| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
বিশাল গেটের ওপাশে ঝুম বৃষ্টিতে ভিজতে থাকা পলিথিনটা জবুথবু হয়ে নাক টানছে। তার সর্দি লাগতে পারে বলে বৃষ্টির জলে ভেসে খানিকটা দূরে সরে গেছে কলার খোসাটা। একটু আগেও সে গোটানো ছিল, কিন্তু পানি পেয়ে মরা ব্যাঙের মত চার হাত পা ছড়িয়ে দিয়েছে আকাশের দিকে।
জানলার গ্রিলে আটকে যাচ্ছে সুমধুর রবীন্দ্র সঙ্গীত, টুপ টুপ ফোঁটায় চুঁয়ে যাচ্ছে মানিপ্ল্যান্টের পাতা!
হে ঈশ্বর, একে কী জীবন বলে?
জানলার সার্শিতে ঠক ঠক করে নেচে যাচ্ছে উন্মাদ বাতাস, এই শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে সাদা কাফন, বৃষ্টির পানিতে শেষ গোসল করে নিচ্ছে হতাশ লোকগুলো। আর কিছু লোক সেই কাফনকে ভোকাট্টা ঘুড়ি ভেবে দৌড়ুচ্ছে!
হে ঈশ্বর, একে কী বেঁচে থাকা বলে?
সেলফিতে সেলফিতে ভরে গেছে টাইমলাইন, চুমুর শব্দে ভরে গেছে ঘর, কাপড় ছেঁড়ার শব্দে মাথা ঘুরে যায় বৈদ্যুতিক পাখার। শুধু আমার রান্নাঘরের খালি হাঁড়িটার শব্দ ঢাকা গেছে রাত ভাঙা পাখির আর্তনাদে?
হে ঈশ্বর, চোখ যদি দিয়েছ তবে স্বপ্ন দিলে কেন?
তুমি একদিন মানুষ হয়ে বেঁচে দেখো!
দেখো, এ বাঁচাটা কত মানিয়ে নেওয়া বিষাদের!
©কাঙাল
©somewhere in net ltd.