| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদনান শাহ্িরয়ার
বেঁচে থাকার চেষ্টায় ব্যস্ত আছি.......
এই যে তুমি,
যখন এই চিঠি পড়ছ তখন আমি আর নেই , বাসা থেকে বেরিয়ে পরেছি । কি হাসছ ?? ভাবছ, বাবার কাছে গেছি রাগ কমলেই চলে আসবো?? ভুল ভেবেছ । এইবার আসলেই যাচ্ছি এবং মোটেও বাবার বাসায় যাচ্ছি না । এখনও বিশ্বাস হচ্ছে না?? এই দেখ যেনও তুমি আমাকে খুঁজে না পাও সেই জন্য মোবাইল অফ করে রেখেছি । ফোন দিয়েছ?? বিশ্বাস হয়েছে??
এখন যদি বিশ্বাস নাও হয় কাল সকালে ঘুম থেকে উঠে যখন হাত বাড়িয়ে আমাকে খুঁজে পাবে না তখন ঠিকই বিশ্বাস করবে । যখন গোসলে ঢুকে তোয়ালে তোয়ালে বলে চিৎকার দিবে তখন বুঝবে আমি নেই । তারপর রান্না ঘরে ঢুকে খাবার খুঁজবে, তখন বুঝবে আমার অভাব । অফিসে বসে বারবার মোবাইল দেখবে, কিন্তু দেখবে একবারও ফোন আসেনি আমার, কোনও এসএমএস নেই, কোনও কারন ছাড়াই অপেক্ষা করবে আমি অন্যবারের মতো নিশ্চয়ই অফিসে এসে চমকে দিবো । কিন্তু তবুও যখন আসবো না , হোটেলে বসে নাক কুঁচকে যাবে তখন মনে হবে আমার রান্না রাকিব সাহেবের বউ এর তুলনায় কত চমৎকার । অফিস থেকে ফেরার পর তোমার শার্টে কেউ যখন মুখ ঘসবে না, জানবে আমি আসলে পাশের বাসার ভাবির চেয়ে অনেক কেয়ারফুল । সন্ধ্যায় রিমোট নিয়ে কাড়াকাড়ি করার কেউ থাকবে না তখন তোমার খবরের চ্যানেলগুলো কি বিরক্তিকরই না লাগবে । আর বিছানায় শুয়ে যখন এপাশ ওপাশ করবে , অনেক রাতেও যখন ঘুম আসবে না, তোমার মতে আমার “ন্যাকা ন্যাকা” কথা শোনার জন্য ছটফট করবে তখন অনুভব করবে তোমাকে আমার মতো কেউ ভালবাসে না, এমনকি তোমার ওই কাল্পনিক বান্ধবী, যার কথা বলে আমাকে খেপাতে চাও, সেও না ।
কি মুখ গোমড়া হয়ে গেছে ?? ভাবছ আমি বেশি বেশি করছি ?? জি না সাহেব মোটেও বেশি বেশি বলছি না । তুমি আমাকে যা বলেছ তার তুলনায় আমি কিছুই করছি না । আমি কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এমন কথা বলবে! নাহয় আমি নিরু ভাবীর শাড়ির চেয়ে দামি শাড়িই চেয়েছি আর তুমি কিনা আমাকে বললে, আমি তোমাকে চাপ দেই তোমার উপরে জুলুম করি!!! এই যে তুমি বাসায় এসেই কাপড় চোপড় যেখানে সেখানে ফেলে দাও, ঘর বাড়ি নোংরা করে একাকার করো, কোনোদিন রাঁধতে কোনও ভুল হলে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলো, আমি কোনোদিন বলেছি তুমি আমার উপরে জুলুম করো?? কি করবো আমি যদি নিরু ভাবি এসে তার বরের গরম দেখায় ?? আমার কি ইচ্ছে করে না আমিও তোমার গরম তাকে দেখাই?? তোমাকে নিয়ে অহংকার করবো বলেই না শাড়িটা চেয়েছিলাম । তুমি তো বুঝলেই না , উল্টো বললে, গেট লস্ট ! ঠিক আছে আমি লস্টই হচ্ছি , দেখি তুমি কিভাবে আমাকে পাও!
জানি এখন তোমার মন খারাপ । ভাবছ কিভাবে আমাকে সরি বলবে ! কিন্তু এবার সরিতে কাজ হবে না । আর প্রতিবার অভিমান ভাঙ্গানোর জন্য যেসব উল্টা পাল্টা কাজ করো তাতেও আমার মন গলবে না । এবার সত্যিই আমি যাচ্ছি নির্বাসনে । অনেকদূরে থাকবো আর দূর থেকে দেখবো কে তোমাকে জুলুম করে । চললাম । যাওয়ার আগে একটাই অনুরোধ আমাকে খুঁজবে না । কোনও লাভ নেই তাতে !
ইতি
আমি এখন তোমার নই
পুনশ্চ ঃ আমাকে যদি রুবিদের বাসায় না পাও তাহলে বুঝবে আমি নির্বাসন ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছি ।
©somewhere in net ltd.