| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম । গত দুই দিন আগেও তাপমাত্রা আজকের থেকে ৬ ডিগ্রী কম ছিল। কনকনে ঝড়ো বাতাস সব যেন ওলোট পালোট করে দিচ্ছিল। ঝরা পাতাগুলো একবার সরে সরে মাঠের এ কোণা থেকে ওই কোণায় উড়ে যায় আবার সেখান থেকে অন্য কোনখানে। ওদের সাথেই বাতাসের খেলা। আজ ১৩ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা। নরম আবহাওয়ায় বাইরে হাঁটতে বেশ ভাল লাগছিল।
ঘরে ফিরে এসে জানালার পাশে বসতেই চোখে পড়লো জানালার কাঁচের ওপারে, ঘন আঁধারের মাঝে, সেই দিগন্ত জুড়ে, মেঘশূন্য আকাশে একটা ঝলমলে চাঁদ । আকাশের ঠিক মাঝ বরাবর সে আলো ছড়াচ্ছে।
ভাবলাম আজ কি পূর্ণিমা?
না, তা তো না।
আজ শুক্লপক্ষের ১৩ তম দিন চলছে। তাই চাঁদের ৯২% থেকে ৯৫% পর্যন্ত আলোকিত দেখাচ্ছে। আর দু’দিন পরেই পূর্ণিমা।
মনে এলো গানের ঐ লাইন দুটো – পূর্ণশশী, ওই ওই, ওই যে দিল আনি/ হেমন্তে কোন বসন্তেরই বাণী।
এই অগ্রাহায়নে চারিদিকে হেমন্তের ছোঁয়া। তাপমাত্রা একটু বাড়লেই এখানে তেমনটা মনে হয়। কিন্তু বসন্তের আগমণ এতো সহসা নয়। অপেক্ষা করছে শীতের কনকনে ঠান্ডা, আর হাঁটু অব্দি বরফের সাথে যুদ্ধ। তারপরও দু’দিন পরের পূর্ণিমার জন্য অপেক্ষা না করে এখনি ধারণ করলাম শুক্লপক্ষের প্রায় –পূর্ণিমা পর্যায়ের চাঁদখানি।
২২/১১/২০২৬
বিকাল ৫:৩৭
©somewhere in net ltd.