| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

প্রিয় পিলখানা…
‘পিলখানা’—শুধু একটি স্থানের নাম নয়; ২০০৩ সাল কিংবা তার পরবর্তী সময়ে বেড়ে ওঠা একঝাঁক কিশোর-তরুণের কাছে এটি এক অনন্য অনুভূতির নাম। স্বর্ণালী অতীত আর হাজারো স্মৃতির এক সম্মিলিত উপাখ্যানের নাম।
জীবনের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালে যে নামটি হঠাৎ মনের ক্যানভাসে ভেসে ওঠে, সেটি আমার প্রিয় পিলখানা। কৈশোর থেকে তারুণ্যে পা রাখার সেই দুরন্ত সময়ে খেলাধুলা, হাসি-কান্না, আনন্দ-বিষাদে যে দিনগুলো কাটিয়েছি, তার প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছে এই প্রিয় আঙিনার মায়া।
পিলখানা আমার কাছে কেবল একটি আবাসস্থল ছিল না। এটি শুধু সীমান্তরক্ষী বাহিনীর কেন্দ্রীয় কার্যালয় ছিল না। পিলখানা ছিল আমার বেড়ে ওঠার এক আপন ভূবন, আমার স্বপ্ন দেখার প্রথম ঠিকানা। এখানকার প্রতিটি রাস্তা, গাছ, খেলার মাঠ, প্রতিটি মোড় যেন আমার জীবনের একেকটি গল্পের নীরব সাক্ষী। এই পিলখানার কোথাও ছড়িয়ে আছে ক্রিকেট-ফুটবল খেলার উত্তেজনা, বিকেলের আড্ডা, আবার কোথাও লেগে আছে প্রথম ভালো লাগার নিঃশব্দ অনুভূতি।
পিলখানা ছিল আমার প্রথম প্রেমের প্রথম সকাল। আমার জীবন ক্যালেন্ডারের এক অমলিন ভোর। জীবনের অনেক কিছুই হয়তো আজ স্মৃতির অতলে হারিয়ে গেছে, কিন্তু সেই দিনগুলোর উচ্ছ্বাস, সেই সময়ের সরলতা আর নির্মল আনন্দ আজও মনের গভীরে জাগরুক। পিলখানা মানেই সবুজের অবাধ সমারোহ, নিখাদ বন্ধুত্বের হাজারো ফ্ল্যাশব্যাক রিলস।
সময়ের নির্মম বাস্তবতায় একদিন পিলখানার সীমানা ছেড়ে চলে এসেছি। পড়াশোনার জন্য, কর্মজীবনের তাগিদে, জীবনের নতুন ঠিকানা খুঁজতে ছড়িয়ে পড়েছি দেশের নানা প্রান্তে। এই জীবনে পেশা বদলেছে, পরিচয় বদলেছে। বাইনারি হারে বেড়েছে জীবনের ব্যস্ততা। কিন্তু সব পরিচয়ের আড়ালে আমার একটি অভিন্ন পরিচয় আজও অটুট—আমি পিলখানার সন্তান।
প্রকৃতির নিয়মে যেমন প্রতিটি শীতের পর নতুন বসন্ত আসে, গাছে গাছে নতুন পাতা গজায়, পাখিরা নতুন সুরে গান গায়, তেমনি করে নতুন প্রজন্মের পদচারণায় বারবার প্রাণ ফিরে পাবে চিরচেনা এই পিলখানা। নতুন সীমান্ত পরিবারের শিশুরা এখানে বড় হবে, কিশোরেরা স্বপ্ন দেখবে, তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করবে। তারাও হয়তো একদিন জীবনের প্রয়োজনে এই প্রাঙ্গণ ছেড়ে দূরে চলে যাবে, কিন্তু তাদের হৃদয়ের গভীরেও জন্ম নেবে এমনই এক বর্ণিল স্মৃতিগাথা।
পদ্মা, মেঘনা, যমুনায় যতদিন স্রোত বহমান থাকবে, যতদিন বাংলার আকাশে সূর্য উঠবে,
ততদিন আমার হৃদয়ের গভীরে পিলখানা বেঁচে থাকবে এক উজ্জ্বল স্মৃতিসৌধ হয়ে,
আমার ফেলে আসা কৈশোরে এক টুকরো স্বর্গ হয়ে,
আমার আবেগ, ভালোবাসা ও গৌরবের এক চিরন্তন বাতিঘর হয়ে…
©somewhere in net ltd.