নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: বিউটির জন্য কবিতা

১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮



এক.

বিউটি,
লাল আজ আর একটুও ভালবাসি না; তোমাকে ঘাসের উপর রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেখার পর থেকে—লালকে যার পর নেই ঘৃণা করি। লাল আজ ভীষণরকম কুৎসিত, ভীতিকর। এছাড়াও, অনবরত বাজে গন্ধ বেরোয়; সুগন্ধি রুমাল টিস্যু পেপারে নাক চেঁপেও যায় না! আজ আমি সর্বত্র পুরু কালো রোদচশমা পরে ঘুরি। এসেন্সে ডোবা রুমাল, একগাদা টিস্যু রাখি পকেটে; শুধুমাত্র লাল থেকে বাঁচতে। কিন্তু পারি না—ওগুলোকে ভেদ করেও বিস্তর গন্ধ আসে! লালকে আজ আমার বড়ো ভয়; ঘৃণাও সমধিক। শীঘ্রই সব লাল কালো করে দিবো। সে জন্য রঙ সংগ্রহে নেমেছি।

বিউটি,
একদিন ঠিক দেখবে, লাল কোনও রঙ নেই পৃথিবীতে। সব লাল কালো হয়ে গেছে।


দুই.

বিউটি যখন শেষ নিঃশ্বাসটি নিয়েছিলো, ঠিক তার পরপরই পৃথিবীর সব লাল ফুল ঝরে গিয়েছিলো। লাল বেনারসি পরা স্মিতমুখ নববধূরা দেখলো, হঠাৎ যাদু মন্ত্র বলে শাড়ীগুলো নীল হয়ে গেছে। কনে দেখা লাল বাতিগুলো দপ ক’রে নিভে গেলো একসাথে। সেই থেকে মানুষের রক্তও লাল নয়—গাঢ়তম কালো। লাল কোনও রঙ নেই পৃথিবীতে। সব লাল আজ কালো, নয়তো নীল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪

অর্ক বলেছেন: সম্ভবত ২০১৬ সালের ঘটনা। হবিগঞ্জের কোথাও বিউটি নামের ষোলো বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। সে সময় ভাইরাল হয়েছিলো খবরটি। এখানে-ওখানে লেখালেখি হয়েছিলো। বিশেষ করে একটি ছবি আমাকে তখন ভীষণভাবে প্রভাবিত করে। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের মানচিত্রের আকার ধারণ করে বিউটির রক্তাক্ত, ক্ষতবিক্ষত লাশ ঘাশের ওপর পড়েছিলো। এখানেই তখন এ দুটি কবিতা ছাড়াও, আরেকটি লেখায় আক্রমণাত্মক ভাষায় এ নির্মমতার প্রতিবাদ করি, ঘৃণা জানাই, অপরাধীর কঠোর শাস্তি দাবি করি। বাবুল নামের একজনকে আটক করা হয়েছিলো। তবে সে ঘটনার আরেকটি বিভ্রান্তিকর ব্যাপার হলো, বিউটির পিতাকেও দোষী করে লেখালেখি হয়েছিলো। আমার লেখাতেও একজন ব্যাপারটা উল্লেখ করে। যাই হোক ঘটনার শেষ পরিণতির ব্যাপারে আমার জানা নেই। দোষী ব্যক্তির শাস্তি হয়েছিলো কিনা জানি না। যদি এ ব্যাপারে কারও কাছে কোনও তথ্য থাকে, জানালে খুব খুশি হবো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.