| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের সকালে ঘুম থেকে উঠেই স্রষ্টার কাছে প্রার্থনা করে ফেললাম যাতে রাতে বৃষ্টি হয়। সারাদিনের ঈদসুলভ পবিত্রতা নিয়ে, রাতে বৃষ্টির টুপটাপ শব্দ শুনতে শুনতে ঘুমুতে যাবার আনন্দ সম্ভবত অন্যরকম – এই ই আমার আশা। নামায শেষে যথারীতি সালাম পর্ব শেষ হল। যথেষ্ট বড় হবার পরেও সালামি পেয়ে মজা লাগল। তারপর গন্তব্যস্থল যথারীতি বড় খালার বাসা। তুলির ( খালাতো বোন ) সাথে ঈদে দেখা না করলে কি হয় ? ( কিছু কি আঁচ করতে পেরেছেন ? )। তুলির সাথে দেখা হল , কথা হল , হল আর কিছু …। মজা করলাম অন্যান্য কাজিনদের সাথেও । আট বছরের নাদিয়ার( প্রতিবেশী ) সাথে পুঁচকে জারিফের ( খালাতো ভাই ও ৩য় শ্রেণি পড়ুয়া ) প্রেম কাহিনী(?) বিস্মিত করল। তাকে খোঁচানোর মাধ্যমে কতক্ষণ মজা করলাম। আনন্দ আরো বেড়ে গেল যখন শুনলাম রাতে লুডু খেলার আসর বসবে। আমি আবার লুডু খেলায় খুবই পারদর্শী কিনা? গরুর মাংসের Special ভুনাটা খেলাম খুবই আগ্রহ নিয়ে। তারচাইতেও বেশি আগ্রহ নিয়ে, সময় ক্ষেপণ করে হাঁটতে লাগলাম বৃষ্টির শব্দ শোনার জন্য।
কিন্তু , ধুর ছাই ! হতচ্ছাড়া কালো রঙের টয়োটা গাড়িটাই দিলো সব সর্বনাশ করে। বছরের এতো দিন থাকতে ঈদের দিন বিকেলেই আমার মত “বৃষ্টি- প্রেমিক” একটা ছেলেকে এভাবে “Spot dead” করে ফেলে যাওয়ার কোনমানে হয় ?
গত ঈদের ঘটনাটা আপনাদের বলতে ভালই লাগল। এই ঈদেও খুব আনন্দ
পাচ্ছি । অন্তহীন অন্ধকারের সোঁদা মাটির গন্ধের সাথে যুক্ত হয়েছে ঝুম বৃষ্টি।
শেষ পর্যন্ত তাহলে এই ঈদে স্রষ্টা পূরণ করেছেন আমার প্রার্থনাটা!
©somewhere in net ltd.