| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
শেষ বিকেল, আরেকটু পড়েই সূর্যটা চলে যাবে এই শহরের সীমানার বাইরে। আলোটাও যেতো কিন্তু আড়চোখে তাকিয়ে দেখিয়ে দেখলো ল্যাম্পপোস্টের মাথায় বসে আছে একটা পাখি। মাঝে মাঝে নড়ে উঠলেও এটা স্বভাবজাত নয়। ভরদুপুরে ভরাপেটে, চোখে ভাতঘুম নিয়ে মানুষ যেভাবে নড়াচড়া করে সেরকম। পাখিটা বাসায় ফিরে গেলেই সে চলে যাবে এই শহরের বাইরে।
খুঁটিটার নিচে ডাস্টবিনের কাছে পাশের জনসভার বেঁচে যাওয়া খাবার খুঁজছে একটা তরুণ, খালি পেটে তামাকের ধোঁয়া ইদানীং ভালো লাগে না তার। তবুও এই ধোঁয়াটাই তাকে অতিরিক্ত ক্ষুধার হাত থেকে বাঁচায় বলে হাতছাড়া করতে পারে না। বেঁচে থাকতে গেলে কিছু শত্রুকেও সাথে নিয়ে ঘুরতে হয়।
ডাস্টবিনে, তরুণের ঠিক উল্টোপাশে হাতড়ে হাতড়ে ব্যবহৃত কিন্তু অপেক্ষাকৃত ভালো স্যানিটারি ন্যাপকিন খুঁজে বেড়াচ্ছে একটি কিশোরী। অপুষ্টি আর যাই করুক, তার শরীরকে বাড়তে না দিলেও নারীত্বের জায়গা থেকে কোনোরকম ছাড় দেয়নি।
মাথার উপরে বসে ঠোঁট উলটে খি খি করে হাসছে পাখিটি... এই মানুষদের জন্য একটু হাসি হাসাই যায়।
অন্তত যারা নিজেকে মানুষ বলে পরিচয় দেয়...
©somewhere in net ltd.