| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাবা,
ছোটবেলায় আপনাকে একদম ভাল লাগত না! বরং ভয়ই পেতাম যে কখন আবার ধমকের সাইক্লোন শুরু হয়। তারপরও আরেকটা ব্যাপার ছিল, আপনি কোনদিন আমাকে টাকা দিতেন না। সব মা দিত, তাই তাকেই বেশি ভালবাসতাম। পরে যখন বুঝতে শিখলাম, দেখলাম টাকাটা আপনার কাছ থেকেই আসে, আপনার প্রতি মনটা একটু নরম হতে শুরু করল। কিন্তু তখনও ধমকের সাইক্লোন অব্যাহত আছে।
আরেকটু বড় হয়ে দেখলাম যে ধমকটা আসলে আমার ভালর জন্যই। আরো দেখলাম আপনার বারণ অগ্রাহ্য করে গাছে উঠার ফল আর পড়ে গিয়ে বেদম ব্যাথা পাওয়ার পর আমাকে নিয়ে আপনার হাসপাতালে ছুটাছুটি!
তারপর থেকে আপনার প্রতি আমার কোন অভিযোগ ছিল না। তবে মায়ের সমান ভালবাসা জন্ম নিল সেদিন, যেদিন আপনি আমাকে মায়ের টর্নেডো থেকে রক্ষা করলেন! আমার ধারণা ভুল প্রমাণ করে জানান দিলেন যে আপনারও মায়ের মত ভালবাসায় ভরা একটা মন আছে।
তারপর আস্তে আস্তে বড় হলাম আর আপনার প্রতি ভালবাসা ফুলে ফেপে উঠল। এরপর তো কতভাবেই ভালবাসার প্রকাশ ঘটল, কিন্তু পরক্ষণেই ধমকের সাইক্লোন! কিন্তু সেটা এখন আর খারাপ লাগে না।
এখনো আপনার সাথে সাহস করে ফোনে কথা বলতে পারি না। কিন্তু মজার বিষয়টা হল, মায়ের পাশে দাড়িয়ে আপনার শিখিয়ে দেওয়া কথাগুলো যে আমি স্পষ্ট শুনতে পাই তা হয়তো আপনি জানেন না!
আসলে আপনাকে নিয়ে লিখতে গেলে কালিতে কুলোবে না। তাই এখানেই শেষ করব। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই চিঠি কোনদিনও আপনার হাতে পড়বে না!
ইতি,
আপনার বাজে ছেলে
©somewhere in net ltd.