| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদ্বিগ্ন রাতের কথা বলতে এসেছি এতো দূর
থেকে নগ্ন পায়ে হেঁটে পাড়ি দিয়ে সহস্র মাইল
বিক্ষত পায়ের রক্তে রাঙা গ্রাম্য পথের আইল
পীচঢালা শহর, শোকার্ত রমনা ও সূত্রাপুর ।
সে-রাতে হায়েনা দিয়েছিল ঝাপ বাংলা ভাষার
বুক লক্ষ্য করে । নখের আঁচড়ে করেছিল ক্ষত
মায়ের শরীর । কেঁদেছে মা সারারাত অবিরত।
দেখো কালসিটে, নখের আঁচড়, ঘৃণার পাহাড় ।
ওরা নেমে এলো রাজপথে, প্রতিবাদের অধিক
ভালোবাসা, 'না, মানি না । মানবো না।' স্লোগানে মুখর।
স্বৈরশাহীর হুকুম, 'চালাও গুলি, করে দাও স্তব্ধ।'
স্তব্ধ হয়েছিল বটে, বরকত, সালাম, রফিক,
জব্বার । রক্তের নদী প্রিয় মাটি, ঢাকার শহর ।
এভাবেই আমাদের হলো বাংলা ভাষা, প্রিয় শব্দ ।
নিউইয়র্ক । ২৫ ফেব্রুয়ারী, ২০১৩ ।
©somewhere in net ltd.