| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন, লন্ডন থেকে আগত জনাব নাসিম, পিতা আবু যাফর। তার পর হাল্কা কিছু খেয়ে নিয়ে যে যার মত করে পরেরদিন সকালে জামারাতে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথরখণ্ড সংগ্রহ করে আলাদা করে তিনটি ছোট খালি পানির বোতলে ঢুকিয়ে রাখলাম। মিনায় হজ্জ্বের পরে দুইদিন অবস্থান করলে মোট ৪৯টি পাথরের প্রয়োজন হয়। কিন্তু কোন কারণে তিনদিন অবস্থান করতে হলে আরও ২১টি, অর্থাৎ মোট ৭০টি পাথরখণ্ডের প্রয়োজন হয়। সম্ভাব্য পরের পরিস্থিতিটা সামলানোর লক্ষ্যে আমরাও একেকজন মোট ৭০টি করেই পাথরখণ্ড সংগ্রহ করেছিলাম। উল্লেখ্য যে পাথরগুলোর আদর্শ সাইজ হলো শিমের বিচির সমান। এর চেয়ে বড়-ছোট হলে হাতের মুঠিতে ধরে রাখতে এবং নিক্ষেপ করতে অসুবিধে হয়। কাছাকাছি উচ্চভূমিগুলোর পাদদেশে গিয়ে এই সাইজের পরিষ্কার পাথর যথেচ্ছ সংখ্যক সংগ্রহ করা যায়। কোন ওয়াশরুমের নিকটবর্তী এলাকা থেকে পাথর সংগ্রহ না করাই উত্তম। কোন পাথরের গায়ে ময়লা লাগা থাকলে সেটাকে ধুয়ে নিতে হবে; না থাকলে সেটাকে পরিষ্কার পাথর হিসেবে গণ্য করা যেতে পারে।
পাকা রাস্তার একপাশে বাসগুলো লাইন করে পার্কিং করে রাখা ছিল, অপর পাশে হাজ্জ্বী সাহেবগণ যে যার মত করে একটা কাপড়ের চাদর অথবা পাতলা সতরঞ্চি (স্লীপিং ম্যাট) বিছিয়ে শুয়ে পড়লেন। মুযদালিফায় একটি রাত “খোলা আকাশের নিচে” ঘুমানো/বসে থাকা/ বিশ্রাম নেয়া হজ্জ্বের একটি পূর্বশর্ত। হাজ্জ্বী সাহেবগণ জাগ্রত প্রতিটি মুহূর্তই ইবাদতে নিমগ্ন থাকতেন। তাই আমরা সবাই সবসময় সতর্ক থাকতাম যেন কেউ কারও অসুবিধা বা বিরক্তির কারণ না হই। অনেকে না শুয়ে হাতে বহন করা চেয়ার-কাম-ওয়াকিং স্টিক এ বসে নীরবে স্রষ্টার ক্ষমা প্রার্থনায় মগ্ন হলেন। শুধুমাত্র বাসচালকগণ ও তাদের সহকারীগণ বাসে বসে এসি চালিয়ে ঘুমিয়ে গেলেন। তাদের মাত্র দুই/ তিনজনের জন্য প্রতিটি বাসের এসি’র ঘরঘর শব্দের মাঝেই হাজ্জ্বীগণ ঘুমাতে/ বিশ্রাম নিতে বাধ্য হলেন। আমিও রাতের ওয়াশরুমের কাজ সেরে অযু করে এসে মাগফিরাতের দোয়া দরুদ পড়তে পড়তে এক কাত হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই ঘুমে চোখ বুঁজে এলো।
মুযদালিফা মক্কার নিকটবর্তী, মিনা’র দক্ষিণ-পূর্বে অবস্থিত চার কিলোমিটার দীর্ঘ একটি খোলা উপত্যকা। এলাকাটির ক্ষেত্রফল ১২.২৫ বর্গ কিলোমিটার। এলাকাটি আরাফাত পাহাড় ও মিনা’র মধ্যবর্তী স্থানে অবস্থিত। আরাফাত ও মিনা’র মত এখানে কোন তাবু’র ব্যবস্থা নেই; খোলা আকাশের নিচেই হাজ্জ্বীগণকে এখানে রাত কাটাতে হয়। শরীর ক্লান্ত থাকায় বাস ও মানুষের চলাচলের শব্দ সত্ত্বেও আমার ঘুমের কোন ব্যাঘাত ঘটেনি। এক সময় আমার ছেলে আমাকে ডেকে তুলে বললো, কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুমে ও অযুখানায় লম্বা লাইন পড়ে যাবে। আমি যেন তাড়াতাড়ি অযু করে এসে তাহাজ্জুদ ও ফজরের নামাজের জন্য তৈ্রি হয়ে নেই। দ্রুতই তার কথাটা সঠিক প্রমাণিত হলো। অযু করতে করতেই দেখলাম ভীড় অনেকটা বেড়ে গেছে। তাহাজ্জুদের পর ফজরের ওয়াক্তের জন্য অপেক্ষা করতে থাকলাম। ওয়াক্ত হলে উপস্থিত সবাই জামাতবদ্ধ হয়ে ফজরের নামায পড়ে নিজ নিজ বাস সন্ধান করে বাসে উঠে বসলাম। প্রতিটি স্টপেজে সব হুজ্জ্বাজগণকে একত্রিত করে শৃঙ্খলার সাথে বাসে উঠানো ও নামানোর দায়িত্বটা আমাদের মোয়াল্লেম জনাব আব্দুল্লাহ আল মামুন শাহিন সুচারুরূপে পালন করেন। তিনি শৃঙ্খলার সাথে আপোষ করেন নাই, আবার তার আচরণে বিনয় ও শিষ্টাচারেরও অভাব ছিল না। বিশেষ করে বয়স্কদের প্রতি তিনি বেশ যত্নবান ছিলেন।
সূর্যোদয়ের পূর্বেই মুযদালিফার সীমানা ত্যাগ করা আবশ্যক। বাসচালক সে হিসেব কষেই বাস চালানো শুরু করলো। বহু হাজ্জ্বী যানজটে আটকা পড়ার ভয়ে পোটলা পুটলি বাসে রেখে পদব্রজেই রওনা দিলেন। মুযদালিফার সীমানা ত্যাগ করার সময় মনটা মোচড় দিয়ে উঠলো এই ভেবে যে আবার কি কখনো এখানে আসা হবে? প্রায় বিশ পঁচিশ লক্ষ হাজ্জ্বী একসাথে একই গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছেন, যানজট ও জনজট তো লাগারই কথা; তা ট্রাফিক সিস্টেমকে যতই উন্নত করা হোক না কেন! তাই আমাদেরকেও গন্তব্যের নিকটবর্তী হবার অনেক আগেই বাস ছেড়ে নেমে আসতে হলো। ততক্ষণে রোদ বেশ চাড়া দিয়ে উঠেছে। জনস্রোতের সাথে মিশে আমরা ধীরে ধীরে ‘বড় জামারাত’ বা জামারাত আল আক্বাবা এর দিকে এগোচ্ছি। কাছাকাছি এলে সাতটি পাথরখণ্ড বোতল থেকে বের করে হাতের মুঠিতে নিলাম। যতই জামারাতের নিকটবর্তী হচ্ছিলাম, ততই মানুষের মাঝে পাথর নিক্ষেপের উত্তেজনা বেড়ে যাচ্ছিল। অনেকে অনেক দূর থেকে পাথর নিক্ষেপ করছিল, ফলে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে মানুষের গায়ে গিয়ে পড়ছিল। আমরা কয়েকজন সে উত্তেজনা দমন করে জামারাতের একেবারে নিকটে গিয়ে সঠিকভাবে লক্ষ্যস্থির করে পাথর নিক্ষেপ করলাম। ফলে পাথরের কোন অপচয় হয় নাই, আমাদের ছোঁড়া পাথর অন্য কারও গায়েও পড়েনি।
জামারাত থেকে ফেরার পথে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ফলে বিশ্রাম নেয়াটা আবশ্যকীয় হয়ে উঠেছিল। এর পরবর্তী কাজ আপাততঃ দুটো ছিলঃ পশু কুরবানি করা ও তারপর নিজের মাথা মুণ্ডন করা। এ দুটো কাজ করার পর ইচ্ছে করলে গোসল করে এহরাম পরিত্যাগ করে স্বাভাবিক পোষাক পরিধান করা যায়। একই দিনে পরে সুবিধেমত সময়ে মক্কায় গিয়ে হজ্জ্বের ফরয তাওয়াফ ও সা’ঈ করতে হয়। বিশ্রাম নিতে নিতে আমাদের কাছে খবর আসলো যে আমাদের পশু কুরবানি হয়ে গেছে। এই খবর পাওয়ার পর আমরা তিন/চারজন মিলে রওনা হ’লাম কোন একটা সেলনের উদ্দেশ্যে, মাথামুণ্ডনের জন্য। একই দিনে কাছাকাছি সময়ে প্রায় বিশ পঁচিশ লক্ষ হাজ্জ্বী মাথামুণ্ডন করবেন, তাই প্রতিটি সেলনের সামনে স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইন ছিল। আজকের এই দিনটির জন্য মক্কা ও মিনা’র ক্ষৌরকারগণ মুখিয়ে থাকে। সারা বছরে তারা যা আয় করে, তার সিংহভাগ অংশ আসে এই কয়েকটি দিনে হাজ্জ্বীদের মাথামুণ্ডন বাবদ আয় থেকে। তাই স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি মূল্য চুকিয়ে আমরা ‘আজিজিয়া’য় ফিরে এলাম। সেখানে এহরাম পরিত্যাগ করে গোসল করে নিয়ে স্বাভাবিক পোষাক পরে কাছাকাছি একটা তুর্কী হোটেলে গিয়ে লাঞ্চ করলাম।
ঢাকা
১৫ ফেব্রুয়ারি ২০২৬
শব্দ সংখ্যাঃ ৮২৫
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং দ্বিতীয় ‘লাইক’ এর জন্য ধন্যবাদ। এবারে প্রস্তুতি নিয়ে হজ্জ্বের সিদ্ধান্তটাও নিয়ে ফেলুন। বয়স কম থাকতে থাকতে হজ্জ্ব পালন করতে পারলে সেটা শুদ্ধভাবে পালন করার কাজটা অনেক সহজ হয়ে যায়।
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৪
নতুন নকিব বলেছেন:
মাশাআল্লাহ, আগের পর্বগুলোর মতই হৃদয়ছোঁয়া বর্ণনা। Hajj-এর প্রতিটি ধাপ আপনি যে যত্ন, শৃঙ্খলা ও অনুভূতির সাথে তুলে ধরেছেন, তা আমাদেরকেও যেন সরাসরি Muzdalifah ও Mina-এর প্রান্তরে নিয়ে গেছে। আপনার হজের প্রাণবন্ত বর্ণনা পড়তে পড়তে আমার নিজের হজের স্মৃতিগুলোও মানসপটে ভেসে উঠছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজ্জ কবুল করুন, আপনার ও আপনার পরিবারের সকল ইবাদত গ্রহণ করুন এবং এই মায়াময় স্মৃতিগুলোকে নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন।
এমন সুন্দর, তথ্যসমৃদ্ধ ও আত্মিক অনুভূতিতে ভরা লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৯
খায়রুল আহসান বলেছেন: আপনার সমনোযোগ পাঠ এবং সদয় মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। হজ্জ্ব এর প্রতিটি ধাপ এর প্রতিটি কর্তব্যের কথা নিয়ে ভাবলে একজন মোমিন অতি সহজেই এই ফরয ইবাদতের অন্তর্নিহিত দর্শন উপলব্ধি করতে পারেন। প্রতিটি ধাপের করণীয় ও পালনীয় কাজগুলো আমাদের অনন্ত যাত্রার প্রস্তুতি গ্রহণের জন্য একেকটি সুশৃঙ্খল নির্দেশনা ও ইঙ্গিত বলে আমি মনে করি।
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো আপনার সুন্দর বর্ণনা। মীনা আরাফা আর মুজদালিফায় সিকোন্সেটা খেয়াল করুন। মীনায় তাঁবুর ভিতরে শোয়ার জন্য ফোম আছে। আরাফায় তাঁবুর নীচে কার্পেট। মুজদালিফায় মাটি। ছাদ নেই। তার মানে স্মরণ করিয়ে দেওয়া-পরের পর্ব মাটির নীচে। সোবাহানাল্লাহ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০১
খায়রুল আহসান বলেছেন: "মীনা আরাফা আর মুজদালিফায় সিকোন্সেটা খেয়াল করুন। মীনায় তাঁবুর ভিতরে শোয়ার জন্য ফোম আছে। আরাফায় তাঁবুর নীচে কার্পেট। মুজদালিফায় মাটি। ছাদ নেই। তার মানে স্মরণ করিয়ে দেওয়া-পরের পর্ব মাটির নীচে" - সঠিক পর্যবেক্ষণ। আর তার পরের পর্বে যাওয়ার আগে নিজের বড় বড় গুনাহগুলোর কথা স্মরণ করে ৪৯টি পাথর নিক্ষেপের মাধ্যমে একেকটি গুনাহ থেকে নিজেকে মুক্ত করার শপথের কথাটিও ভাববার বিষয়। এ প্রসঙ্গে পরের মন্তব্যে ডঃ এম এ আলী এর এই কথাগুলো দ্রষ্টব্যঃ "আধ্যাত্মিক ভাবনায় পাথর নিক্ষেপ শুধু একটি শারীরিক কাজ নয়, এটি আত্মার বিপ্লব। প্রতিটি পাথর নিক্ষেপ একটি শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ"।
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
পবিত্র হজ্জ্ব-২০২৫ এর এই পর্বটি পড়তে গিয়ে মনে হলো যেন আমিও লেখকের সাথে মুযদালিফার খোলা
আকাশের নিচে সেই পবিত্র রাতটি কাটাচ্ছি। ঘটনাগুলোর সূক্ষ্ম বর্ণনা, বাস্তব অভিজ্ঞতার আন্তরিক উপস্থাপন
এবং আধ্যাত্মিক অনুভূতির মিশ্রণ লেখাটিকে শুধু স্মৃতিচারণ নয়, বরং এক জীবন্ত হজযাত্রার দলিল করে
তুলেছে। বিশেষ করে শৃঙ্খলা, সহমর্মিতা ও ইবাদতমুখর পরিবেশের চিত্র আমাদের হৃদয়ে গভীর প্রশান্তি
জাগায়। এমন লেখা হজের বাহ্যিক কর্মধারা যেমন শেখায়, তেমনি এর অন্তর্নিহিত আত্মিক সৌন্দর্যও
অনুভব করায়।
লেখাটিতে থাকা কিছু কথামালা যেমন যথাস্থানে পৌঁছানোর অনেক আগেই আবেগ তারিত হয়ে পিছন থেকে
কিছু মানুষের নিক্ষেপ করা পাথর টুকরা ( যদিও পাথরগুলি মটর দানার মত ছোট আকারের হয়ে থাকে) সামনে
থাকা অনেকের গায়ের উপর পরেছে । এতে করে বিশেষ কেহ কেহ মনে করতে পারেন যে সন্মুখে থাকা লোকগুলি
কি তবে শয়তান ছিল যার পিঠের উপর পাথর পরেছে ( নাউযুবিল্লাহ) । তাই বিষয়টিকে একটু খোলাসা করার
নিমিত্ত এই পাথর নিক্ষেপ সম্পর্কে কিছু কথা এখানে এই মন্তব্যের ঘরে যুক্ত করে গেলাম।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো রামী আল-জামারাত অর্থাৎ নির্দিষ্ট স্থানে পাথর (ডিল) নিক্ষেপ করা।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বড় জামারত বা জামারাত আল-আকাবা-এ ডিল নিক্ষেপ করা। নিচে এর
ইতিহাস,ধর্মীয় তাৎপর্য, প্রতীকী অর্থ এবং হজের প্রেক্ষাপটে কিছু প্রাসঙ্গিক কথা একটু বিস্তারিতভাবে বলা গল ।
প্রথমেই জামারাত কী সে বিষয়েই কথা বলা যাক । জামারাত হল মক্কার নিকটবর্তী মিনা এলাকায় তিনটি নির্দিষ্ট
স্তম্ভ বা চিহ্ন রয়েছে, যেগুলোকে বলা হয় ১)ছোট জামারত (জামারাত সুগরা)২) মাঝারি জামারত (জামারাত উস্তা)
৩)বড় জামারত (জামারাত আল-আকাবা)হাজিগণ নির্দিষ্ট দিনে এই তিন স্থানে ছোট ছোট পাথর নিক্ষেপ করেন।
তবে ঈদুল আযহার দিনে প্রথম যে কাজটি করা হয়, তা হলো বড় জামারাতে ডিল মারা।
এর পটভুমিতে রয়েছে ঐতিহাসিক হযরত ইবরাহিম (আ.)-এর ঘটনা।এই আমলের মূল উৎস হলো হযরত
ইবরাহিম (আ.), তাঁর পুত্র ইসমাইল (আ.), এবং শয়তানের ঘটনাটি।
ঘটনাটি সম্পর্কে সংক্ষেপে বলা যায় যখন আল্লাহ তাআলা ইবরাহিম (আ.)কে স্বপ্নে তাঁর প্রিয় পুত্রকে কুরবানি করার
নির্দেশ দিলেন তখন তিনি আল্লাহর আদেশ পালন করতে মিনার দিকে রওনা হন। পথে শয়তান তিনবার এসে
তাঁকে বাধা দেয়।শয়তান তাঁকে আল্লাহর আদেশ পালন থেকে বিরত রাখতে চেষ্টা করে।তখন ইবরাহিম (আ.)
শয়তানকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করেন।তিনটি আলাদা স্থানে এই ঘটনা ঘটে।সেই তিন স্থানই
আজকের তিন জামারাত।বড় জামারাত হলো সেই স্থান যেখানে শয়তানকে শক্তভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল।
হজব্রত পালনকারীদের ডিল নিক্ষেপ করার মূল উদ্দেশ্য সমুহ হল; (ক) শয়তানকে প্রতীকীভাবে প্রত্যাখ্যান
করা এটি বাস্তবে শয়তানকে মারার জন্য নয় বরং প্রতীকী ঘোষণা আমি শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান করছি।
অর্থাৎ অহংকার, লোভ,কামনা,পাপপ্রবণতা প্রভৃতির বিরুদ্ধে যুদ্ধের প্রতীক।(খ) আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত
আনুগত্য প্রকাশ করা ।ইবরাহিম (আ.) যুক্তি নয়, আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার দিয়েছিলেন।ডিল নিক্ষেপ
মানে হে আল্লাহ, আমিও আপনার আদেশ মানতে প্রস্তুত।(গ) আত্মসংযম ও নফসের বিরুদ্ধে সংগ্রাম।
ইসলামে সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম।ডিল মারার সময় হাজিগন মনে করেন
প্রতিটি পাথর নিক্ষেপ সমান একটি পাপ বা দুর্বলতা ত্যাগ করা , প্রতিটি নিক্ষেপ সমান আত্মশুদ্ধির অঙ্গীকার।
বড় জামারাত বিশেষ গুরুত্বপূর্ণ । ঈদুল আযহার (১০ জিলহজ) দিনে হাজিরা প্রথমে বড় জামারাতে ৭টি পাথর
নিক্ষেপ করেন।এটি হজের একটি ওয়াজিব আমল।এরপর কুরবানি ও মাথা মুন্ডন করা হয়।এটি প্রতীকীভাবে
বোঝায় শয়তানকে প্রত্যাখ্যান,তারপর আত্মত্যাগ(কুরবানি) এরপর নতুন পবিত্র জীবন শুরু।
পাথর নিক্ষেপ প্রকৃতপক্ষে নিয়মের ভেতরের কিছু মুল্যবান শিক্ষা , বাহ্যিক কাজ ছোট পাথর নিক্ষেপ হলেও
অভ্যন্তরীন শিক্ষা অহংকার নয় বিনয়,নির্দিষ্ট সংখ্য(৭) শৃংখলা ও আনুগত্য। আধ্যাত্মিক ভাবনায় পাথর নিক্ষেপ
শুধু একটি শারীরিক কাজ নয় এটি আত্মার বিপ্লব।প্রতিটি পাথর নিক্ষেপ একটি শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ
পাথরকে প্রতিক হিসাবে ধরা যায় ; ১মটি অহংকার দুর,২য় টি রাগ নিয়ন্ত্রন , ৩য় টি লোভ ত্যাগ, ৪র্থটি হিংসা
দূর , ৫ম টি গুনাহ পরিত্যাগ, ৬ষ্ট টি দুনিয়াপ্রীতি কমানো , ৭মটি আল্লাহর কাছে আত্মসমর্পন ।
এই আমল স্মরণ করায় হযরত ইবরাহিম (আ.)-এর দৃঢ় ঈমান।বার্তা হলো আল্লাহর পথে বাধা এলে আমি
শয়তানকে প্রত্যাখ্যান করব।নিজের নফসকে লক্ষ্য করে নিক্ষেপ ।আসল শয়তান তিন রূপে আসে;সন্দেহ
তথা ওয়াছোয়াছা, ভয়, দুনিয়ার মোহ। তাই ডিল নিক্ষেপ মানে নিজের ভিতরের অন্ধকারকে আঘাত করা।
এর গভীর তাসাউফি ব্যাখ্যা হিসাবে কিছু আলেম বলেন; কাবা বলতে আল্লাহর প্রেম, আরাফাত বলতে
আত্মসমর্পণ, কুরবানি মানে ত্যাগ আর জামারাত হল শয়তানের বিরোদ্ধে ঘোষনা তথা আত্মশুদ্ধির যুদ্ধ
অর্থাৎ হজ হলো আত্মার পুনর্জন্ম।
আমি সর্বান্তকরনে বিশ্বাস করি পবিত্র হজ সমাপনান্তে আপনি আত্মশুদ্ধির যুদ্ধ জয় করে এসেই আমাদের তরে
আপনার পবিত্র হজব্রত পালনের সময় অর্জিত মুল্যবান অভিজ্ঞতা সমুহ আমাদের সাথে শেয়ার করেছেন ।
তাই মিনতীরেখে গেলা পরিশুদ্ধ আত্মা নিয়ে আপনি আমার এই দীর্ঘ মন্তব্যের ঘরে কোন ভুল ভ্রান্তি হলে
মার্জনার চোখে দেখবেন ।
শুভেচ্ছা রইল ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটি আদ্যোপান্ত প্রেরণাদায়ক এবং পোস্টের সম্পূরক। অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পাথর নিক্ষেপ সম্পর্কে কিছু তথ্য সংযোজন পোস্টের অপূর্ণতা পূরণ করেছে, যা জিজ্ঞাসু পাঠকদের জানার তৃষ্ণা নিবারণ করবে। এসব তথ্য আমারও জানা ছিল, কিন্তু পোস্টের কলেবর বৃদ্ধি পাবার আশঙ্কায় তা অনুক্ত রেখেছি।
'জামারাত' এর ব্যাখ্যাগুলো ভালো হয়েছে। ঢিল নিক্ষেপের দার্শনিক ব্যাখ্যাটাও।
আপনার এই দীর্ঘ মন্তব্যটির ঘরে কোন ভুল ভ্রান্তি অন্ততঃ আমার নজরে আসে নাই; আপনি নিশ্চিন্ত থাকুন।
৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪০
কালো যাদুকর বলেছেন: খুবই আশ্চর্য হলাম আপনার স্মরণশক্তি দেখে , মাশাল্লাহ । প্রতিটি খুঁটিনাটি সব মনে আছে । আমার মনে হয় সূর্য উঠার আগে ওই এলাকা সবাই ছাড়তে পারে না।
পাথর নিক্ষেপ নিয়ে আমার একটা মজার ঘটনা আছে । মনে হলে নিজে নিজেই হাসি । ভাল থাকবেন স্যার ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: আমার স্মরণশক্তি মা শা আল্লাহ, ভালো। তবে অধুনা তা লোপ পেতে শুরু করেছে।
"আমার মনে হয় সূর্য উঠার আগে ওই এলাকা সবাই ছাড়তে পারে না" - আমারও তাই মনে হয়, বিশেষ করে গাড়ির উপর নির্ভর করে বসে থাকলে। শেষ মুহূর্তে তাড়াহুড়োর কারণে একটা জটলার সৃষ্টি তো হয়ই।
আপনার মজার ঘটনাটা এখানে শেয়ার করলেই পারতেন। আমরাও না হয় একটু হাসতাম!
৬|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: বাহ!!!
আমি হজ্বে যাবো নিশ্চয়ই একদিন। সেসব অভিজ্ঞতা নিশ্চয়ই লিখিব।
আমার ভাগ্য খারাপ। আমি সৌদি গিয়েছিলাম। কিন্তু আমার হজ্ব করা হয়নি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩
খায়রুল আহসান বলেছেন: বেশ তো!
৭|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫১
নীল-দর্পণ বলেছেন: প্রতিটি পর্ব প্রতিটি লেখাই আপনি খুব যত্ন করে লিখেন কিন্তু এই পর্বে মনে হল আরো বেশি যত্নের ছোঁয়া ছিল, পড়তে পড়তে মনে হল চোখের সামনে যেন সব দেখতে পাচ্ছিলাম।
আপনার হজ্জ সিরিজ যত পড়ি ততই যাওয়ার তৃষ্ণা বাড়ছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি পড়ে মন্তব্য রেখে যাবার জন্য।
এখন থেকেই একটু একটু করে প্রস্তুতি নিতে থাকুন। আপনার জন্য যে সময়টা শ্রেষ্ঠ বলে আল্লাহতা'লা বিবেচনা করবেন, ইন শা আল্লাহ ঠিক সে সময়েই তিনি আপনার মনের ইচ্ছেটা পূরণের সুব্যবস্থা করে দিবেন।
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯
কালো যাদুকর বলেছেন: ২১ সালে যখন করোনার পরে হজে গেলাম, আরাফfতে আমাদের যোহরের নামাজের পরে একজন এরাবিয়ান ব্রিটিশ শেখ একটি লেকচার দিচ্ছিলেন। পরে শুনেছি ওই ভদ্রলোক ইউরোপর এক ইসলামি গ্রুপের নেতা । যাই হোক উনি সবাইকে বলছেন কোথা থেকে বা কিভাবে পাথর সংগ্রহ করতে হবে, কতটি লাগবে ইত্যাদি ।
তাঁর প্রশ্ন - আচ্ছা বলুনতো কয়টি পাথর লাগবে ?
কেউ হাত তুলে বলল ৪৯ বা কেউ বলল ৭০।
এরপর আলোচনা করলেন কোন সাইজের কিরকম পাথর নিতে হবে।
এরপর বললেন ওনার অভিজ্ঞতার কথা । আগে যত বার লন্ডন থেকে দল নিয়ে আসতেন সেখানে বিভিন্ন বর্ণ , ভাষার মানুষ থাকত। তাদের যখন পাথর আনতে বলা হতো, বরাবরই দেখা যেত পাথরের সাইজ যারা পাথর সংগ্রহ করতো তাদের সমানুপাতিক। যেমন নাইজেরিয়ান্ররা আনতো ফুটবল সাইজের পাথর । ওনার লেকচারের এইখানে সবাই হাসতে শুরু করলো । আমার আসে পাশের আফ্রিকান হাজিরা গা দুলিয়ে হাসতে লাগলেন। ওইখানে বাঙ্গালি আমি, আর কয়েকজন ছিলাম। আমরা মুখ শুকনা করে ভাবছিলাম , ওরকম একটা পাঁথর মাথায় পরলে, আরব দেশেই শেষ সমাধি হবে।
বক্তিতার এই পর্যায়ে ওই ভদ্রলোক যে কথা বললেন সেটা শুনে বাংলালি জাতি হিসেবে একটু দমে গেলাম। ভদ্রলোক বলেলেন যে, তাঁর গ্রুপের সব থেকে ছোট, যেটা খালি চোখে দেখা যায় না বললেই চলে, সেই সাইজের পাথর একমাত্র বাংলাদেশের হাজিরা খুঁজে আনে । এই কথা শুনে মজলিশে আরেকবার হাসির রোল বয়ে গেল ।
নামটি ভুলে গেছি । উনি একজন বিখ্যাত বক্তা পরে জেনেছি । উনি পাথরের একটি তুলনা মূলক আলোচনা করে, আমাদের বোঝাতে চেষ্টা করছিলেন কোন পাথরের সাইজটি সঠিক ।
আমরা স্মৃতিতে এই ঘটনাটি একটি হিউমার হয়ে রয়ে গেল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনার স্মৃতি থেকে চমৎকার এ হিউমারটি শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। পাথরের সাইজ বেশি ছোট হলে হাত বদলের সময় বা বোতল থেকে বের করতে হলে অনেক সময় তা হাত গলে নিচে পড়ে যায়। সেটা তুলতে গেলে মহাবিপদ! এজন্য একটু বেশি সংখ্যায় পাথর সংগ্রহ করে রাখা ভালো।
৯|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫
মনিরা সুলতানা বলেছেন: এই পর্ব থেকে আপনার জীবনের এই মহামূল্যবান স্মৃতি পড়া শুরু করলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, জাতীয় নির্বাচনী এলাকা নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসন থেকে আপনার স্বামী জনাব ফজলে হুদা বাবুল বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আপনাদের উভয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে গত প্রায় মাস তিনেক ধরে আপনাদের নিরলস পরিশ্রম এবং অত্যন্ত সুশৃঙ্খল, সুপরিচালিত নির্বাচনী প্রচারণা সম্পর্কে আমি অবগত আছি। বিশেষ করে স্বামীর বিজয়ের লক্ষ্যে আপনার পরিশ্রমী ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিক্রমপুরের মেয়ে হয়ে বদলগাছি ও মহাদেবপুরের বাড়ি বাড়ি গিয়ে জনমানুষের আঙিনায় বসে কখনো স্বামীর সাথে, আবার কখনো একেলাই অন্যান্য নারীদের সাথে নিয়ে ভোটারদের সাথে আপনার/আপনাদের আন্তরিক আলাপচারিতা দেখে/শুনে আমি মুগ্ধ হয়েছি। সৎ নিয়তে পরিশ্রম করলে তা কখনো বৃথা যায় না, আপনাদের বিজয় সেটাই প্রমাণ করেছে।
তিন মাস এত খাটুনির পর অভীষ্ট লক্ষ্য অর্জন করেই আবার ব্লগে এত দ্রুত ফিরে এসেছেন দেখে খুব ভাল লাগল। জানি, এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়বেন। তথাপি, সময় করে নোটস লিখে রাখবেন। যথাসময়ে সম্ভব না হলেও বাড়ি ফিরে এসে তা করবেন। নির্বাচনী প্রচারনার টুকিটাকি নিয়ে কিছু লেখা ব্লগে দেখতে চাই। আবার সাফল্যের পর নতুন জীবনের অভিজ্ঞতা নিয়েও কিছু লেখা দেখতে চাই।
পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতিকথা নিয়ে লিখিত আমার এ সিরিজটা পড়া শুরু করলেন জেনে প্রীত ও প্রাণিত হ'লাম। লেখায় আপনার পরিপূর্ণ মনোযোগ পাওয়াটা এ সময়ে কঠিন হবে জেনেও প্রত্যাশা থাকবে, পাঠ শেষে প্রাসঙ্গিক একটি মন্তব্য রেখে যাবেন।
আগামীর পথে শুভকামনা....
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুবই সুন্দর স্মৃতিচারণ, ভাইয়া।
আমার উমরাহ-এঁর কথা মনে করিয়ে দিলো। ২০২৪ সালের ডিসেম্বরের ২৮ তারিখ সিদ্ধান্ত নিয়েছিলাম, ওইবারের নিউ ইয়ার উদযাপন আল্লাহর ঘরে করবো। ১ দিনের নোটিশে অবশেষে ৩১ ডিসেম্বর সপরিবারে মক্কায় উমরাহ পালন করতে সক্ষম হই! আলহামদুলিল্লাহ। ১ তারিখে নতুন দিনে মক্কার অলিতে-গলিতে পদাচারনা শুরু হয়।
আবার কবে যে যেতে পারবো!