| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো একটি সকাল দরোজায় আলো ফেলে বলে
তুমি হেঁটে যাও রৌদ্রকরোজ্জ্বল দিবসের দিকে।
পেছনের সুদীর্ঘ রাতের ইতিহাস খেলাচ্ছলে
শৈশবের স্লেট থেকে মুছে দিয়ে আমি বাড়াই পা।
অসভ্য অতীত কেন টেনে ধরে জামার কলার?
দুপায়ে জড়ানো গারদের ডান্ডাবেরি, চৌদ্দশিকে
আটকাতে চায় সুদৃঢ় প্রত্যয়। করুণা ও কৃপা
সম্ভ্রমের আব্রু, একমাত্র অবলম্বন আমার ।
কাঁফণের মতো সেঁটে আছে দ্বিধা, তাকাতে পারি না
অপেক্ষমান আলোর দিকে হায়, কম্পমান দু'পা।
যে অমোঘ অন্ধকার এসেছি মাড়িয়ে, তার সাথে
সখ্য কতখানি গভীর আমার, কতখানি ঘৃণা?
কেন বারবার মনে পড়ে তাকে, সে-ই অপরূপা!
নির্মম বৃত্তের পাকে বেঁধেছে সে কৃষ্ণপক্ষ রাতে ।
৫ মার্চ, ২০১৩
নিউইয়র্ক
©somewhere in net ltd.