| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন:
আমাদের এক ভাই একটি মার্কেটিং রিলেটেড জব করেন। জবে ঢুকার সময় উনি চুক্তি করেছিলেন, যে বিষয়ে মার্কেটিং উনি করেন (ধরুন, ক্যামিকেলের মার্কেটিং) উনি পরে এই রিলেটেড কোন ব্যবসা করতে পারবেন না। কারণ, বেশির ভাগ কর্মচারীই দেখা যায় কিছু দিন জব করে নিজের ব্যবসা শুরু করে দেন।
এখন আমাদের দেশে উনি যেখানে জব করেন, সেই কোম্পানীর ৪০টা কাস্টমার আছে, যেখানে ঐ কোম্পানীর জিনিস লেন-দেন হয়। ভাই এই জব আর করতে চাচ্ছেন না, একটা ব্যবসা করতে চাচ্ছেন। কিন্তু এই চুক্তির কারণে একটু পেরেশানিতে পড়ে গেছেন।
এখন উনি কি এভাবে ব্যবসা করতে পারবেন যে, উনার কোম্পানী যে ৪০ কাস্টমারকে জিনিস সাপ্লাই দেয়, তারা ছাড়া বাকি যে কোম্পানীগুলো আছে, তাদের সাথে ব্যবসা করতে পারবেন? এটা শরয়ী দিক থেকে অনুমোদিত হবে কি না?
নিবেদক
বেলাল হোসাইন, ঢাকা
উত্তর:
بسم الله الرحمن الرحيم
حامدا ومسلما ومصليا
প্রশ্নোক্ত সূরতে কোম্পানীর সাথে যে শর্তে চুক্তি হয়েছে, ‘যে বিষয়ে মার্কেটিং উনি করেন, পরে তিনি এই রিলেটেড কোনো ব্যবসা করতে পারবেন না।’– তা একটি বাতিল শর্ত, যা পালন করা আবশ্যক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
((مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ؟ مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ))
“লোকগুলোর কী হলো যে, তারা এমন সব শর্ত করে, যা আল্লাহর কিতাবে নেই? আল্লাহর কিতাবে নেই এমন যে কোন শর্তই বাতিল; যদিও একশো শর্ত হয়।” -সহীহ্ বুখারী: হাদীস নং ২১৬৮
কাজেই কোম্পানির সাথে যদি তিনি চাকরির মেয়াদের কোনো চুক্তি না করে থাকেন, তাহলে তিনি চাইলে নিয়মমাফিক উক্ত চাকরি ছেড়ে বর্তমান কাজের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যবসাও করতে পারবেন। এমনকি কোম্পানীর উক্ত ৪০ কাস্টমারের সাথেও ব্যবসা করতে পারবেন। অবশ্য তাদের সাথে ব্যবসা করলে যদি ঐ কোম্পানীর ক্ষতি হবে মনে করেন, তাহলে তাদের সঙ্গে ব্যবসা না করা তার মহানুভবতা ও ভদ্রতার পরিচায়ক হবে। এজন্য অবশ্যই আল্লাহর নিকট উত্তম বিনিময় পাবেন ইনশাআল্লাহ। আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদী (হাফিযাহুল্লাহ)
০৫-০৩-২০১৮ ইং
©somewhere in net ltd.