| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

কবি,
আমার অন্তরের শ্রদ্ধা নিও। এ পৃথিবীর ওপারটায় যে সুখ-দুঃখ, সত্য-মিথ্যার অতীত ঐন্দ্রজালিক জগৎ টা আছে- বিশ্বাস করি, সেখানটায় তুমি ভালো আছো। এ নিদারুণ সুন্দর জগৎ তোমায় যে পূর্ণতা দিতে পারেনি, সেই কল্পমায়ার জগতে সে অধরা পূর্ণতা তোমায় ধরা দিয়েছে বলেই আমার হৃদয় বিশ্বাস করতে চায়।
তোমার প্রেমে ঠিক কবে পড়েছিলাম- তার কুষ্ঠী, ঠিকুজি, সাল,তারিখ, মাস, দিনের হিসেব আমার কাছে নেই। সেদিনটা কোনো বাসন্তী দিন ছিল কিনা- তাও এ অধমের স্মরণে নেই। তবে প্রেমে যে পড়েছিলাম- এ কথা সত্য। জানো, অনেক আগে, কোনো এক আদ্যিকালে আমি তোমায় রীতিমতো আরাধনা করতাম।তোমায় দেবতা মেনেছিলাম, হৃদয় নিংড়ে তোমার পূজা করতাম।
বড় হলাম, ভেতরে মানবসত্তার সাথে সাথে একটি নারীসত্তাও জন্ম নিল। জানো প্রিয়, তখন না, কেমন কেমন করে জানি সে শ্রদ্ধার অটল পাহাড়ে একটু একটু ফাটল ধরতে লাগলো। নারীর চোখ দিয়ে তোমায় দেখলাম। তুমি শিল্পী, সাহিত্যপ্রাণ- তোমার ব্যক্তিগত জীবন দিয়ে তাই তোমায় মাপিনি, কারণ আমি আরাধনা করেছি তোমার সৃষ্টির সৌন্দর্যকে। তোমার বিনোদিনী-গিরিবালা-কল্যাণীরা যেমন রক্তমাংসের মানবীর অনুপ্রেরণা, ঠিক তেমনই এ-ও সত্য, 'অর্ধেক মানবী, অর্ধেক কল্পনা' কে আমি স্বীকার করতে পারিনি।
মানুষ হিসেবে তোমার হাজারো সীমাবদ্ধতা, কিন্তু কবি, তোমায় আমি ভালোবেসেছি। তোমার সংগীত আমার হৃদয়মন্দিরে বাস করে; জীবন যখন শুকিয়ে যায় তখন কার আত্মা কীসে রস খুঁজে পায় জানি না, আমার আত্মায় একলা তুমিই করুণা ধারা বর্ষণ করো।
আধুনিক কবিগোষ্ঠী আমার মস্তিষ্কে আলোড়ন তোলেন, কিন্তু প্রিয়তম, তুমি আমার হৃদয়কে প্রাণদান করো। তোমার সমস্ত শব্দ আমার হৃদয়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়; আমার প্রেম, বেদনা, আনন্দ- সব, সবই তো কেবল তোমাতেই প্রাণ পায়! শিল্পের নানা গলিঘুঁজি ঘুরে দিনশেষে এই তোমার কাছেই আশ্রয় চাইতে আসি, নতুন করে তোমার প্রেমেই বারবার পড়ি- ত্যাগ করবো সাধ্য কী! তোমায় প্রগাঢ় ভালোবাসার দায়ে যদি গায়ে 'রক্ষণশীল' ছাপ্পা পড়ে যায়- স্বীকার করে নেব প্রিয়।
মানুষের জগতে সমস্ত সম্পর্কের আবার নাম থাকতে হয়। সমাজে বসবাস করে সদাসর্বদা বিরোধিতা করাটা মানায় না, তাই আমি তোমার সাথে আমার সম্পর্কের একটা নাম দিচ্ছি- তুমি আমার সাধন-প্রেমিক। তোমায় দেবতা মানিনি, পূজাও আর করি না- তবে রক্তমাংসের তোমায় ভালোবাসি। তোমার প্রেম, জগদীশ্বর এর কাছে তোমার আকুল প্রার্থনা, তোমার আনন্দ, তোমার বেদনা- এ সবই আমি ভালোবাসি ভানুকবি।
আমার হৃদয়ে বাস করো চিরন্তন প্রেমিক, শ্রদ্ধাঞ্জলি তোমার জন্য...
- ইতি,
উত্তর প্রজন্মের এক নারী।
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
ছবি: Pinterest
©somewhere in net ltd.