| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-১৪
ঐক্যবদ্ধ ও সমন্বিত কর্মপ্রয়াস
.
গুরুত্বপূর্ণ আরো যে বিষয়টির অভাব রয়েছে ইসলামপন্থীদের তা হচ্ছে, ইসলামপন্থীদের ঐক্য এবং সেই ঐক্যের ভিত্তিতে সমন্বিত কর্মপ্রয়াস। আমি বলছি না সব ইসলামপন্থী দল কিংবা সব নেতকর্মী ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাদের সব কর্মকাণ্ড এক ও অভিন্ন হবে। তাদের সকলের মত ও মতাদর্শ এক হয়ে যাবে। এটা সম্ভবও নয়, প্রয়োজনও নেই। হাঁ, মতভেদ মতাদর্শের বৈচিত্র ও ভিন্নতা বজায় রেখেও যে ঐক্য সম্ভব, সেই ঐক্যের কথাই বলছি।
.
একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোধগম্য করার চেষ্টা করা যায়। মনে করুন দশ সদস্যের একটি পরিবার। দশজন মানুষের মধ্যে তাদের রুচি, খাবার, কাজ, শিক্ষা, শ্রদ্ধা, মমতা, মত ও আদর্শ সবকিছুতেই ব্যবধান ও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই পরিবারের একটা পারিবারিক শত্রু আছে, যারা সর্বদা তাদের ধ্বংস কামনা করে এবং সুযোগ পেলেই সে চেষ্টা করে। আবার এই পরিবারের সবাইও চায়, নিজেদের শত্রুকে শেষ করতে, এজন্য তারা ভিন্ন ভিন্ন কিছু চেষ্টাও করে।
.
এখন তারা যদি তাদের এই পছন্দ-অপছন্দ, রুচিবোধ ও যোগ্যতার ভিন্নতাগুলোকে সর্বদা জাগিয়ে রাখে, সুযোগ পেলেই এসবের আলোচনা উস্কে দেয়, এগুলোর কারণে পরস্পর বিরোধে লিপ্ত থাকে, পরস্পর কাদা ছোড়াছুড়ি করে, কারো সঙ্গে কারো ইতিবাচক যোগাযোগ না থাকে, সকলের কাজ ও জীবনের ন্যূনতম সমন্বয় না থাকে, সবাই আলাদা রান্না করে, শত্রু এক ভাইকে আঘাত করলে অপর ভাই খুশি প্রকাশ করে, সুযোগ পেলে শত্রুকে সহযোগিতা করে, তাহলে এই পরিবারের ধ্বংস যে অনিবার্য তা বলার অপেক্ষা রাখে না।
শত্রুর উপর তাদের ন্যূনতম কোনো প্রভাব থাকবে না। এরা কখনোই শত্রুর বিরুদ্ধে সফল হতে পারবে না, শত্রুকে শেষ করতে পারবে না। বাস্তবতার দিকে সামান্য দৃষ্টি দিলেই বুঝবেন, বিশ্বে এবং বাংলাদেশেও মুসলিম উম্মাহর অবস্থা ঠিক এই পরিবারটির মতোই হুবহু, এর থেকে ব্যতিক্রম কিছু ঘটেনি।
.
অথচ এই পরিবারটি যদি নিজেদের পরস্পর পছন্দ-অপছন্দ, যোগ্যতা ও রুচিবোধ ইত্যাদির ভিন্নতাগুলো নিজেদের পরিসরে সীমিত রাখে, নিজেদের যৌথ ফায়দাগুলোর জায়গায় ঐক্যবদ্ধ থাকে এবং সেই ঐক্যের ভিত্তিতে নিজেদের কাজ ও কাজের অগ্রাধিকারের সমন্বয় করে কাজ করে, তাহলে তাদের শক্তি, কাজ, কাজের ফলাফল আগের তুলনায় শতগুণ বেড়ে যাবে, তাদের নিজেদের জীবন অনেক বেশি সুখি ও সমৃদ্ধ হবে এবং তাদের হাতে শত্রু পরাস্ত হতে বাধ্য হবে।
.
মুসলিম উম্মাহ ও মুসলিম জামাত যেখানেই থাকুক তারাও একটি পরিবারের ন্যায়। পৃথিবীর সব জায়গার মতো এদেশেও তাদের এমন অসংখ্য যৌথ স্বার্থ আছে, যেখানে তারা ঐকবদ্ধ হয়ে এক ব্যানারে কাজ করতে পারেন। পরবর্তী পোস্টে আমরা এমন কিছু উদাহরণ তুলে ধরব ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.