নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসুস্থ শহরের নাগরিক মন, তাই পালিয়ে বেড়ানোর আয়োজন...

কাঙাল মিঠুন

ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...

কাঙাল মিঠুন › বিস্তারিত পোস্টঃ

এবং অসমাপ্ত ইদানীং-৪৪

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৪


ঘুরে ফিরে দেখি আমরা এক অদ্ভুত সিদ্ধান্তহীনতায় ভোগা অস্তিত্ব। নিজেদের জীবনের বড় সিদ্ধান্তগুলোর ১২ আনাই আরেকজনের পরশ পেয়ে বেড়ে ওঠা! আরেকজনের সিদ্ধান্ত নিতে নিতে একসময় ভুলে যাই আমাদেরও কিছু ভাববার ছিল, অন্তত একটা মস্তিষ্কের ভেতর খুব কম হলেও কয়েকটা নিউরন ছিল যারা আমাদের স্বাধীন চিন্তায় সহযোগিতা করতো। কিংবা সেই স্নায়ুকোষগুলো স্বাধীন চিন্তার কিছুটা হলেও প্রভাবিত করতে পারতো।
জন্মের পর প্রথম কান্না কিংবা চিৎকার, সেইই বোধ হয় আমাদের শেষ স্বাধীন বোধ প্রকাশের প্রমাণ। এরপর যা ঘটে তা আসলে মেনে নেওয়া, মনে নয়। অথচ এই "মেনে" আর "মনে" নেওয়ার শুধু একটা "এ" কারের পার্থক্য বয়ে যেতে হয় সারাজীবন। তাই জীবনের বেশিরভাগ সময়ে আমরা আর আমাদের সিদ্ধান্তগুলো নিতে পারি না। তখন ভাগাভাগি করি অন্যদের সাথে। অথচ আমার সিদ্ধান্তই আমার জন্য ভাল, পারিপার্শ্বিক লোকেরা আর কীইবা জানে, এইটি ভুলে যাই। তাই দোকানে গিয়ে দই খাব না কফি, বার্গার না স্যান্ডুইচ ; সেইটা ভাবতেও আরেকজনকে বলি "তুমি যা অর্ডার করো! "
হায়রে সিদ্ধান্তহীনতা! বাবা তার জীবনে হয়তো অর্থাভাব কিংবা পারিবারিক কোনো কারণে ইঞ্জিনিয়ার হতে পারেনি, কিংবা মা তার জীবনে কোনো কারণে ডাক্তার হতে পারেনি আর জন্মের পরপরই চলতে থাকে সম্মোহিত করা। ভাই কিংবা বোন বিদেশে ডিগ্রি আনতে পারেনি তাই এটাই শেষ সম্বল।
কিন্তু যে অস্তিত্বটাকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তার সিদ্ধান্ত কী কেউ জিজ্ঞেস করেছে? সে হয়তো নচিকেতার মত বলতে পারে না "আমি কোনো বাউল হব এটাই আমার এম্বিশান... আমি ভবঘুরেই হব এটাই আমার এম্বিশান "
আর সেই অদ্ভুত সিদ্ধান্তহীন অস্তিত্বগুলো বড় হয়ে এক একটা হিপোক্রেট হয়ে যায়। ক্লাসমেটকে ভালো লাগে, কথাটা বলতে না পারার সিদ্ধান্তহীনতা মধ্যবয়সেও এসে বুক পোড়ায়। তাই সবার পছন্দে বিয়ে করা মানুষটিকে শরীরের প্রয়োজনে শুধু অন্ধকার ঘরেই পরিচিত মনে হয়, আর আলো জ্বালালে সুদূর দ্বীপের অচেনা কেউ। যার ভালোবাসা তো দূরে থাক, কোনো ভাষাই বোঝেনা কেউ! পছন্দের অ্যাকাউন্টিং-জাবেদা ছেড়ে এসে কম্পিউটারের গৎবাঁধা ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে ভেসে আসে করুণ এস্রাজ।
ঠিক কতটুকু সিদ্ধান্তহীনতায় ভুগলে মানুষ মেনে নেয়, মনে নেয় না- সেটা আমার জানা নেই আজও!
তাই সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষদের গল্প লিখতে গিয়ে একদিন হয়তো নিজেই সিদ্ধান্তহীন হয়ে যাব!
©কাঙাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.