| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
আজকে স্রেফ একা ছিলাম....
সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ নেই, একজনও না।
তাড়াতাড়ি লগইন করলাম। মনে মনে ভাবলাম, অন্তত একজন থাকুক, শূন্যটা না-ই থাকুক। এই ঘরে "১" লেখা দেখলে তবু মনে হয় একজন আছে। নিজের লগইনেই সংখ্যাটা এক হলো, কিন্তু তাতে ঘরটা ভরল না। মনে পূর্ণ তৃপ্তি এল না।
এমনটা আসলে এখন প্রায়ই হয়। অনিচ্ছা সত্ত্বেও এই দৃশ্য কদাচিত দৃষ্টিগোচর হয়। আর প্রতিবারই বুকের ভেতরটা হুহু করে ওঠে।
আহ্, কী জমজমাট ছিল এই ব্লগ-প্রাঙ্গণ! একসময় লেখা আসত একের পর এক, মন্তব্যে মন্তব্যে আড্ডা জমে উঠতো। কে কী লিখল দেখার জন্য মন ছটফট করত, রাত-দিন একাকার হয়ে যেত ব্লগের মায়ায়, প্রিয় অনেক ব্লগারের নতুন পোস্ট দেখে মুখে হাসি ফুটত। সেই কোলাহল, সেই আন্তরিকতা আজ যেন কোথায় হারিয়ে গেছে। ধীরে ধীরে এক নিঃসীম শূন্যতা এসে ভর করছে এই মায়াময় আঙিনায়।
তবু আশা ছাড়তে ইচ্ছে করে না। যে প্রাঙ্গণ একদিন প্রাণের স্পন্দনে ভরা ছিল, সে আবারও ভরে উঠবে। আবারও পরিনত হবে নতুন পুরাতন ব্লগারদের মিলনমেলায়। হয়তো পুরোনো বন্ধুরা ফিরে আসবেন ধীরে ধীরে, কলম হাতে এসে দাঁড়াবেন নতুনরাও। আবার মন্তব্যে মন্তব্যে আড্ডা জমবে, আবার লেখার আলোয় ঝলমল করবে সময়ের এই বাতিঘর।
সেই প্রত্যাশাতেই আজও আসি, আজও লগইন করি। এই শূন্যতা কাটুক, এই মায়াময় পরিবেশ আবারও প্রাণের স্পন্দনে মুখরিত হোক...
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সাইলেন্স ইজ গোল্ডেন