নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

রইসুদ্দিনের দিনলিপি (সাইকোলজিক্যাল থ্রিলার গল্প)

১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪২


“একদম মাইরা ফালামু!” রইস চিৎকার করে বললো এক ভিক্ষুককে। এক পা নেই। মাঝবয়সী ভিক্ষুক। একগুয়ের মতো রইসের কাছে টাকা চাইছিল। ধৈর্যের বাধ ভাঙ্গলে রইস হুংকার দিয়ে উঠলো। সেই হুংকারে ভিক্ষুকটি ভয়ে দূরে চলে গেল।
অবশ্য রইস অপেক্ষাই করছে একজনকে খুন করার জন্য।

স্টেশনে বসে থেকে অনেকক্ষণ সন্ধ্যার আকাশ দেখলো রইস। এর মধ্যে বাংলাবান্ধা, কুড়িগ্রাম আর রূপসা এক্সপ্রেস ট্রেনগুলো চলে গেল। রইসের কখনো এভাবে আকাশ দেখা লাগে নি। সময় কাটছিল না। রাস্তায় বিদ্যুতের তারে যখন হাজার হাজার চরুই পাখিরা এসে বসে কিচিরমিচির শুরু করলো তখন ওর মনে হল, সময়টা ভাল কাটছে। সূর্যটা আজকাল খুব দ্রুত ডুবে যায়। ডুবে যাবার আগে পশ্চিম আকাশটাকে প্রথমে হলুদ, তারপর কমলা, এরপর লাল করে দিয়ে যায়। রইস আগে এতো মুগ্ধতা নিয়ে এরকম সন্ধ্যার আকাশ দেখে নি। এর মধ্যে শত সহস্র পাখির কোলাহল এই বৈদ্যুতিক তারে, পাশের একটি নিম গাছে— সবমিলিয়ে ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকছিল।

মাগরিবের আজান শুরু হলো স্টেশন জামে মসজিদে। তার তখনই রইসের বাটন ফোনে কল আসলো।
সে রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠ বলে উঠলো, কামডা কিন্তু আজকাই সারতে অইবো। আগাম নেয়া আছে। বুঝছোস?”
“হ বাই।” রইস উত্তর দিলো। সে বসে আছে প্ল্যাটফর্মের যাত্রী ছাউনির একটি পিলারে বসার জায়গায়। একা। আশেপাশে তেমন মানুষ নেই। ট্রেন এসে যেখানে দাঁড়ায়, রইস বসে আছে তারও অনেক দূরে।

সন্ধ্যা সাতটায় চিলাহাটিগামী লোকাল ট্রেন আসবে। সেই ট্রেন থেকে নামবে এক নারী। রইসের কাজ খুবই সামান্য৷ নারীটি তার পরিচিত। মানে গত সাতদিনে সে বেশ কয়েকবার দেখা করে পরিচিত হয়েছে। তাকে সাথে করে নিয়ে যেতে হবে। নওগাঁর বাসস্ট্যান্ডের কাছাকাছি একটা নীরব, অন্ধকার জায়গা আছে৷ সেখানে। এরপর ছিনতাইয়ের মতো করে গলা পেঁচিয়ে মেরে ফেলতে হবে। পুরো প্রক্রিয়াটি এমন হবে যেন দেখে মনে হয় ছিনতাইকারীর কাজ।
আসলে এর পিছনে আছে ঐ নারীর স্বয়ং স্বামী। স্বামী বেচারা নিজে পারছে না, তাই এই ব্যবস্থা।

রইস কিছুক্ষণ আগে বাদাম খেয়েছে। একটু পানি খেলে ভাল লাগতো। আরো আধা ঘন্টা বসে থাকা লাগবে। আজকের কাজটা শেষ হলে সে কিছুদিনের জন্য বিশ্রামে যাবে। তার ছোট মেয়েটার অসুখ৷ খুব জ্বর। বয়স পাঁচ। বাড়ি থেকে বের হবার সময় বলেছে, “বাবা, আমার জন্য আনারস আনবা কিন্তু।” খুব আহ্লাদি মেয়েটা।
রইসের অটোরিক্সা দাঁড়িয়ে আছে অটোর লাইনেই৷ লাইনম্যানকে টাকা দিয়ে রেখেছে। সে সাধারন অটোচালক। খুবই সাধারন মানুষ। জীবনে সুখ-স্বপ্ন বলতে তার মেয়েটিই। তবে এরকম কাজকর্ম পেলে সে না করে না।

স্টেশনে একটা গ্যাঞ্জাম লেগেছে। অনেক মানুষের জটলা। মুহুর্তেই জটলা অনেক বড় হয়ে গেল। এধরনের গ্যাঞ্জামে সাধারন মানুষের আগ্রহ থাকে খুব। রইসের ইচ্ছা হচ্ছিল না ওদিকে যাওয়ার। তবু সে পা বাড়ালো। লুঙ্গির কোচ শক্ত করে নিল। নির্মল বিনোদন থেকে বঞ্চিত হতে চায় না সে।
জটলার কাছাকাছি গিয়ে বুঝলো, একটি মহিলা কণ্ঠের চিৎকার। আর এক পুরুষ লোক খিস্তিখেউড়। ভিড় ঠেলে দেখলো, মেথর শ্রেণির পুরুষটি তার বৌকে জনতার সামনে ইচ্ছামতো লাথি মারছে। বৌটি বারকয়েক ওঠার চেষ্টা করল। কিন্তু স্বামীটির পৌরষত্বের কাছে হেরে গেল। জনতার কেউ এগিয়ে আসছে না। একে নিম্ন বর্নের হিন্দু৷ তার উপর আবার মেথর। রইস কেন, এখানকার সবাই চেনে এদের। সান্তাহারের মেথরপট্টিতে এদের বাস। হরহামেশাই এরা মারামারি কাটাকাটি করেই জীবন কাটায়। আবার একটু পর দেখা যাবে যে জনসম্মুখে ওরা আদর সোহাগ করছে একে অপরকে।

এরমধ্যে ট্রেনটি এসে থামলো।
নারীটির নাম নাজমা বেগম। নওগাঁ কাঞ্চনতলা স্বামীর বাড়ি৷ আত্রাই বাবার বাড়ি থেকে আসছে।
ট্রেন থেকে নামতে রইস এগিয়ে গেল নাজমার দিকে। নারীটি একা, সাথে একটা বড় চটের বস্তা। রইস বুঝলো, তাকে বেশ কষ্ট করতে হবে। এই বস্তা ঘাড়ে নিয়ে অটোস্ট্যান্ড পর্যন্ত যাওয়া যেন তেন কথা না৷ কিন্তু কিছু করার নাই। কিছু পেতে হলে কষ্ট করতে হয়। তার অসুস্থ মেয়েটা আনারসের জন্য অপেক্ষা করে আছে। হয়তো ঘুমিয়ে পড়েছে। কে জানে।
“রইস বাই, বস্তা নিতে পারবেন?” নাজমা জিজ্ঞেস করল।
রইস এসে কাঁধে তুলে নিলো। বুঝিয়ে দিল এটা কোন ব্যাপার না। এমনকি একে যখন মাটিতে ফেলে জানটা বের করে নিবে তখনও ব্যাপার কিছু হবে না।

অটোতে নাজমা উঠে বসলো।
সামনের চালক রইসউদ্দিনকে তার স্বামী পাঠিয়েছে। কারণটা সে জানে। আজকে তার শেষ দিন। এই রইসকে দিয়েই সে নিজের স্ত্রীকে হত্যা করতে চায়।
“তরে বাঁচায় রাখুম না রে নাজমা!” বলেছিল সাজু মিয়া। নাজমার স্বামী। চালের আড়ৎ আছে। বিশাল আড়ৎ, মাসে লাখ টাকার উপর ইনকাম। শ্বশুরের থেকে পেয়েছে। কিন্তু সে তার বৌকে ঘৃণা করে। কারণ একটাই। এই বৌ অলক্ষুণে। তার মধ্যে পিশাচিনী বাস করে। রাত হলে সে একা বাড়ি থেকে বের হয়। কোন এক অশুভ শক্তি ভর করে। নাজমা বেগম আর নাজমা থাকে না। বিয়ের কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে। একরাতে সাজু মিয়া গভীর ঘুমে ছিল। হঠাৎ জেগে দেখে বৌটা পাশে নেই। বিছানা ছেড়ে উঠেছে। দরজা খুলছে।
সে জিজ্ঞেস করে, “বৌ, কই যাও এতো রাইতে?”
নাজমা জবাব দিলো না। সে যেন কিছু শুনতে পায় নি। সে দরজা খুলে বাইরে বের হয়।
সাজু মিয়া দেখলো, সে অন্ধকারে হাটছে, লাইট জ্বালাচ্ছে না। বারান্দায় গেল। সাজুও পিছন পিছন গেল। “বৌ?”
নাজমার যেন কোন ভাবান্তর নেই। সে হাঁটছে। আপনমনে হাঁটছে। সাজুর দিকে ঘুরতেই সাজু খেয়াল করলো, বৌটি তার দিকে মুখ করা থাকলেও, ঠিক তাকে দেখছে না। যেন অন্য কিছু দেখছে। সে হাঁটতে হাঁটতে আবার ঘরে প্রবেশ করে শুয়ে পড়লো।
বেশ কয়েক রাত এমন হবার পর সাজু মিয়া নাজমাকে অনেকবার জিজ্ঞেস করেছে। এভাবে হাঁটে কেন? কিন্তু নাজমার কিছুই মনে নেই।
ধীরে ধীরে সাজু মিয়ার বদ্ধমূল ধারনা হয় এই মহিলা তাকে মেরে ফেলবে। যেকোন দিন মেরে ফেলবে। পাঁচ বছর সংসার করেছে এই ভয় নিয়ে। আর না। তাই সে ঠিক করেছে, ভাড়াটে খুনি দিয়ে নাজমাকে খুন করাবে।
পরিকল্পনাটা ভাল।
নাজমা সব জানে। কী করে জানে সে?
নাজমা নিজেও জানে না।

গতকাল রাতে সে যখন ঘুমের ঘোরে ছিল। বাবার বাড়িতে। হঠাৎ বুঝতে পারলো, সে শুয়ে নেই। সে হাটছে। হেঁটে হেঁটে পাশের বাশবাগানে চলে যাচ্ছে। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ। সে চাঁদের আলো বাঁশের ফাঁক গলে এসে পড়েছে মেঠোপথে। ওর ঠিক সামনেই দেখলো ছোট্ট এক মেয়ে। ফ্রক পরা। কাঁপছে। বেশ ভয়ে ভয়ে কাঁপছে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, “এই মাইয়া! এত রাইতে বাঁশঝাড়ে কী?”
মেয়েটি কথা বলে না। তার চোখ দিয়ে পানি ঝড়ছে টপটপ করে। মেয়েটার গায়ে জ্বর? নাজমা বেগম বুঝতে পারে না৷ একে তো মনে হচ্ছে, সে স্বপ্ন দেখছে। তার মধ্যে এমন কান্ড।
“বাজান আপনারে মাইরা ফেলবো!”
নাজমা অবাক হয়। বলে কি এই মেয়ে? ওর বাজান? কেন মারবে?
“কাইল বাজান আপনারে নিতে যাইবো!” মেয়েটা ভীতসন্ত্রস্ত হয়ে বলে। “আপনার গলায় ফাঁস দিবো।” বলে সে দৌঁড় দেয়। বাঁশবাগানে প্রচুর শুকনা পাতা। মেয়েটির দৌঁড়ানির সময়, কোন শব্দ হয় না। একটা পাতাও যেন নড়ছে না। তারপর কোথায় হারিয়ে যায় সে।

“রইস ভাই। তোমার মাইয়াডার অসুখ কমে নাই?” নাজমা জিজ্ঞেস করে।
“না আপা।” রইস নির্বিকার উত্তর দেয়। অটো চলছে, ধীরে।
নাজমা রইসকে চমকাতে পারে নি বোধহয়। সে এবার বলে, “বস্তায় কিন্তু আনারস আছে। তোমার মাইডার জন্য দুইটা নিও সেইখান থাইকা।” বলে সে হেসে দেয়।
এবার রইস অবাক হয়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না৷ এটা কী করে সম্ভব? নাজমা বেগমের জানার কথা না এসব। রইস একটু ভয়ও পেতে শুরু করে।
“রইস ভাই। গলায় ফাঁস দিয়া মানুষ মারায় কী খুব সুখ?”

রইসের হাত কাঁপছে। শীতে? তেমন শীত তো পড়ে নি। শিরশিরে বাতাস এসে গায়ে লাগছে। পুরো রাস্তাজুড়ে স্ট্রীটলাইটের আলো। কিন্তু রইস সে আলোতে ঝাপসা দেখছে। এমনটা আগে কখনো হয় নি। গতবছর এক লোককে সে রানীনগরের রাস্তার ধারে শুইয়ে দিয়েছিল। ধারালো চাকু দিয়ে এলোপাথারি কুপিয়েছে। লোকটি চিৎকার চেঁচামেচি করবে কি, যেন কোন অনুভূতি নেই। সাদা পাথরের মূর্তির মতো পড়ে ছিল লোকটার শরীর। মরার আগে বলেছিল, “আমার ব্যাগটা কই আমার ব্যাগটা কই?”

রইসের এসব অদ্ভুত লাগে নি। আজ কেন জানি সব অদ্ভুতুরে লাগছে। নাজমা বেগম সম্পর্কে যতটুকু জানে, এই মহিলার মাথায় সমস্যা আছে। সাজু মিয়া একদিন ডেকে বলল, “এর লগে আর না! ডিভোর্স দিলে ওর সম্পত্তি পামু না। অন্য ব্যবস্থা নিতে অইবো।”
রইস জিজ্ঞেস করেছিল, “চালের আড়ৎ কি নাজমা বেগমের?”
সাজু মিয়া জবাব দেয় নাই। উল্টা বলেছিল, “তুমি এতো কথা কও ক্যান? তোমার সেক্রেটারির লগে সব ফাইনাল হইচে। কামডা সারবা তুমি।”

এই কাম সারার দিন আজ। দিন না রাত। নওগাঁ বাসস্ট্যান্ডের আগে মনু মিয়ার গাড়ির গ্যারেজ। সারাবছর বন্ধ থাকে। আজও বন্ধ। ঐ গ্যারেজের পিছনটা বেশ অন্ধকার। কোথা থেকে যেন প্রচুর কলাগাছ হয়েছে। রইসের পরিকল্পনা সেখানেই কাজটা শেষ করার। কিন্তু পথ তো ফুরোচ্ছে না!

“রইস বাই! গাড়ি আস্তে যায় ক্যান?” নাজমা বেগম পাথর-কন্ঠে জিজ্ঞেস করে। “জোরে যাও। আকাশে মেঘ জমতাছে। আবহাওয়া ভালা না।”

রইস জোরে চালানোর চেষ্টা করে। ব্যাটারি কি কমে এলো নাকি?
“তোমার মাইডাডা মাশাল্লাহ।” নাজমা একটু জোর গলায় বলে। “আমার পছন্দ হইছে। এমন একটা মাইয়া আমারও থাকতে পারতো। বুঝলা? কিন্তু ঐ হারামী সব দোষ আমারে দেয়। সমস্যা নাকি তার না। সমস্যা আমার!”
রইসের কথাগুলো কি মাথায় ঢুকছে? সে আছে অন্য চিন্তায়। তার মেয়ের খবর এই মহিলা জানলো কিভাবে? এই রহস্য সে সমাধান করতে পারে না। রহস্য সমাধান না হলে মানুষ দ্বিধান্বিত হয়। তখন সে উলটা পালটা কাজ করে। রইস খুবই দ্বিধার মধ্যে আছে। ইচ্ছা হচ্ছে অটো থেকে নেমে দৌঁড় দেয়। দৌঁড়ে পালিয়ে যায় কোথাও। এই মহিলা আসলেই পিশাচ!

“আপার শরীলডা ভাল?” সে জিজ্ঞেস করে?
“ঐ মিয়া! কী জিগাও এইডা?” নাজমা রেগে ওঠে একটু।
“ভুল হইয়া গেছে। তয় একটা কতা। আপনে আমার মেয়েরে চিনেন কেমনে?”
“চিনবো না কেন? গত রাতেও সে আসছিল আমার কাছে!”
রইস এবার আতংকিত হয়। এই মহিলার যে মাথা খারাপ এবার সে শতভাব নিশ্চিত।

মনু মিয়ার গ্যারেজের কাছে অটো যখন থামলো, নাজমা অবাক হল না। সে সহজভাবে থাকলো।
রইস অটো থেকে নেমে বলল, “আপা একটু নামেন দেখি।”
নাজমা কিছু না বলে অটো থেকে নামলো। রইস এসব কাজে পেশাদার। না নামলেও জোর করে নামাতো।
রইস এসে দ্রুত নাজমার হাতটা ধরল। আশেপাশে মানুষ জন নেই। একটা দুটো অটো হাইওয়ে দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে বাসও যাচ্ছে।
নাজমা কোন শব্দ করল না। রইসের হাতে চকচকে একটা ধারালো ছুরি। সে ভয় পেল না। রইসকে অনুসরন করল।
রইস হাত ধরে নাজমাকে টেনে গ্যারেজের পিছনে কলাগাছগুলোর কাছে নিয়ে যাচ্ছে। সময় খুব কম। উত্তেজনায় সে বুঝতে পারল না নাজমার হাত গরম। যেন জ্বর এসেছে।

রইস গলার গামছাটা নামিয়ে নিল হাতে। নাজমার গলায় এক ঝটকায় পড়িয়ে তাকে কোরবানির গরুর মতো মাটিতে শুয়ানোর চেষ্টা করল। অবাক ব্যাপার, তার তেমন পরিশ্রম হল না। নাজমা যেন শুয়ে পড়ার জন্যই তৈরি ছিল।
এবার সে গলায় গামছাটা দুহাতে টানা শুরু করলো। শ্বাসরোধ করার চেষ্টা। নাজমা যেন কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। যেন মৃত এক শরীর।
তখন রইসের মনে হল, নাজমার মুখটা অবিকল তার মেয়ের মতো। চোখ দিয়ে টপটপ পানি পড়ছে। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে।
শ্বাসরোধ অবস্থায় নাজমা রইসের মেয়ের কণ্ঠে বলল, “বাজান, আনারস আনছো?”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.