কিনে এস.এস.ডি-টা রেখে দিয়েছেন। আর আমাকে এন্টারপ্রাইজ এনভায়রমেন্টে ব্যবহৃত এস.এস.ডি দিয়ে দিয়েছেন। সম্ভবত হাজার বারো'শ দিয়ে পিসি কিনে তিনি শ'চারেক দামের ড্রাইভ খুলে রেখে কিম্পউটার বিক্রি করেছেন শ'ছয়েকে-এ। হিসেব ঠিকঠাকই মনে হলো। আমার অবশ্য তাতে সমস্যা নেই, আমার কাছে ৫/৬ টা ড্রাইভ আছে ব্যবহার করার মতো। তবে খবর হবে মেমরি আপগ্রেড করতে গেলে। ৩২ গি.বা. ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্টজের সোডিমের দাম ৫০০+ ডলার। ২৪ সালের শেষেও আমি একই পরিমান মেমরি কিনেছি মাত্র ৮৬ ডলারে। মাত্র দু'বছরের ব্যবধানে কি একটা হ-য-ব-র-ল অবস্থায় এসে পৌছেছি আমরা।
কম্পিটারটি ছোট, বিধায় এখানে কোন আলাদা গ্রাফিক্স কার্ড লাগানোর সুযোগ নেই। তবে এ.এম.ডি. এক চিপের মধ্যেই সি.পি.ইউ., জি.পি.ও., এন.পি.ও. দিয়ে দিয়েছে। মাত্র দু'বছর আগে আমার কেনা গ্রাফিক্স কার্ডও এতটা প্রযুক্তিসমৃদ্ধ নয়। ভাবলাম একেবারে মন্দও হয় নি! যাইহোক, পিসি-র স্পেকস দিয়ে আপনাদের মাথা নষ্ট করছি না। ইচ্ছে হলে উপরের লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.