| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূকতাদির সাকিন
লিখার চেয়ে লিখা পড়তেই বেশী ভালো লাগে ।
এক বন্ধুকে উপহার দেব বলে একটা বই কিনেছিলাম।
তার সঙ্গে দেখা হয়নি অনেকদিন।
সে-বই দেওয়াও হয়নি আর।
আমার বইয়ের এলোমেলো ভাঁড়ারে কোথায়-যে লুকিয়েছে সে-বই।
কী বলব,আমি এরকম।
নারীর সঙ্গেও এরকম ঘটেছে আমার।
ভাল-লাগার কথা,
বলব-বলব করেও বলা হয়নি।
তারপর যখন হারিয়েছি তাকে,
বেদনায়-যন্ত্রণায় পরিপ্লুত হয়ে গেছি।
আমি এরকমই।
উদ্যোগের অভাবে অনেক-কিছুই করা হয়নি।
যেমন,আকাশ থেকে আঁকশি দিয়ে আমি তারা পেড়ে আনতে পারতাম।
বাতাসের মধ্য দিয়ে সাঁৎরে-ফেরা মাছ ধরতে পারতাম।
এক লক্ষ মাইল দূরে বল ছুড়ে ফরিয়ে আনতে পারতাম।
এমন রাত্রি তৈরি করতে পারতাম,যার ভোর হবে না কখনো।
নামাতে পারতাম এমন বৃষ্টি, যা দিয়ে মসলিন-শাড়ি বানানো যায়।
আজ মনে হয় ;
আমি নারীর চেয়ে নারীকে না-পাওয়াকেই বেশি ভালোবেসেছিলাম।
প্রাপ্তির চেয়ে আমি হারানোকে ভালবেসেছিলাম বেশি।
বাস্তবের চেয়ে স্বপ্নকল্পনাকে।
তাই অন্যদের সঙ্গে মেলে না আমার।
তাই আমি কারো মতন হতে পারলাম না।
এমনকি নিজের মতন হওয়ার জন্যেও কোনো চেষ্টা নেই।
হয়তো আমি একটা নদীর মতন-
যে কেবল ভেসে যায়।
হয়তো পাখির মতন-
যে কেবল শূন্যে ডানা মেলে দ্যায়।
হয়তো ফুলের মতন-
যে কেবল ফুটে উঠতে জানে।
আমার কেবল ভেসে যাওয়া-
কেবল ফুটে ওঠা।
এরকমই আমি।
©somewhere in net ltd.