| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
আকাশমুখো হয়ে থাকা সোলার প্যানেলটির আজকাল নিচের দিকে তাকাতে ইচ্ছে করে। বুকে কালো কালো ভাগগুলোর ঠিক কোনোটাতে হৃদয় রয়েছে আজকাল ঠাওর করে উঠতে পারে না। ধুলোবালির প্রলেপে রাতের আকাশে আজকাল জ্বলা মিটিমিটি তারাদেরকেও দেখতে পারে না সে। অথচ তাদের সাথে যে খুব ভাব তাও নয়।
ট্রাফিক লাইনের উপর জ্বলে থাকা লেড বাতিগুলোর চোখ জ্বলে ইদানীং। শীতের রাতে ধীরে ধীরে নিশ্চুপ হয়ে যায় শহর। আড়চোখে তাকিয়ে থাকে অদূরের সাইনবোর্ডে উড়ন্ত ভঙ্গির পোজ দেওয়া পাখিটার দিকে। মানুষগুলো কী নিষ্ঠুর? পাখিটাকে আটকে রেখেছে কতোদিন! ছাড়েও না।
ওর কি মাটিতে নামতে ইচ্ছে করে না একবারও?
সাঁই করে উড়ে গেলো একটি রাত পোকা। ট্রাফিক সিগন্যালের বিপরীতে। একটু মেজাজ খারাপ হয়ে গেলো ওভার ব্রিজটার। সার্জেন্ট থাকলে ডেকে ধরিয়ে দিত। রাতপোকাগুলোর কি শীত-ঠাণ্ডা বলে কিছু নেই?
ক্রমশ নিচে নেমে আসছে কুয়াশা। সদ্যই বদলি হয়ে এসেছে এই শহরে। মানুষবিহীন এই শহরটা বেশ অদ্ভুত লাগে। যেমন মানুষবিহীন ছিল আগের কর্মস্থল, অদূরের গ্রামটা। কেবল মাঝ আর ভোর রাতে দু’টো ট্রেন বুক চিরে বেরিয়ে যেতো।
হঠাৎ চিৎকারে চমকে ওঠে নির্মানাধীন ফ্লাইওভার। রাত জাগা পাখির ডাক এর আগে কখনো শোনেনি সে! যেনো আজ সন্ধ্যায় প্রথম প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে কাঁদছে সদ্য যুবক হতে চাওয়া বিরহী গোলাপ ফুলটি। কতো মানুষই তাকে দিয়ে নতুন প্রেমের সূচনা করে, কিন্তু তার প্রেম হলো কই?
হাইকোর্টের সামনের রাস্তা মাঝখান বরাবর ভাগ করে মাটি-সার দেওয়া হয়েছে। তাতে লাগানো হচ্ছে কাগজের ফুল গাছ। আর বছর ঘোরার আগেই এতে ফুটবে রঙিন কিন্তু গন্ধবিহীন কাগজের ফুল।
গুটি গুটি পায়ে গাবতলী বাস টার্মিনালের দিকে চলে যাচ্ছে ফুলপোকাদের দল। আসল ফুল মনে করে নকল ফুলের গায়ে বসে ফুল দোকানীর ঠ্যাঙানি খাচ্ছে তারা। শাহবাগ মোড়ে বিক্রি হওয়া ফুলের দোকানেও যেতে পারে না প্রতিদিন। ওই পথে জ্যাম থাকে বড্ড।
এই শহরে গন্ধওয়ালা ফুল লাগাচ্ছে না কেউ। রঙচঙা ফুলেদের ভিড়ে গন্ধওয়ালা ফুল ভুলে যাচ্ছে ক্রমশ। গুটি গুটি পায়ে গাবতলী বাস টার্মিনালের দিকে চলে যাচ্ছে ফুলপোকাদের দল। তাদের প্রতিটি দীর্ঘশ্বাস গুনে রাখছে মহাকাল। আসছে প্রজন্মকে এর জবাব দিতেই হবে।
ইতিহাসের পাতা! তুমি লিখে রেখো এর উত্তর, কেনো আজকের শহরে ফুলপোকারা নেই?
ওদিকে সূর্যটাও ক্রমশ ঢেকে গেছে দালানের আড়ালে। সূর্য কেনো ওঠে না এ প্রশ্ন আগামী প্রজন্ম তাদের পরের প্রজন্মের জন্য রেখে যাবে।
এই শহরে এখন সম্ভাব্য প্রশ্নের ভিড়!
---

©somewhere in net ltd.