| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

কয়েকদিন আগে ড্যারেন আরনফস্কি পরিচালিত এবং নাটালি পোর্টম্যান অভিনীত "ব্ল্যাক সোয়ান" ছবিটি দেখার সুযোগ হলো, ২০১১ এর একাডেমি এওয়ার্ড এ "শ্রেষ্ঠ অভিনেত্রী" ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র এটি। ছবিটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী।
চলচ্চিত্রের পুরোভাগে আছে নিনা সেয়ার্স নামের এক তরুণী ব্যালেরিনা,কেবলমাত্র মাকে নিয়ে তার অতি ক্ষুদ্র ছিমছাম সংসার। তার সমস্ত ধ্যানজ্ঞান জুড়ে আছে ব্যালের সূক্ষ্ম শিল্পকলা আর "যথাযথ" হওয়ার উচ্চাকাঙ্ক্ষী ইচ্ছা। নিজের শিল্পদক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে তার সামনে সুযোগ আসে চাইকোভস্কি লিখিত "সোয়ান লেইক" ব্যালেতে "সোয়ান ক্যুইন" এর ভূমিকায় অভিনয় করার। জার্মান লোককাহিনী নির্ভর এই ব্যালেতে দেখা যায় রাজকন্যা ওডেট জাদুকর রথবার্ট এর অভিশাপে পরিণত হয় সাদা রাজহাঁসে যা থেকে পরিত্রাণ পেতে গেলে তার সত্য প্রেমের স্পর্শ প্রয়োজন। সেই সত্য প্রেমের স্পর্শ দিতেই তার জীবনে আবির্ভূত হয় এক রাজকুমার। কিন্তু যখন তাদের প্রেম পরিণতির মুখে, ঠিক তখনই তাদের জীবনে নেমে আসে কালো ছায়া, মঞ্চে আবির্ভূত হয় কালো রাজহাঁস, জাদুকর রথবার্ট এর কন্যা। সে ওডেট এর রূপ ধারণ করে ছলাকলায় ছিনিয়ে নেয় রাজপুত্রকে এবং প্রেমের সেই হৃদয়বিদারী বেদনায় আত্মহত্যা করে রাজকন্যা ওডেট।
উচ্চাকাঙ্ক্ষী এবং উৎসর্গিত শিল্পী নিনার জীবনে যখন এই চরিত্র মঞ্চে ফুটিয়ে তোলার সুযোগ অকস্মাৎ চলে আসে, সে উঠেপড়ে লেগে যায় নিজেকে সাদা এবং কালো-দুই রাজহাঁসের চরিত্রেই যোগ্য করে তুলতে। কিন্তু নিনা বিশ্বাস করে 'পারফেকশন' বা যথাযথতায়, নিজের চরিত্রকে সে মঞ্চে ফুটিয়ে তুলতে চায় সর্বাঙ্গনিখুঁত ভাবে; ফলত সে তার নাচের নির্দেশক মিস্টার লেরয়কে সন্তুষ্ট করতে পারে না কারণ সাদা রাজহাঁসের চরিত্রে নিয়ন্ত্রিত নিয়মানুবর্তী নাচের মুদ্রা প্রশংসিত হলেও কালো রাজহাঁসের উদ্দাম নিয়মভাঙা চাঞ্চল্য নিনার শরীরে ফুটে ওঠে না। ক্রমাগত মিস্টার লেরয়ের হতাশা দর্শন ও নিজের ভেতরে কালো রাজহাঁসকে প্রতিষ্ঠিত করার একইসাথে জেদি এবং ব্যর্থ প্রচেষ্টা চলার মাঝেই নিনার জীবনে আবির্ভূত হয় লিলি, তাদের ব্যালে কোম্পানিতে আগত এক নতুন ব্যালেরিনা। লিলির খুঁতযুক্ত কিন্তু সাবলীল নৃত্যভঙ্গি মুগ্ধ করে মিস্টার লেরয়কে, তিনি নিনার কাছে সেই মুগ্ধতা প্রকাশ করেন। 'সোয়ান লেক' এ মগ্ন নিনার মনোজগতে শুরু হয় তোলপাড়, তার অবচেতন মন লিলিকে প্রধান শত্রু ভাবতে শুরু করে। এর মাঝেই চূড়ান্ত অনুশীলনের আগের রাতে লিলির প্ররোচনায় একটি নাইট ক্লাবে মাদক গ্রহণের ফলে নিনা ক্ষণস্থায়ী ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আদিম প্রবৃত্তি তার মনোজগতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়; লিলিকে ঘিরে গড়ে ওঠে মনোস্তাত্ত্বিক জটিলতা- প্রথমে সমকামী যৌনকল্পনা, পরে লিলির পরিবর্তে নিজেকেই নিজের হত্যাকারী রূপে কল্পনা।
পরদিন সকালে মাদকের প্রভাবে ঘুম থেকে উঠতে দেরি হওয়া নিনার অনুশীলন স্থলে পৌঁছাতে দেরি হয়। সেখানে পৌঁছে সে দেখতে পায় লিলি কালো রাজহাঁসের চরিত্রে অনুশীলনরত। নিনার সন্দেহ এবং মনোস্তাত্ত্বিক জটিলতা চরমে পৌঁছে; যদিও সে পরে জানতে পারে রীতি অনুযায়ী নিনার বিকল্প হিসেবে লিলিকে তৈরি রাখা হয়েছে, নিনা তা গ্রহণ করতে না পেরে ক্রমাগত মিস্টার লেরয়কে অনুরোধ করতে থাকে লিলিকে বিকল্প না করার জন্য যদিও তার অনুরোধ ধোপে টেকে না। সেই সন্ধ্যায় একাকী অনুশীলনের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আলো জ্বালিয়ে দেয়ার জন্য কাউকে অনুরোধ করতে নিনা দৌঁড়ে স্টুডিওর এক মাথা থেকে অপর মাথায় গেলে একটি ফাঁকা ঘরে লিলি আর মিস্টার লেরয়কে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় যেটা লিলির বিরুদ্ধে তার তিক্ততা আরো বাড়িয়ে তোলে, মিস্টার লেরয়কে সে রথবার্ট এর সামিল হিসাবে দেখতে পায়। এরপরেই কাঁদতে কাঁদতে নিনা লিপস্টিক এবং আরো কিছু প্রসাধনী, গয়না ফেরত দিতে যায় বেথকে, যে ছিল নিনার পূর্বে মিস্টার লেরয়ের 'প্রিয়া' এবং নিনা যার প্রসাধনী চুরি করেছিল শুধু মাত্র তার তুল্য 'পারফেকশন' অর্জনের জন্য। এক্সিডেন্ট এর ফলে হাসপাতালে ভর্তি বেথের কাছে গিয়ে সব কিছু স্বীকার করে খুলে বলার পর বেথ তাকে বলে,"I am not perfect." এরপরেই মুখে ক্রমাগত ছুরিকাঘাত করতে থাকা বেথের অবয়বে নিনা নিজেকে দেখতে পেয়ে দৌঁড়ে বাসায় চলে আসে এবং অসুস্থ হয়ে পড়ে। নিনার মা ফোনে নিনার অসুস্থতার কথা ব্যালে কোম্পানিকে জানিয়ে দিলেও খানিক সুস্থ বোধ করার পরই নিনা স্টুডিওতে চলে যায় এবং নিজেকে প্রস্তুত করতে শুরু করে। সাদা রাজহাঁসের পরিবেশনার সময় মঞ্চে লিলির উপস্থিতি এবং কালো রাজহাঁসের চরিত্র হাতছাড়া হওয়ার আশংকায় নিনা গুলিয়ে ফেললেও পরবর্তীতে কালো রাজহাঁসের চরিত্রে নিখুঁত এক পরিবেশনা উপহার দেয়।ইতোমধ্যে সাদা রাজহাঁসের চরিত্র পরিবেশনার পর কালো রাজহাঁসের চরিত্রে প্রস্তুতি গ্রহণের সময় গ্রীন রুমে নিনা দেখতে পায় লিলিকে এবং নিজের একমাত্র এই প্রতিযোগীকে নস্যাৎ করতে ধস্তাধস্তির এক পর্যায়ে সে তাকে হত্যা করে। শেষ পর্যায়ে সাদা রাজহাঁসের আত্মহত্যার দৃশ্যাভিনয়ের জন্য মেকআপ নিতে গ্রীন রুমে এসে নিনা আবিষ্কার করে সে আসলে নিজেরই পেটে আয়নার কাঁচ ঢুকিয়ে দিয়েছে। সেই অবস্থায় সে মঞ্চে প্রবেশ করে এবং আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের জন্য মঞ্চে রাখা উঁচু স্থান থেকে ঝাঁপ দিয়ে নিচে থাকা রবারের বিছানায় পড়ে যাবার পরে উচ্ছসিত লেরয় তার কাছে ছুটে আসেন এবং নিনার পেটের ক্রমবর্ধমান ক্ষত আবিষ্কার করেন। তিনি সাহায্যের জন্য নির্দেশ দেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়, লেরয়ের প্রশ্নের জবাবে নিনা বলে, "I felt perfect...I was perfect" এবং তার জীবনে মৃত্যুর পর্দা পড়ে।
চলচ্চিত্রটি একটি মূর্তিমান ঘোর, একটি অভিজ্ঞতা। মানুষ মূলত আদিম প্রকৃতির সাথে লড়ে বেড়ে ওঠা এক জাতি; মানবসভ্যতার বিভিন্ন যুগ সাক্ষ্য দেয় কীভাবে মানুষ একটু একটু করে বন্য বর্বরতা, উদ্দামতাকে দড়ি দিয়ে বেঁধে সংযত('ভদ্র' বলবো না, বর্তমান মানুষের আচরণ এই শব্দের সংজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করে) হয়েছে, পাশবিক প্রাকৃতিক প্রবৃত্তিকে শৃঙ্খলবদ্ধ করেছে। কিন্তু, সত্য এই, তার সেই অতীত রক্তের দাগ এখনো রয়ে গেছে। শরীরধারী মাত্রেই শারীরিক নিয়মের বশবর্তী, কিন্তু আধুনিক মানুষের ধর্ম, সমাজ, সামাজিক অনুশাসন, নৈতিকতা তাকে তার পিতৃপুরুষের মত অনিয়ন্ত্রিত হতে অন্তত মানসিকভাবে বাধা দেয়। আমরা সবাই এই সভ্যতার সিস্টেমে চলছি, এই সিস্টেম আমাদের চোখে ঠুলি পরিয়ে রাখে।
(চলবে)
ছবি: Pinterest
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: ঋদভিকা পাল)
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬
মা.হাসান বলেছেন: আপনি ভালো লিখছেন। চালিয়ে যান।